TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

আফ্রিকা নয়, যুক্তরাজ্যেই ‘ওয়াইল্ড লাক্সারি’—সাফারি লজে রাতযাপনের সুযোগ

যুক্তরাজ্যের ওয়েস্ট মিডল্যান্ডস সাফারি পার্ক এখন দর্শনার্থীদের জন্য এমন এক অনন্য অভিজ্ঞতা দিচ্ছে, যেখানে আফ্রিকায় না গিয়েও সিংহ, হাতি, বাঘ, জিরাফসহ নানা বন্যপ্রাণীর একদম কাছাকাছি রাত কাটানো সম্ভব হচ্ছে। বার্মিংহাম থেকে মাত্র প্রায় ৪৫ মিনিট দূরত্বে অবস্থিত এই পার্কের ‘সাফারি লজ’ ব্যবস্থা ইতোমধ্যেই ইউরোপে ব্যতিক্রমী পর্যটন আকর্ষণ হিসেবে পরিচিতি পেয়েছে।

২০২১ সালে প্রথম ধাপে হাতি ও চিতাবাঘের আবাসস্থলের সামনে আটটি লজ চালু করা হয়।

পরবর্তীতে এই প্রকল্প সম্প্রসারিত হয়ে এখন এতে যুক্ত হয়েছে সিংহ, বাঘ, জিরাফ, গণ্ডার, জলহস্তী, লাল পান্ডা এবং বিরল সাদা সিংহীসহ বিভিন্ন প্রাণীর জন্য আলাদা আলাদা বিলাসবহুল লজ। এসব লজে অতিথিরা কাচঘেরা বড় জানালা দিয়ে প্রাণীদের প্রাকৃতিক আচরণ খুব কাছ থেকে পর্যবেক্ষণ করতে পারেন।

লজগুলোর ভেতরে আধুনিক হোটেল-মানের সব সুবিধা রাখা হয়েছে। লায়ন লজে সর্বোচ্চ ছয়জন থাকার ব্যবস্থা রয়েছে, যেখানে ফ্লোর-টু-সিলিং উইন্ডোর মাধ্যমে পুরো এনক্লোজার দেখা যায়। টাইগার লজে রয়েছে ব্যক্তিগত হট টাব ও প্রাইভেট বারান্দা, আর এলিফ্যান্ট লজে রয়েছে প্রশস্ত ব্যালকনি ও আউটডোর সিটিং এরিয়া।

প্রতিটি প্যাকেজে সকালের নাস্তা ও রাতের খাবার, ফ্রি ওয়াই-ফাই, ২৪ ঘণ্টা ব্যক্তিগত সহায়তা ও তথ্য-সেবা এবং পার্কের অন্যান্য আকর্ষণ যেমন অ্যাডভেঞ্চার থিম পার্ক, আফ্রিকান ওয়াকিং ট্রেইল ও টাইগার ট্রপিক্সে দুই দিনের প্রবেশ অন্তর্ভুক্ত রয়েছে।

এই অভিজ্ঞতার মূল্য শুরু হয় প্রতি রাত ৪৪৯ পাউন্ড থেকে, যা দুইজন অতিথির জন্য নির্ধারিত। তবে লজের ধরন ও মৌসুম অনুযায়ী দাম পরিবর্তিত হয়।

পর্যটন বিশেষজ্ঞদের মতে, আফ্রিকান সাফারির উচ্চ ব্যয় ও দীর্ঘ ভ্রমণের বিকল্প হিসেবে এই ধরনের স্থানীয় ‘ওয়াইল্ড লাক্সারি’ অভিজ্ঞতা যুক্তরাজ্যের ভেতরে নতুন ট্রেন্ড তৈরি করছে। তুলনামূলকভাবে কম খরচে এবং কম সময়ে বন্যপ্রাণী কাছ থেকে দেখার সুযোগ থাকায় এটি পরিবার ও পর্যটকদের মধ্যে দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে।

সূত্রঃ সিক্রেট বার্মিংহাম ডটকম

এম.কে

আরো পড়ুন

যুক্তরাজ্যে জন লুইসের হাজার হাজার কর্মী ছাটাইয়ের ঘোষণা

অভিবাসীদের জন্য স্বাস্থ্য কর বাড়ালো যুক্তরাজ্য

যুক্তরাজ্যের রেড লিস্টে যুক্ত হলো ভারত

অনলাইন ডেস্ক