13.5 C
London
February 21, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ব্রাজিলিয়ান নারী ফুটবলার ক্যাথলিন সুজা

ব্রাজিলিয়ান নারী ফুটবলার ক্যাথলিন সুজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বর্তমানে পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করছেন সৌদি আরবের ক্লাব আল নাসরের নারী দলের এই অধিনায়ক। তার এ সিদ্ধান্ত ইতোমধ্যে ফুটবল অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। আল নাসর আনুষ্ঠানিকভাবে খবরটি নিশ্চিত করেছে।

সৌদি ক্লাবটির কর্তৃপক্ষ জানিয়েছে, সুজা সম্প্রতি ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন। পরে মক্কায় গিয়ে ওমরাহ পালন করেন। ক্লাবের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে তার ওমরাহ পালনের আবেগঘন মুহূর্তের ভিডিও ও ছবি শেয়ার করা হয়েছে। ভিডিওতে তাকে নীরব ধ্যানে ও গভীর ভাবনায় মগ্ন থাকতে দেখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক ভিডিও বার্তায় ক্লাবটি জানায়, ‘আমরা আমাদের খেলোয়াড় ক্যাথলিন সুজার জীবনের একটি বিশেষ মুহূর্ত সবার সঙ্গে ভাগ করে নিচ্ছি। আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন তাকে দৃঢ়তা দান করেন এবং তার অন্তর শান্তিতে পরিপূর্ণ রাখেন।’

ফুটসাল দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন ক্যাথলিন সুজা। পরে যুক্তরাষ্ট্রের মনরো কলেজ, লুইসভিলে কারডিনালস ও ইউসিএফ নাইটসে কলেজ পর্যায়ের ফুটবল খেলেন। পেশাদার পর্যায়ে ফ্রান্সের জিরুনডিন্স ডে বোর্দো, ইতালির ইন্টার মিলান ও স্পেনের রিয়াল মাদ্রিদে খেলেন। ২০২৪ সালে যোগ দেন আল নাসরে। ২০১৮ সালে ব্রাজিল জাতীয় দলে অভিষেকের পর দ্রুত দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন।

২০১৯ সালের ফিফা নারী বিশ্বকাপে শেষ ষোলোতে ফ্রান্সের বিপক্ষে ম্যাচে খেলেন সর্বকনিষ্ঠ ব্রাজিলিয়ান খেলোয়াড় হিসেবে। দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে সবার নজর কাড়েন।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

ক্ষমতাচ্যুত বাশারকে ডিভোর্স দিয়ে যুক্তরাজ্যে ফিরতে চান স্ত্রী

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে ভূমি ব্যবহার করতে দেবে না আরব দেশগুলো

পুতিনের সঙ্গে আলোচনায় শুরুতেই নীরবতা, ট্রাম্পের আচরণে কূটনৈতিক জল্পনা