3.6 C
London
February 17, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের শপথ

গণঅভ্যুত্থানে শেখ হাসিনা-এর নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় ১৮ মাস পর গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় জাতীয় সংসদ নির্বাচন। এতে নিরঙ্কুশ জয় পায় তারেক রহমান-এর নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান ও তার মন্ত্রিসভার সদস্যরা। তার শপথগ্রহণের খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স তাদের শিরোনামে লিখেছে, ‘নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান’।
প্রতিবেদনটিতে এ ঘটনাকে দক্ষিণ এশিয়ার জন্য একটি নির্ণায়ক রাজনৈতিক পরিবর্তনের চিহ্ন হিসেবে উল্লেখ করা হয়েছে।

এপি শিরোনাম করেছে, ‘নির্বাচনে তার দলের নিরঙ্কুশ জয়ের পর শপথ গ্রহণ করেছেন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী’।

এপি লিখেছে, পাঁচ বছরের জন্য দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী তারেক রহমান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর পুত্র।

তারা উল্লেখ করেছে, গত ৩৫ বছরের মধ্যে তিনি বাংলাদেশের প্রথম পুরুষ প্রধানমন্ত্রী। ১৯৯১ সালে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পর থেকে তার মা অথবা তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন।

জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়েচে ভেলে শিরোনাম করেছে, ‘নিরঙ্কুশ জয়ের পর শপথ নিলেন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী’। তারা বিএনপির বিজয়কে ‘সহজ জয়’ বলে উল্লেখ করেছে।

কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা শিরোনাম করেছে, ‘বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান’।

পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডন লিখেছে, ‘বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী, রাজনৈতিক উত্তরাধিকারী তারেক রহমান’।

তাদের প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন ধরে মা-বাবার রাজনৈতিক প্রভাবের আড়ালে থাকা এবং দেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক পরিবারের উত্তরাধিকারী হিসেবে পরিচিত তারেক রহমান অবশেষে সরাসরি রাজনৈতিক অঙ্গনে সামনে এলেন।

ভারতের প্রভাবশালী দৈনিক দ্যা হিন্দু শিরোনাম করেছে, ‘বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান’।

আর এনডিটিভি লিখেছে, ‘বিএনপির ভূমিধস জয়ের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান’। এনডিটিভি এটিকে বাংলাদেশের রাজনীতিতে ‘এক নতুন যুগের সূচনা’ হিসেবে আখ্যা দিয়েছে।

সূত্রঃ রয়টার্স \ এপি \ দ্য হিন্দু \ ডন

এম.কে

আরো পড়ুন

জামায়াত নেতার টাকা বহন ইস্যুতে ‘আমাকে মিসকোট করা হয়েছে’: ইসি সচিব

বেনজীর-নাফিসার প্রতিষ্ঠান থেকে বডিওর্ন ক্যামেরা ক্রয়

নোবেলসহ ৯ ধরনের পুরস্কারের আয়ে দিতে হবে না কর