18.8 C
London
September 9, 2026
TV3 BANGLA
ফিচার

আগামী এক দশকেই এআই নিশ্চিহ্ন করতে পারে পুরো মানবজাতিঃ গবেষকের ভয়াবহ সতর্কবার্তা

আগামী এক দশকের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের কারণে পুরো মানবজাতি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছেন এআই নিরাপত্তা নিয়ে কাজ করা অ্যানথ্রপিকের শীর্ষ গবেষক ইভান হুবিঙ্গার। তার মতে, এ ধরনের বিপর্যয়ের সম্ভাবনা ১০ শতাংশের বেশি হতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হুবিঙ্গার বলেন, বর্তমানে বিদ্যমান এআই মডেলগুলোর কারণে ঝুঁকি তুলনামূলকভাবে কম। তবে প্রযুক্তিটি অত্যন্ত দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। শিগগিরই এমন পর্যায়ে পৌঁছাতে পারে, যখন এআই নিজেই নিজেকে উন্নত করার সক্ষমতা অর্জন করবে। আর সেই পর্যায়েই মানবজাতির অস্তিত্বের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে।

ভবিষ্যতে ঠিক কীভাবে এআইয়ের কারণে মানবজাতি নিশ্চিহ্ন হয়ে যেতে পারে, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি হুবিঙ্গার। তবে তার মন্তব্য এআইয়ের সম্ভাব্য ঝুঁকি নিয়ে সাম্প্রতিক সময়ে জোরালো হয়ে ওঠা সতর্কবার্তাগুলোর মধ্যে সর্বশেষ সংযোজন।

এআই আদৌ ঝুঁকিপূর্ণ কি না—এ নিয়ে বিতর্কের পাশাপাশি এখন আলোচনার বড় অংশ হয়ে উঠেছে সম্ভাব্য ঝুঁকির মাত্রা কতটা হতে পারে। এআইয়ের সক্ষমতা দ্রুত বাড়তে থাকায় এর নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিয়ে প্রযুক্তি খাতের ভেতরেও উদ্বেগ বাড়ছে।

অ্যানথ্রপিকের সাবেক গবেষক জ্যাকব কক্সনের একটি পোস্টের জবাবে হুবিঙ্গার তার এই মন্তব্য করেন। কক্সন সম্প্রতি অ্যানথ্রপিক ছেড়েছেন। এর আগে তিনি ওপেনএআইয়েও কাজ করেছেন।

কক্সন তার পোস্টে বলেন, কোনো প্রতিষ্ঠানই দায়িত্বশীল আচরণ করছে না। তার আশঙ্কা, খুব শিগগিরই এআই সিস্টেমগুলো এমন অতিমানবীয় সক্ষমতা অর্জন করতে পারে, যার মাধ্যমে তারা যেকোনো কিছু হ্যাক করতে, রাতারাতি বিভিন্ন ক্ষেত্রকে আমূল পরিবর্তন করতে এবং বাস্তব ক্ষমতা ও সম্পদ অর্জন করতে সক্ষম হবে।

জাতিসংঘকে এআই বিষয়ে পরামর্শ দেওয়া কম্পিউটার বিজ্ঞানী ডেম ওয়েন্ডি হল হুবিঙ্গার ও কক্সনের মন্তব্যে বিস্ময় প্রকাশ করেছেন। বিবিসি রেডিও ফোরের ‘ওয়ার্ল্ড অ্যাট ওয়ান’ অনুষ্ঠানে তিনি বলেন, তাদের মন্তব্যের কিছু অংশ জনসংযোগ ও বিপণন কৌশলের অংশও হতে পারে।

ওয়েন্ডি হলের মতে, অ্যানথ্রপিক ও ওপেনএআই—দুটি প্রতিষ্ঠানই বহুল প্রত্যাশিত শেয়ারবাজারে প্রবেশের দিকে এগিয়ে যাচ্ছে। ফলে এআইয়ের সম্ভাব্য সক্ষমতা ও ঝুঁকি নিয়ে প্রকাশ্যে দেওয়া বক্তব্যের পেছনে ব্যবসায়িক ও জনসংযোগের বিষয়ও থাকতে পারে বলে তিনি ইঙ্গিত দেন।

এদিকে ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, অ্যানথ্রপিক তাদের সর্বশেষ এআই মডেলটি যুক্তরাজ্যের এআই সেফটি ইনস্টিটিউটের কাছে দেয়নি। এআই সেফটি ইনস্টিটিউট বিশ্বের অন্যতম শীর্ষ এআই ঝুঁকি মূল্যায়নকারী সংস্থা হিসেবে পরিচিত।

অ্যানথ্রপিকের কর্মীরা হুবিঙ্গার ও কক্সনের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া মন্তব্য এবং এআই সেফটি ইনস্টিটিউটকে সর্বশেষ মডেল না দেওয়ার বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

এআই প্রযুক্তির দ্রুত অগ্রগতি, নিজস্ব সক্ষমতা উন্নত করার সম্ভাবনা এবং এর সম্ভাব্য নিয়ন্ত্রণহীন ঝুঁকি নিয়ে প্রযুক্তি খাতের গবেষকদের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছে, ইভান হুবিঙ্গারের সতর্কবার্তা সেই বিতর্ককে আরও সামনে নিয়ে এসেছে।

সূত্রঃ বিবিসি \ ফাইন্যান্সিয়াল টাইমস

এম.কে

আরো পড়ুন

ইউরোপের চার দেশে যাবে রাজশাহীর আম

আসছে টিকটকের নতুন মিউজিক স্ট্রিমিং অ্যাপ

বাংলাদেশিদের জন্য দরজা খুলেছে যেসব দেশ