7.6 C
London
February 5, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

আগে হোটেল বুকিং না থাকলে ওমরাহ ভিসা নয়

ওমরাহর এবারের মৌসুম থেকে নতুন নিয়ম চালু করেছে সৌদি সরকার। ওমরাহ করতে ইচ্ছুক বিদেশিরা ‘নুসুক মাসার’ অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে আগে থেকে হোটেল বুকিংয়ের নথি না দেখালে ভিসা দেবে না সৌদি সরকার।

দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় ওমরাহর এবারের মৌসুম থেকে এ শর্ত আরোপ করেছে বলে গালফ নিউজ জানিয়েছে।

গত ১০ জুন থেকে এই নিয়ম কার্যকর হয়েছে। ফলে ওমরাহ সেবাদানকারী প্রতিষ্ঠান বা এজেন্টগুলোকে যাত্রীদের জন্য আগে সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয়ের নিবন্ধিত হোটেলগুলোতে বুকিং বা থাকার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ভিসার আগে হোটেল বুকিং সংক্রান্ত সব চুক্তি ‘নুসুক মাসার’ প্ল্যাটফর্মে সারতে হবে।

পর্যটন মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সেবার পেশাদারিত্ব বৃদ্ধি, দর্শনার্থী ও ওমরাহ যাত্রীদের অভিজ্ঞতার উন্নয়ন ও নিবন্ধিত হোটেল বা আবাসনের সুযোগ সুবিধা নিশ্চিতে নতুন এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফলে ওমরাহ যাত্রীদের থাকার জায়গা নিয়ে অনিশ্চয়তা দূর হওয়ার পাশাপাশি প্রতারণা ঠেকানো যাবে। ওমরাহ যাত্রী ও তাদের থাকার জায়গা নজরদারিতে রাখতেও এটি কাজে আসবে। সেবাদানকারী এজেন্সিগুলোকে দ্রুত ওমরাহ যাত্রীর হোটেল বুকিং সংক্রান্ত নথি সরবরাহ করতে বলা হয়েছে।

গালফ নিউজ লিখেছে, গত সপ্তাহ থেকে ওমরাহ মৌসুম বা ওমরাহর জন্য কারিগরি সব কার্যক্রম শুরু হয়েছে। ওমরাহর কার্যক্রম আরও গোছালো ও ভোগান্তি ছাড়া নিরাপদে সম্পন্ন করতে আগে হোটেল বুকিংয়ের পদক্ষেপ নিয়েছে সৌদি সরকার।

নুসুক হল সৌদি আরবের সরকারি ডিজিটাল প্ল্যাটফর্ম, যার মাধ্যমে হজযাত্রীদের নিবন্ধন ও হোটেল বুকিং থেকে শুরু করে বিভিন্ন সেবা দেওয়া হয়।

সূত্রঃ গালফ নিউজ

এম.কে
১৫ জুন ২০২৫

আরো পড়ুন

প্রেসিডেন্ট পদে যোগ্য নন ট্রাম্প, ১১১ সাবেক রিপাবলিকান এমপির চিঠি

আসছে রাশিয়ার নির্বাচন, পুতিনের প্রতিদ্বন্দ্বীকে কারাগার হতে গুম

ইসলাম গ্রহণ করলেন জনপ্রিয় আমেরিকান টিকটকার