15.4 C
London
October 12, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

ইরানের রাষ্ট্রীয় টিভিতে ট্রাম্পের ছোট ছেলেকে হত্যার হুমকিঃ সতর্ক সিক্রেট সার্ভিস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কনিষ্ঠ ছেলে ব্যারন ট্রাম্পকে লক্ষ্য করে জীবননাশের হুমকি দেওয়া একটি ভিডিও প্রচার করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম। প্রায় তিন মিনিটের ওই ভিডিওতে ব্যারন ট্রাম্পের চলাফেরা ও তিনি যেসব স্থানে অবস্থান করেন বলে প্রকাশ্যে জানা যায়, সেসব স্থানকে গ্রাফিকের মাধ্যমে তুলে ধরা হয়েছে। বিষয়টি ইতোমধ্যে মার্কিন সিক্রেট সার্ভিসের নজরে এসেছে এবং সংস্থাটি ভিডিওটিকে সম্ভাব্য হুমকি হিসেবে তদন্ত করছে।

ভিডিওটির শুরুতেই ইংরেজিতে লেখা দেখা যায়—‘Where to kill Barron Trump?’ অর্থাৎ ‘ব্যারন ট্রাম্পকে কোথায় হত্যা করা হবে?’ এরপর নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারসহ ব্যারনের সঙ্গে সংশ্লিষ্ট বলে পরিচিত বিভিন্ন স্থানের ছবি ও গ্রাফিক দেখানো হয়। ভিডিওর শেষদিকে ১ কোটি ডলারের পুরস্কারের কথাও বলা হয়েছে। তবে ওই পুরস্কারের দাবি এবং ভিডিওতে প্রদর্শিত ব্যারনের চলাফেরা বা নিরাপত্তা-সংক্রান্ত তথ্যের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

মার্কিন সিক্রেট সার্ভিসের মুখপাত্র নেট হেরিং জানিয়েছেন, সংস্থাটি ভিডিওটি সম্পর্কে অবগত। তিনি বলেন, নিরাপত্তার আওতায় থাকা ব্যক্তিদের জন্য হুমকি হিসেবে বিবেচিত হতে পারে—এমন যেকোনো বিষয় সিক্রেট সার্ভিস তদন্ত করে। তবে নিরাপত্তাজনিত কারণে সুরক্ষা-সংক্রান্ত গোয়েন্দা তথ্য প্রকাশ করা হয় না।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি-তে সপ্তাহান্তে ভিডিওটি প্রচার করা হয়। আইআরআইবি ইরানের কট্টরপন্থি শিবিরের সঙ্গে ঘনিষ্ঠ বলে বিবেচিত এবং এর প্রধানকে সরাসরি দেশটির সর্বোচ্চ নেতা নিয়োগ করেন।

মার্কিন এক ফেডারেল আইন প্রয়োগকারী কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, ব্যারনকে লক্ষ্য করে প্রচারিত ভিডিওটি ট্রাম্প পরিবারকে উদ্দেশ্য করে ইরান থেকে প্রকাশিত ধারাবাহিক হুমকিমূলক ভিডিওর অংশ। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে লক্ষ্য করেও একই ধরনের ভিডিও প্রচার করা হয়েছে।

এর আগে জুলাইয়ে মেলানিয়া ট্রাম্পকে লক্ষ্য করে ‘Where to Kill Melania?’ শিরোনামের একটি ভিডিও প্রচারের খবরও আসে। একই সময় ট্রাম্পকে লক্ষ্য করেও তার চলাচল ও নিরাপত্তা-সংক্রান্ত তথ্য তুলে ধরার দাবি করা একটি ভিডিও প্রকাশিত হয়েছিল। এসব ঘটনায় মার্কিন নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে উদ্বেগ তৈরি হয়।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ব্যারনকে লক্ষ্য করে নতুন এই হুমকির ঘটনা সামনে এলো। ২০২০ সালে ট্রাম্পের নির্দেশে ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সোলেইমানি নিহত হওয়ার পর থেকেই ইরান থেকে ট্রাম্পকে হত্যার হুমকির আশঙ্কা নিয়ে যুক্তরাষ্ট্র সতর্ক করে আসছে।

সম্প্রতি ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। খামেনির মৃত্যুর পর ইরানের বিভিন্ন রাষ্ট্রীয় ও সরকারপন্থি আয়োজনে ট্রাম্পবিরোধী স্লোগান এবং প্রতিশোধের আহ্বান দেখা গেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।

ট্রাম্প নিজেও ইরান থেকে আসা জীবননাশের হুমকি নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন। জুলাইয়ে ন্যাটো সম্মেলনের সময় তিনি দাবি করেছিলেন, ইরান থেকে তার বিরুদ্ধে হুমকি রয়েছে এবং এখন পর্যন্ত তিনি ‘ভাগ্যবান’ ছিলেন।

এরই মধ্যে তুরস্ক সফর থেকে ট্রাম্পকে গোপনে সরিয়ে নেওয়ার ঘটনাও আলোচনায় এসেছে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, একটি নির্দিষ্ট হুমকির পর তাকে বিকল্প সামরিক বিমানে করে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়। বিষয়টির সঙ্গে পরিচিত এক ব্যক্তি জানান, ওই হুমকির মধ্যে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহারের আশঙ্কাও ছিল এবং হুমকিটি এতটাই সুনির্দিষ্ট ছিল যে ট্রাম্পের নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি হয়েছিল।

ব্যারন ট্রাম্পকে ঘিরে নতুন ভিডিওটি এমন এক সময়ে প্রকাশিত হলো, যখন ওয়াশিংটন-তেহরান সম্পর্ক আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে এবং ট্রাম্প প্রশাসন ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে। ফলে পরিবারের সদস্যদের লক্ষ্য করে প্রকাশ্য হুমকির ঘটনাকে মার্কিন নিরাপত্তা কর্মকর্তারা কতটা গুরুত্ব দিয়ে দেখছেন, সেটিও নতুন করে আলোচনায় এসেছে।

সূত্রঃ সিএনএন

এম.কে

আরো পড়ুন

ট্রাম্পের যুদ্ধ থেকে বের হওয়ার সব পথ বন্ধ করছে ইসরায়েল

ইরানে ইসরায়েলের নতুন হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক নেইঃ ট্রাম্প

এবার সাংবাদিকদের অর্থ আয়ের রাস্তা দেখালেন ইলন মাস্ক