TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ইইউ থেকে বেরিয়ে লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছেঃ স্বীকারোক্তি অ্যান্ডি বার্নহামের

ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ত্যাগ বা ব্রেক্সিট কার্যকর হওয়ার পর দেশটির অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যে প্রত্যাশিত সুফল আসেনি বলে মন্তব্য করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। তার ভাষায়, ব্রেক্সিটের মাধ্যমে ব্রিটেন যা অর্জন করেছে, তার চেয়ে হারিয়েছে বেশি। এ পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে নতুন একটি চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নিচ্ছে তার সরকার।

সোমবার (১৬ নভেম্বর) লন্ডনের সিটি এলাকায় লর্ড মেয়রের বার্ষিক ভোজসভায় দেওয়া বক্তব্যে বার্নহাম ব্রেক্সিটের ফলাফল নিয়ে সরকারের অবস্থান তুলে ধরবেন। তিনি বলবেন, সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের ‘নিয়ন্ত্রণ ফিরিয়ে আনার’ প্রতিশ্রুতি বাস্তবে পূরণ হয়নি। বরং ব্রিটেন এমন একটি কঠোর ব্রেক্সিটের মধ্যে পড়েছে, যা ব্যবসা-বাণিজ্যে অপ্রয়োজনীয় বাধা সৃষ্টি করেছে এবং দেশের অর্থনৈতিক সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করেছে।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, চলতি সপ্তাহে ইউরোপীয় নেতাদের সঙ্গে একটি শীর্ষ সম্মেলনে অংশ নেবেন বার্নহাম। সেখানে খাদ্য ও কৃষি, কার্বন নিঃসরণ বাণিজ্য এবং তরুণদের পারস্পরিক যাতায়াতের সুযোগসহ কয়েকটি বিষয়ে নতুন সমঝোতা করার চেষ্টা করবেন তিনি। সরকারের হিসাব অনুযায়ী, এসব চুক্তির মাধ্যমে ব্রিটেনের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ০.৪ শতাংশ বাড়তে পারে। এর আর্থিক মূল্য প্রায় ১৭ বিলিয়ন পাউন্ড।

নতুন চুক্তির বিষয়ে বার্নহাম তিনটি শর্তের কথা জানাবেন। প্রথমত, চুক্তিটি লেবার পার্টির নির্বাচনী ইশতেহার এবং সরকারের নির্ধারিত নীতিগত সীমার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। দ্বিতীয়ত, এটি বর্তমান ব্রেক্সিট চুক্তির উন্নতি ঘটাবে এবং ২০১৬ সালের গণভোটে মানুষ যে ধরনের পরিবর্তনের প্রত্যাশা করেছিল, তার কাছাকাছি নিয়ে যাবে। তৃতীয়ত, চুক্তির সুফল সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে বাস্তব পরিবর্তন আনতে হবে। এই শেষ শর্তকে তিনি ‘মেকারফিল্ড পরীক্ষা’ হিসেবে উল্লেখ করবেন।

বার্নহামের বক্তব্যে ব্রেক্সিট-পরবর্তী সম্পর্কের ক্ষেত্রে নতুন দৃষ্টিভঙ্গির কথাও উঠে আসবে। তিনি বলবেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বিরোধ বাড়ানো কিংবা সম্পর্কের সেতু পুড়িয়ে ফেলার পরিবর্তে গঠনমূলক সহযোগিতার পথে এগোতে চায় ব্রিটেন। তার মতে, অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় দুই পক্ষের একসঙ্গে কাজ করা প্রয়োজন।

তবে নতুন সমঝোতায় ব্রিটেনের অংশগ্রহণের সীমাবদ্ধতাও রয়েছে। ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কবিষয়ক মন্ত্রী হ্যামিশ ফ্যালকনার বিবিসিকে জানিয়েছেন, নতুন চুক্তির আওতায় ইইউর খাদ্যনীতি নির্ধারণের আলোচনায় ব্রিটেনের প্রতিনিধিরা অংশ নেওয়ার সুযোগ পেতে পারেন। তবে তাদের ভোটাধিকার থাকবে না।

তিনি আরও জানিয়েছেন, ভবিষ্যতে ব্রিটেনের কোনো সরকার নতুন চুক্তি থেকে সরে যেতে চাইলে তা কার্যকর করার জন্য একটি ‘এক্সিট ক্লজ’ বা চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ধারা রাখা হতে পারে। কারণ, ভবিষ্যতে রিফর্ম পার্টি বা কনজারভেটিভ পার্টির সরকার ক্ষমতায় এসে চুক্তি বাতিল করতে পারে—এমন আশঙ্কা রয়েছে ইউরোপীয় ইউনিয়নের।

বিবিসির তথ্য অনুযায়ী, ব্রেক্সিটের পর সীমান্তে খাদ্যপণ্যের নিরাপত্তা পরীক্ষা পরিচালনার জন্য ইউরোপীয় ইউনিয়নকে নতুন অবকাঠামো তৈরি করতে হয়েছে। ভবিষ্যতে ব্রিটেন চুক্তি থেকে বেরিয়ে গেলে এসব অবকাঠামো আবার নতুন করে তৈরি করার ব্যয় নিয়ে ইইউ উদ্বিগ্ন।

এদিকে সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন বার্নহামের উদ্যোগের সমালোচনা করেছেন। টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ব্রেক্সিট নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক উসকে দেওয়া ভুল সিদ্ধান্ত। তার দাবি, ব্রিটিশ জনগণকে আবার গণভোটের সুযোগ দেওয়া হলেও তারা ব্রেক্সিটের পক্ষেই ভোট দেবেন। এই ইস্যুকে রাজনৈতিক অগ্রাধিকার বানালে বার্নহাম ও তার দলকে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, ২০১৬ সালের গণভোটে ব্রিটিশ জনগণ ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের পক্ষে রায় দেয়। ২০২০ সালের ৩১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ইইউ ত্যাগ করে ব্রিটেন। এরপর বাণিজ্য, সীমান্ত নিয়ন্ত্রণ, অভিবাসন ও অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন বাস্তবতার মুখোমুখি হয় দেশটি। বর্তমান সরকারের উদ্যোগে সেই সম্পর্কের কিছু অংশ পুনর্গঠনের আলোচনা আবারও সামনে এসেছে।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এমকে

আরো পড়ুন

যুক্তরাজ্যের এক সাংসদের দুইবার শপথবাক্য পাঠ

বিলেতের প্রপার্টি মার্কেটের অস্থিরতা

লেবার এমপিদের বিদ্রোহে চাপে বার্নহ্যাম সরকারঃ আইএলআর নিয়মে আসতে পারে পরিবর্তন