TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ইংলিশ চ্যানেলে নতুন রেকর্ডঃ এক নৌযানে ২৩০ অভিবাসী, বাড়ছে প্রাণহানির আশঙ্কা

ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ছোট নৌযানে ব্রিটেনে অবৈধভাবে প্রবেশের ক্ষেত্রে নতুন রেকর্ড তৈরি হয়েছে। রাতের বেলায় একটি বিশাল নৌযানে করে ২৩০ জন অভিবাসী ব্রিটেনে পৌঁছেছেন। একক কোনো নৌযানে এত বিপুলসংখ্যক মানুষের চ্যানেল পাড়ি দেওয়ার ঘটনা এটিই সর্বোচ্চ বলে জানা গেছে।

এর মাত্র ১৭ দিন আগে একটি নৌযানে ১৬৫ জন অভিবাসী পারাপারের রেকর্ড হয়েছিল। এবার সেই রেকর্ডও ছাড়িয়ে গেছে। ২৩০ জনের এই সংখ্যা একটি সাধারণ বোয়িং ৭৩৭ যাত্রীবাহী বিমানের ধারণক্ষমতার চেয়েও বেশি।

মানব পাচারকারীরা প্রত্যেক ব্যক্তির কাছ থেকে প্রায় ২ হাজার পাউন্ড করে নেয় বলে ধারণা করা হচ্ছে। সেই হিসাবে একটি নৌযান থেকেই পাচারকারীদের আয় হতে পারে প্রায় ৪ লাখ ৬০ হাজার পাউন্ড। এ ঘটনায় চ্যানেল পাড়ি দেওয়ার পেছনে সক্রিয় অপরাধী চক্রগুলোর আর্থিক লাভ এবং তাদের কার্যক্রমের বিস্তার নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

কর্মকর্তারা বলছেন, মানব পাচারকারী চক্রগুলো আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি ও নৌযান জব্দের মতো পদক্ষেপ এড়াতে কৌশল পরিবর্তন করছে। ছোট নৌযান ব্যবহারের পরিবর্তে তারা এখন আরও বড় ও অধিকসংখ্যক মানুষ বহনে সক্ষম নৌযান ব্যবহার করছে।

কোনো কোনো নতুন নৌযানের দৈর্ঘ্য প্রায় ৪২ ফুট পর্যন্ত হতে পারে, যা একটি দুইতলা বাসের চেয়েও লম্বা। বিপুলসংখ্যক মানুষকে এ ধরনের নৌযানে গাদাগাদি করে সমুদ্রে পাঠানোয় বড় ধরনের দুর্ঘটনা ও ব্যাপক প্রাণহানির আশঙ্কা তৈরি হয়েছে।

গত সপ্তাহে ১৭৩ জনকে বহনকারী একটি বিশাল নৌযানের ইঞ্জিনে আগুন ধরে যাওয়ার পর বড় ধরনের উদ্ধার অভিযান চালাতে হয়েছিল। কর্মকর্তাদের মতে, কয়েক বছরের মধ্যে ওই ঘটনাটি ইংলিশ চ্যানেলে ব্যাপক প্রাণহানির সবচেয়ে কাছাকাছি পরিস্থিতিগুলোর একটি ছিল।

এদিকে রোববার ফ্রান্সের উপকূলে অভিবাসীদের একটি নৌযানে ওঠার দৃশ্যও উদ্বেগ বাড়িয়েছে। বুলোনের দক্ষিণে কামিয়ের সৈকতের কাছে ঢেউয়ের মধ্যে কয়েক ডজন মানুষ নৌযানে ওঠেন। তাদের মধ্যে নারী ও শিশু ছাড়াও মাত্র কয়েক মাস বয়সী একটি শিশুও ছিল বলে জানা গেছে।

কর্মকর্তাদের মতে, ফ্রান্সের উপকূলে নজরদারি ও আইন প্রয়োগের মাত্রা বাড়ার পর মানব পাচারকারীরা এখন আরও বিস্তৃত এলাকা থেকে একই সময়ে একাধিক নৌযান সমুদ্রে নামানোর কৌশল নিচ্ছে। ফ্রান্স ও বেলজিয়ামের উপকূলের বিভিন্ন স্থান ব্যবহার করে তারা আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি এড়ানোর চেষ্টা করছে।

তবে ব্রিটিশ সরকারের দাবি, চলতি বছরে ছোট নৌযানে ব্রিটেনে পৌঁছানো অভিবাসীর সংখ্যা গত বছরের তুলনায় ৪৩ শতাংশ কমেছে। জুলাই মাসে ছোট নৌযানে আগমনের সংখ্যা ২০২০ সালের পর সবচেয়ে কম ছিল বলেও স্বরাষ্ট্র দপ্তর জানিয়েছে।

সরকারের দাবি, সংখ্যা কমলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আত্মতুষ্ট হওয়ার সুযোগ নেই। মানব পাচারকারী চক্রগুলো তাদের কৌশল পরিবর্তন করায় ঝুঁকি মোকাবিলায় আরও পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

সপ্তাহান্তে সব মিলিয়ে ৯০০ জনেরও বেশি অভিবাসী ব্রিটেনে পৌঁছেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সর্বশেষ ঘটনাটি এমন সময়ে ঘটেছে, যখন লেবার সরকার মানব পাচারকারী চক্রের বিরুদ্ধে অভিযান জোরদার করার পাশাপাশি ফ্রান্সের সঙ্গে সহযোগিতা বাড়ানোর চেষ্টা করছে।

স্বরাষ্ট্র মন্ত্রী শাবানা মাহমুদ গত এপ্রিল মাসে ফ্রান্সের সঙ্গে নতুন নিরাপত্তা চুক্তি করেন। তিন বছরের এই চুক্তির আওতায় ব্রিটিশ সরকারের পক্ষ থেকে প্রায় ৬৬ কোটি ২০ লাখ পাউন্ড অর্থ দেওয়ার কথা রয়েছে। এর বিনিময়ে ফ্রান্সের উপকূলে নজরদারি ও আইন প্রয়োগ আরও জোরদার করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

সরকারের নতুন পরিকল্পনার অংশ হিসেবে ফ্রান্সের সৈকতে আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যের সংখ্যা ৪০ শতাংশ বাড়ানোর কথা বলা হয়েছে। সরকারের ভাষ্য, মানব পাচারকারীদের নৌযান নামানোর আগেই তাদের কার্যক্রম ব্যাহত করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

তবে সর্বশেষ ২৩০ জনের একসঙ্গে ব্রিটেনে পৌঁছানোর ঘটনা সরকারের ‘পাচারকারী চক্র দমন’ নীতির কার্যকারিতা নিয়ে রাজনৈতিক বিতর্ক নতুন করে উসকে দিয়েছে। রিফর্ম ইউকে নেতা নাইজেল ফারাজ ঘটনাটিকে জাতীয় নিরাপত্তার জন্য জরুরি পরিস্থিতির প্রমাণ হিসেবে উল্লেখ করেছেন।

অন্যদিকে স্বরাষ্ট্র দপ্তর বলছে, সর্বশেষ ঘটনাটি মানব পাচারকারী চক্রগুলোর বেপরোয়া ও বিপজ্জনক কর্মকাণ্ডেরই প্রমাণ। অতিরিক্তসংখ্যক মানুষকে অনুপযুক্ত নৌযানে তুলে সমুদ্র পাড়ি দেওয়ায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

সরকারের মতে, ছোট নৌযানে পারাপারের সামগ্রিক সংখ্যা কমে এলেও মানব পাচারকারীদের নতুন কৌশল মোকাবিলা করা এখন অন্যতম বড় চ্যালেঞ্জ। বিশেষ করে একসঙ্গে শত শত মানুষ বহনকারী নৌযানের ব্যবহার বাড়তে থাকলে একটি দুর্ঘটনাই বড় ধরনের প্রাণহানিতে পরিণত হতে পারে।

সূত্রঃ ডেইলি এক্সপ্রেস

এম.কে

আরো পড়ুন

যে কারণে যুক্তরাজ্যে কেউ আর ট্রাক চালাতে চান না

যুক্তরাজ্যে ভোটারদের বিভ্রান্ত করছে নির্বাচনী লিফলেটঃ ‘ভুয়া’ তথ্য নিয়ে তীব্র সমালোচনা

যুক্তরাজ্যে কর্মবিরতিতে যাচ্ছে জুনিয়র ডাক্তারেরা