গালফ অঞ্চলে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) কনস্যুলার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তাজনিত সতর্কতার অংশ হিসেবে আবুধাবিতে অবস্থিত মার্কিন দূতাবাস এবং দুবাইয়ে অবস্থিত মার্কিন কনস্যুলেট জেনারেল ১৩ থেকে ১৫ জুলাই পর্যন্ত নির্ধারিত সব কনস্যুলার অ্যাপয়েন্টমেন্ট বাতিল করেছে।
দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব আবেদনকারীর এই সময়ের মধ্যে ভিসা বা অন্যান্য কনস্যুলার সেবার জন্য অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত ছিল, তাদের দূতাবাস বা কনস্যুলেটে উপস্থিত না হওয়ার অনুরোধ জানানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে সংশ্লিষ্ট আবেদনকারীদের সঙ্গে দূতাবাস নিজ থেকেই যোগাযোগ করে নতুন অ্যাপয়েন্টমেন্টের তারিখ জানিয়ে দেওয়া হবে।
এ সময় রুটিন ভিসা সেবাসহ অন্যান্য নিয়মিত কনস্যুলার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে জরুরি প্রয়োজনে মার্কিন নাগরিকদের জন্য সীমিত পরিসরে কনস্যুলার সহায়তা চালু রাখা হয়েছে।
মার্কিন দূতাবাস আরও জানিয়েছে, জরুরি পাসপোর্ট, নাগরিক সহায়তা বা অন্যান্য প্রয়োজনীয় কনস্যুলার সেবার জন্য যুক্তরাষ্ট্রের নাগরিকরা U.S. Citizen Services Navigator-এর মাধ্যমে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে ইমেইলে কনস্যুলার টিমের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
এ সিদ্ধান্ত এমন এক সময়ে নেওয়া হলো, যখন গালফ অঞ্চলে চলমান নিরাপত্তা পরিস্থিতি ও সামরিক উত্তেজনা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। যদিও মার্কিন কর্তৃপক্ষ সেবা স্থগিতের পেছনে নির্দিষ্ট কোনো নিরাপত্তা ঘটনার কথা উল্লেখ করেনি, তবে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের ফলে ভিসা আবেদনকারী ও অন্যান্য কনস্যুলার সেবা প্রত্যাশীদের সাময়িক ভোগান্তির মুখে পড়তে হলেও নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সূত্রঃ স্যোশাল মিডিয়া
এম.কে

