TV3 BANGLA
আন্তর্জাতিক

ইরানের ফাত্তাহ-২ ক্ষেপণাস্ত্র ঠেকানো অসম্ভবঃ ইসরায়েলের প্রতিরক্ষা নিয়ে নতুন উদ্বেগ

ইরানের অত্যাধুনিক ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের গতিপথ ও আঘাত হানার সক্ষমতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ক্ষেপণাস্ত্রটির আকাশে গতিপথ পরিবর্তনের সক্ষমতা প্রচলিত আকাশ প্রতিরক্ষাব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

আইআরজিসির জ্যেষ্ঠ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আলি রেজা বালালি সম্প্রতি ফাত্তাহ-২ ক্ষেপণাস্ত্রের প্রযুক্তিগত সক্ষমতা সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরেছেন। তার দাবি, ক্ষেপণাস্ত্রটি উড্ডয়নের সময় একাধিক গাণিতিক অ্যালগরিদম ব্যবহার করে আকস্মিকভাবে গতিপথ পরিবর্তন করতে পারে। ফলে শত্রুপক্ষের রাডার ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থার পক্ষে এর ভবিষ্যৎ অবস্থান নির্ভুলভাবে নির্ধারণ করা কঠিন হয়ে পড়ে।

বালালির বক্তব্য অনুযায়ী, ফাত্তাহ-২ কোনো নির্দিষ্ট গতিপথ অনুসরণ করে না। বরং উড্ডয়নরত অবস্থায় দিক ও অবস্থান পরিবর্তনের মাধ্যমে প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করতে পারে। এর ফলে প্রতিরোধী ক্ষেপণাস্ত্রের মাধ্যমে আকাশেই একে ধ্বংস করার প্রচেষ্টা জটিল হয়ে ওঠে। ইরানের দাবি, শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা বিশ্লেষণ করেই দেশীয় প্রযুক্তিতে এই ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়েছে।

আন্তর্জাতিক সামরিক গবেষণা প্রতিষ্ঠান আইআইএসএসের বিশ্লেষণ অনুযায়ী, ফাত্তাহ-২-এর মতো উচ্চগতির ও গতিপথ পরিবর্তন করতে সক্ষম ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করা প্রচলিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের তুলনায় বেশি কঠিন হতে পারে।

ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা আয়রন ডোম, ডেভিডস স্লিং ও অ্যারোসহ বিভিন্ন স্তরে পরিচালিত হয়। এসব ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ও আকাশপথের হুমকি মোকাবিলা করা হয়। কিন্তু অত্যন্ত উচ্চগতির এবং গতিপথ পরিবর্তনকারী ক্ষেপণাস্ত্র শনাক্ত ও প্রতিহত করার ক্ষেত্রে প্রতিরক্ষাব্যবস্থার প্রতিক্রিয়ার সময় এবং লক্ষ্য নির্ধারণের সক্ষমতা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

ইরানের ফাত্তাহ-২ ক্ষেপণাস্ত্রের সক্ষমতা নিয়ে সামরিক বিশ্লেষকদের মধ্যে আলোচনা সমালোচনা চলছে দীর্ঘদিন হতে।

২০২৩ সালে প্রথমবারের মতো প্রকাশ্যে আনা এই অস্ত্রটিকে ‘হাইপারসনিক গ্লাইড ভেহিকল’ (এইচজিভি) হিসেবে অভিহিত করে তেহরান। সাধারণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়ে বহুগুণ বেশি ক্ষিপ্রগতির এই অস্ত্র তৈরিতে উত্তর কোরিয়ার কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা রয়েছে বলে সামরিক বিশ্লেষকদের ধারণা। এর গতিপথ ও বিধ্বংসী ক্ষমতা অনেকটা রাশিয়ার ‘ওরেশনিক’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সমতুল্য, যা মস্কো ইউক্রেন যুদ্ধে ব্যবহার করে বিশ্বজুড়ে আলোচনায় এসেছিল। চলতি বছরের রক্তক্ষয়ী সংঘাতে ইসরায়েলি স্থাপনায় ফাত্তাহ-২ ক্ষেপণাস্ত্রের সফল আঘাতের ভিডিও ফুটেজও ইতোমধ্যে সমরবিদদের নজর কেড়েছে।

ইরানের এই অপ্রতিরোধ্য সমরাস্ত্রের সক্ষমতায় রীতিমতো চাপে পড়েছে তেল আবিব। ইসরায়েলের শীর্ষস্থানীয় প্রতিরক্ষা প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান ‘রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমস’-এর প্রেসিডেন্ট ইউভাল বাসেস্কি অকপটে স্বীকার করেছেন, ফাত্তাহ-২-এর মতো উচ্চগতির ক্ষেপণাস্ত্রের সামনে প্রচলিত প্রতিরক্ষাব্যবস্থা কার্যত অসহায়। শব্দের চেয়ে দশ গুণ বেশি অর্থাৎ ‘ম্যাক-১০’ গতিতে ধেয়ে আসা কোনো ক্ষেপণাস্ত্রকে মাঝ আকাশে রুখে দেওয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। এই পরিস্থিতিতে নিজেদের আকাশ প্রতিরক্ষা কৌশল ও প্রযুক্তি ঢেলে সাজাতে নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী

সূত্রঃ এপি\নিউজ২৪

এমকে

আরো পড়ুন

দালালের ফাঁদে পড়ে রাশিয়ার যুদ্ধে, ড্রোন হামলায় প্রাণ গেল ময়মনসিংহের রহিমের

এবার জার্মানিতে হামলা চালাতে পারেন পুতিন!

দুই আয়ারল্যান্ডকে এক দেখতে চান ট্রাম্পঃ গণভোটে এখনই রাজি নয় যুক্তরাজ্য

নিউজ ডেস্ক