TV3 BANGLA
আন্তর্জাতিক

ইসরায়েল রাষ্ট্রের পতন অনিবার্য, ‘ফিরে আসার পথ বন্ধ’: ইসরায়েলি অধ্যাপক

ইসরায়েল রাষ্ট্রের রাজনৈতিক ও সামাজিক কাঠামো এমন গভীর সংকটে পড়েছে, যেখান থেকে ফিরে আসার আর কোনো পথ নেই বলে মন্তব্য করেছেন দেশটির প্রভাবশালী সমাজবিজ্ঞানী ও হাইফা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওজ আলমোগ। তার দাবি, জায়নবাদী প্রকল্প কার্যত শেষ পর্যায়ে পৌঁছেছে এবং ইসরায়েল একটি ‘আধা-ফ্যাসিবাদী রাষ্ট্রসত্তায়’ রূপান্তরিত হয়েছে। বর্তমান পরিস্থিতিতে শুধু সরকার পরিবর্তন কিংবা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরিয়ে দিলেই দেশটির সংকটের সমাধান হবে না।

 

গ্রিস থেকে ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াল্লাকে দেওয়া এক সাক্ষাৎকারে ৬৬ বছর বয়সী এই অধ্যাপক এসব মন্তব্য করেন। ইসরায়েলি সমাজ, জাতীয় পরিচয়, সংস্কৃতি ও সামাজিক পরিবর্তন নিয়ে দীর্ঘদিন গবেষণা করা আলমোগ মনে করেন, দেশটির সংকট এখন আর কোনো নির্দিষ্ট রাজনৈতিক নেতা বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নেই। বরং রাজনৈতিক মেরুকরণ, ধর্মীয় উগ্রবাদ, সামাজিক বিভাজন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি আস্থাহীনতা ইসরায়েলের ভবিষ্যৎকে প্রশ্নের মুখে ফেলেছে।

আলমোগের মতে, প্রধানমন্ত্রী নেতানিয়াহু দেশটির বিদ্যমান ভয়, বিভাজন, পুরোনো ক্ষোভ এবং ধর্মীয় ও জাতীয়তাবাদী উগ্রতাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। তবে এসব প্রবণতা নেতানিয়াহুর ক্ষমতায় আসার আগেই ইসরায়েলি সমাজে শিকড় গেড়েছিল। ফলে নেতানিয়াহুর বিদায় ঘটলেও সমাজের গভীরে তৈরি হওয়া সংকট সহজে দূর হবে না। তার ভাষায়, সরকার পরিবর্তন করা যতটা সহজ, সমাজের রাজনৈতিক ও সাংস্কৃতিক কাঠামো পরিবর্তন করা তার চেয়ে অনেক কঠিন।

ইসরায়েলের ভবিষ্যৎ নিয়ে আলমোগের সবচেয়ে বড় উদ্বেগের জায়গা হলো দক্ষ ও উচ্চশিক্ষিত নাগরিকদের নীরবে দেশত্যাগ। তিনি এই প্রবণতাকে ‘কোয়ায়েট ইমিগ্রেশন’ বা নীরব অভিবাসন হিসেবে উল্লেখ করেছেন। তার পর্যবেক্ষণ অনুযায়ী, চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানী, গবেষক এবং প্রযুক্তি খাতের দক্ষ কর্মীদের একটি অংশ ধীরে ধীরে ইসরায়েল ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন।

এই প্রবণতার পেছনে শুধু নিরাপত্তাহীনতা নয়, রাজনৈতিক অস্থিরতা, ধর্মীয় মেরুকরণ, অর্থনৈতিক চাপ এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তাও কাজ করছে বলে মনে করেন তিনি।

এমনকি অনেকে স্থায়ীভাবে দেশ ছাড়ার ঘোষণা না দিয়েই বিদেশে বিকল্প জীবন গড়ে তোলার প্রস্তুতি নিচ্ছেন। বিদেশি পাসপোর্ট সংগ্রহ, ব্যাংক হিসাব খোলা, সন্তানদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান খোঁজা এবং গ্রিস, পর্তুগাল ও সাইপ্রাসের মতো দেশে বাসস্থান ও জীবনযাত্রার ব্যয় সম্পর্কে খোঁজ নেওয়াকে তিনি এই নীরব অভিবাসনের লক্ষণ হিসেবে তুলে ধরেছেন।

তার আশঙ্কা, এই প্রবণতা দীর্ঘস্থায়ী হলে ইসরায়েলের প্রযুক্তিনির্ভর অর্থনীতি, চিকিৎসাব্যবস্থা, বৈজ্ঞানিক গবেষণা এবং সামগ্রিক উৎপাদনশীলতা মারাত্মক ক্ষতির মুখে পড়বে।

আলমোগের আশঙ্কার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তথ্য উঠে এসেছে তেল আবিব বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায়। তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির ২১ আগস্ট ২০২৬-এর এক প্রতিবেদনে বলা হয়, ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে অন্তত টানা তিন মাসের জন্য ২ লাখ ৬৮ হাজার ৫০৯ জন ইসরায়েলি নাগরিক দেশ ছেড়েছেন।

গবেষণায় বছরভিত্তিক হিসাব অনুযায়ী, ২০২৩ সালে ৮৬ হাজার ৫০৯ জন, ২০২৪ সালে ৯১ হাজার ৪৯৯ জন এবং ২০২৫ সালে ৯০ হাজার ৯২২ জন ইসরায়েল ছাড়েন। তুলনায়, এক দশক আগে একই তিন বছরের সময়ে এই সংখ্যা ছিল ১ লাখ ৮৩ হাজার ২১৯ জন।

গবেষণায় দেখা গেছে, দেশত্যাগকারীদের মধ্যে উচ্চশিক্ষিত ও দক্ষ পেশাজীবীদের অনুপাত উল্লেখযোগ্য। ২০২৪ সালে ৫৩০ জন চিকিৎসক ইসরায়েল ছেড়েছেন। একই সময়ে দেশটির অর্থনীতি ও প্রযুক্তি খাতের জন্য গুরুত্বপূর্ণ প্রকৌশলী, বিজ্ঞানী এবং উচ্চ আয়ের পেশাজীবীদের দেশত্যাগ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

তবে এই পরিসংখ্যানের অর্থ এই নয় যে, প্রত্যেকেই স্থায়ীভাবে দেশ ছেড়েছেন। গবেষণায় অন্তত তিন মাস বিদেশে অবস্থানকে দেশত্যাগের প্রাথমিক সূচক হিসেবে বিবেচনা করা হয়েছে।

অন্যদিকে, টাইমস অব ইসরায়েল-এর এক প্রতিবেদনে তেল আবিব বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদদের গবেষণার বরাত দিয়ে বলা হয়, ২০২৩ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ৯০ হাজার ইসরায়েলি দেশ ছেড়েছিলেন। তাদের মধ্যে ৬৩৩ জন বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত বিষয়ে পিএইচডিধারী এবং প্রায় ৩ হাজার প্রকৌশলী ছিলেন। এই দেশত্যাগের কারণে ইসরায়েল সরকারের আয়কর রাজস্বে আনুমানিক ১৫০ কোটি শেকেলের ক্ষতি হয়েছে বলেও গবেষণায় উল্লেখ করা হয়।

আলমোগের সমালোচনার অন্যতম বিষয় ইসরায়েলের ধর্মীয় ও ধর্মনিরপেক্ষ জনগোষ্ঠীর মধ্যে ক্রমবর্ধমান বিভাজন। বিশেষ করে অতি-রক্ষণশীল ইহুদি সম্প্রদায় এবং কট্টর ধর্মীয় জাতীয়তাবাদী রাজনৈতিক শক্তির সঙ্গে ধর্মনিরপেক্ষ ও উদারপন্থীদের বিরোধকে তিনি বড় সংকট হিসেবে দেখছেন।

তার মতে, সামরিক দায়িত্ব পালন ও কর প্রদানের ক্ষেত্রে সমাজের বিভিন্ন অংশের মধ্যে অসমতা তৈরি হয়েছে। বিশেষ করে অতি-রক্ষণশীল ইহুদি সম্প্রদায়ের সামরিক বাহিনীতে যোগদান থেকে অব্যাহতি এবং রাষ্ট্রীয় সহায়তার ওপর নির্ভরশীলতা নিয়ে অসন্তোষ বাড়ছে।

অন্যদিকে, ধর্মীয় জাতীয়তাবাদী শক্তির একটি অংশের মধ্যে ভূখণ্ড ও বসতি সম্প্রসারণকে কেন্দ্র করে যে রাজনৈতিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি শক্তিশালী হচ্ছে, সেটিও ইসরায়েলের প্রচলিত সামাজিক ঐকমত্যকে দুর্বল করছে বলে মনে করেন তিনি।

আলমোগের মতে, দেশটির অর্থনীতি, সেনাবাহিনী, চিকিৎসা ও প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখা ধর্মনিরপেক্ষ মধ্যবিত্ত শ্রেণি ক্রমেই নিজেদের বিচ্ছিন্ন ও চাপে থাকা জনগোষ্ঠী হিসেবে দেখছে।

২০২৩ সালে ইসরায়েলের বিচারব্যবস্থা সংস্কারের সরকারি পরিকল্পনার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভে অংশ নিয়েছিলেন আলমোগ। বিচার বিভাগের স্বাধীনতা ও রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য রক্ষার দাবিতে কাপলান সড়ককেন্দ্রিক আন্দোলনেও তার অংশগ্রহণ ছিল।

কিন্তু তার মূল্যায়নে, ওই আন্দোলন প্রত্যাশিত পরিবর্তন আনতে পারেনি। ইসরায়েলকে আবারও উদারনৈতিক ও গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে নেওয়ার সম্ভাবনাও আগের তুলনায় অনেক সীমিত হয়ে পড়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলা এবং পরবর্তী গাজা যুদ্ধ ইসরায়েলি সমাজের ভেতরের বিভাজন ও অনিশ্চয়তাকে আরও বাড়িয়ে দিয়েছে বলেও তার বক্তব্যে উঠে এসেছে।

সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, শুধু অন্যদের দেশ ছাড়ার পরামর্শ দিয়েই থেমে থাকেননি এই অধ্যাপক। তিনি নিজেও গ্রিসে স্থায়ীভাবে বসবাসের প্রস্তুতি নিচ্ছেন। কয়েক বছর ধরে তেল আবিব ও এথেন্সের মধ্যে যাতায়াতের পর এই সিদ্ধান্ত নিয়েছেন বলে সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি।

তার নতুন বইয়ের নাম ‘এ ল্যান্ড অ্যাবসেন্ট: ইজ ইট টাইম টু লিভ ইসরায়েল?’ অর্থাৎ ‘একটি অনুপস্থিত ভূখণ্ড: ইসরায়েল ছাড়ার কি এখনই সময়?’

বইটিতে ইসরায়েল ছাড়াকে শুধু ব্যক্তিগত অভিবাসন নয়, বরং রাজনৈতিক, সামাজিক ও নৈতিক সিদ্ধান্ত হিসেবেও বিশ্লেষণ করেছেন তিনি। বিশেষ করে উদারপন্থী ইসরায়েলিদের দেশ ছাড়ার বিষয়টি গুরুত্ব পেয়েছে।

আলমোগ স্বীকার করেছেন, জন্মভূমি, নিজের ভাষা, পরিচিত পরিবেশ ও দীর্ঘদিনের জীবন ছেড়ে অন্য দেশে চলে যাওয়ার সিদ্ধান্ত সহজ নয়। তবে তার মতে, ইসরায়েলের বর্তমান বাস্তবতা এতটাই বদলে গেছে যে, সেখানে আগের মতো ভবিষ্যৎ দেখছেন না তিনি।

তার এই অবস্থান অবশ্য সমগ্র ইসরায়েলি সমাজের প্রতিনিধিত্ব করে না। তবে দেশটির একজন অভিজ্ঞ সমাজবিজ্ঞানী ও গবেষকের এমন মূল্যায়ন ইসরায়েলের রাজনৈতিক ভবিষ্যৎ, সামাজিক সংহতি এবং দক্ষ জনশক্তির দেশত্যাগ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করেছে।

সূত্রঃ ওয়াল্লা(Walla)\আনাদোলু এজেন্সি/টাইমস অব ইসরায়েল

এমকে

আরো পড়ুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো যুদ্ধ মোকাবিলায় প্রস্তুত চীন

তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার অধিকার দাবি ট্রাম্পেরঃ বাধা যুক্তরাষ্ট্রের সংবিধান

ট্রাম্পের স্যোশাল মিডিয়ায় মোদির নাম প্রচারে মাসে ৭৫ হাজার ডলারের চুক্তি ভারতের