6.7 C
London
May 11, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

ইরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাতে পারে চীন, উত্তেজনা ঘিরে নতুন আশঙ্কা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনার মাঝেই ইসরায়েল স্পষ্ট করে দিয়েছে যে, তারা ইরানের বিরুদ্ধে সামরিক অবস্থান থেকে সরে আসছে না। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, তার নেতৃত্বে ইসরায়েল ইরানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় নেতানিয়াহু বলেন, ইসরায়েল ইরানের “সন্ত্রাসী শাসনব্যবস্থা” এবং তাদের মিত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে। একই সঙ্গে তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সমালোচনা করে অভিযোগ করেন, তিনি ইরানের সঙ্গে আপস করছেন এবং নিজ দেশের কুর্দি জনগণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছেন।

উল্লেখ্য, ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনায় ইসরায়েল অংশগ্রহণ করছে না, যা কূটনৈতিক সমীকরণে নতুন প্রশ্ন তৈরি করেছে।
এদিকে, পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে এমন এক গোয়েন্দা তথ্য সামনে এসেছে।

মার্কিন গণমাধ্যমের বরাতে জানা গেছে, চীন আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। মার্কিন গোয়েন্দা সূত্রের তথ্যমতে, বেইজিং তৃতীয় দেশের মাধ্যমে ‘ম্যানপ্যাডস’ নামে পরিচিত কাঁধ থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে পারে, যাতে এর উৎস গোপন রাখা যায়।

তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর, হোয়াইট হাউস কিংবা ওয়াশিংটনে চীনা দূতাবাস এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পাকিস্তানের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, ইরানকে একটি সম্ভাব্য যুদ্ধবিরতিতে রাজি করাতে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যদিও চীন সরকার যুদ্ধবিরতিকে সমর্থন জানিয়েছে, তারা এখন পর্যন্ত এ প্রক্রিয়ায় সরাসরি কোনো কৃতিত্ব দাবি করেনি।

ওয়াশিংটনে চীনা দূতাবাসের এক মুখপাত্র জানিয়েছেন, একটি দায়িত্বশীল বৃহৎ শক্তি হিসেবে চীন উত্তেজনা প্রশমনে গঠনমূলক ভূমিকা পালন অব্যাহত রাখবে।

বিশ্লেষকরা মনে করছেন, একদিকে শান্তি আলোচনার অগ্রগতি, অন্যদিকে ইসরায়েলের কঠোর অবস্থান এবং চীনের সম্ভাব্য সামরিক সহায়তা—সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও অনিশ্চিত ও জটিল হয়ে উঠছে।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে

আরো পড়ুন

এবার ১৮ ঘণ্টা রোজা রাখতে হবে যেসব দেশে

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তুমুল সংঘর্ষ

এবার ইসরায়েল ও নেতানিয়াহুর ওপর ‘বিরক্ত’ ট্রাম্প