21.6 C
London
September 29, 2026
TV3 BANGLA
আমেরিকাবাংলাদেশ

আমেরিকায় গাড়ি চালানো শেখাতে গিয়ে চাপা পড়ে বাংলাদেশি বংশোদ্ভূত এক বাবার মৃত্যু

যুক্তরাষ্ট্রের মিশিগানে মেয়েকে গাড়ি চালানো শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় আব্দুর রহিম নামে এক বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ওয়ারেন শহরের ওয়ার্নার এভিনিউতে নিজ বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

পরিবার ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, বিকেল প্রায় ৫টার দিকে আব্দুর রহিম তার মেয়েকে গাড়ি চালানো শেখানোর প্রস্তুতি নিচ্ছিলেন। বাড়ির ড্রাইভওয়েতে গাড়ি ঘোরানোর সময় তিনি গাড়ির এক পাশে দাঁড়িয়ে মেয়েকে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছিলেন।

এ সময় গাড়িটি রিভার্স করার সময় ভুলবশত ব্রেকের পরিবর্তে অ্যাক্সেলেটরে চাপ পড়ে যায় বলে জানা গেছে। এতে গাড়িটি আকস্মিকভাবে সামনে এগিয়ে গিয়ে আব্দুর রহিমকে ধাক্কা দেয়। পরে তিনি গাড়ির নিচে চাপা পড়েন।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে গাড়ির নিচ থেকে উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাটি পরিবারের সদস্যদের মধ্যে গভীর শোকের সৃষ্টি করেছে। বিশেষ করে মেয়েকে গাড়ি চালানো শেখানোর সময়ই বাবার এমন মর্মান্তিক মৃত্যুতে তার পরিবার ও স্বজনরা শোকে ভেঙে পড়েছেন।

জানা গেছে, আব্দুর রহিম বেশ কয়েক বছর ধরে স্ত্রী ও সন্তানদের নিয়ে মিশিগানের ওয়ারেন শহরে বসবাস করছিলেন। তিনি ঢাকার ধানমন্ডি এলাকার বাসিন্দা ছিলেন। তার আদি নিবাস মানিকগঞ্জ জেলায়।

স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে আব্দুর রহিম অমায়িক ও সদালাপী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন বলে পরিবার ও পরিচিতজনেরা জানিয়েছেন। তার আকস্মিক মৃত্যুতে মিশিগানের বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। স্বজন, বন্ধু ও পরিচিতজনেরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

দুর্ঘটনার প্রকৃত কারণ এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয় খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে বলে জানা গেছে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এমকে

আরো পড়ুন

এবার ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার

বাংলাদেশের জন্য অনুদান ছাড় দিলো ট্রাম্প প্রশাসন

ড. ইউনুসের নেতৃত্বে শক্তিশালী দেশের তালিকায় বাংলাদেশ