সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে ইসরায়েল ও জায়নবাদবিরোধী একাধিক বিতর্কিত মন্তব্য করার দায়ে ব্রিটেনে চার মাসের জন্য বরখাস্ত হয়েছেন ব্যারিস্টার ফিরোজ খান। তার মন্তব্যগুলো ইহুদিবিদ্বেষী ও গুরুতর আপত্তিকর বলে বিবেচনা করেছে দেশটির ব্যারিস্টারদের পেশাগত নিয়ন্ত্রক সংস্থা বার স্ট্যান্ডার্ডস বোর্ড (বিএসবি)।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, পেশাগত অসদাচরণের অভিযোগে অনুষ্ঠিত শুনানিতে ফিরোজ খানের বিরুদ্ধে শাস্তিমূলক সিদ্ধান্ত নেয় সংস্থাটির প্যানেল। চার মাসের জন্য পেশাগতভাবে বরখাস্ত করার পাশাপাশি তাকে ২ হাজার ৮৮০ পাউন্ড মামলার খরচ পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে তার।
প্রতিবেদন অনুযায়ী, গত বছরের মার্চ মাসে নিজের লিংকডইন অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ফিরোজ খান লিখেছিলেন, জায়নবাদের মতো একটি অপশক্তির অবসান ঘটাতে বিশ্বব্যাপী এর সম্পূর্ণ নির্মূল প্রয়োজন। অন্যথায় এই মতাদর্শের মাধ্যমে ঘৃণা, গণহত্যা ও অশুভ কর্মকাণ্ড ছড়িয়ে পড়তে থাকবে।
অন্য একটি পোস্টে তিনি ইসরায়েলকে বর্ণবাদী বৈষম্য ও যুদ্ধাপরাধে জড়িত একটি রাষ্ট্রীয় সত্তা হিসেবে উল্লেখ করেন। তার ভাষ্য ছিল, বিশ্বজুড়ে জায়নবাদীদের নির্মূল করতে হবে।
আরেকটি পোস্টে তিনি লেখেন, ইসরায়েল নামের এই সত্তার সম্পূর্ণ বিলুপ্তি না হওয়া পর্যন্ত ওই অঞ্চলে অশুভ পরিস্থিতি বিরাজ করবে। সেখানে তিনি ইসরায়েল সমস্যার একমাত্র ‘চূড়ান্ত সমাধান’-এর কথাও উল্লেখ করেন।
এ ছাড়া একটি পোস্টে তিনি লিখেছিলেন, এ ধরনের ব্যক্তিদের গ্যাস চেম্বারে পাঠানো উচিত।
বার স্ট্যান্ডার্ডস বোর্ডের শুনানি প্যানেল জানায়, ফিরোজ খানের মন্তব্যগুলো পৃথকভাবে কিংবা সামগ্রিকভাবে এবং যেভাবে প্রকাশ করা হয়েছে, সেই প্রেক্ষাপটে সেগুলো ইহুদিবিদ্বেষী ও গুরুতর আপত্তিকর।
প্যানেলের পর্যবেক্ষণে বলা হয়, একজন ব্যারিস্টার হিসেবে ফিরোজ খানের আচরণ এমন ছিল, যা আইনজীবী পেশার প্রতি সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস ক্ষুণ্ন করতে পারে।
এই বিবেচনায় তার বিরুদ্ধে পেশাগত অসদাচরণের অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ফিরোজ খান ১৯৮৮ সালে ব্যারিস্টার হিসেবে স্বীকৃতি পান। তিনি লন্ডনে স্বনিয়োজিত ব্যারিস্টার হিসেবে কাজ করতেন। তার বিশেষায়িত কাজের ক্ষেত্র ছিল ফৌজদারি আইন, অভিবাসন আইন এবং পারিবারিক আইন।
দীর্ঘদিন আইন পেশায় যুক্ত থাকার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত মন্তব্যের কারণে এবার পেশাগত নিষেধাজ্ঞার মুখে পড়লেন তিনি।
চার মাসের বরখাস্তের সিদ্ধান্তের পাশাপাশি ২ হাজার ৮৮০ পাউন্ড খরচ পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। তবে ব্যারিস্টার ফিরোজ খান এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন।
সূত্রঃ দ্য টেলিগ্রাফ
এমকে

