9.2 C
London
May 13, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

উচ্চশিক্ষায় ঋণ–নির্ভরতা, সংকটে ব্রিটেনের বিশ্ববিদ্যালয় ব্যবস্থা

ইংল্যান্ডের বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়া শিক্ষার্থীরা এখন গড়ে ৫৩ হাজার পাউন্ড ঋণ নিয়ে পড়াশোনা শেষ করছেন। এক বছরে এই ঋণের পরিমাণ বেড়েছে ১০ শতাংশ।

জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় অধিকাংশ শিক্ষার্থী এখন আরও বেশি পরিমাণে ঋণ নিচ্ছেন এবং একইসঙ্গে টার্ম চলাকালীন সময়েই পার্টটাইম চাকুরির দিকে ঝুঁকছেন। সর্বশেষ এক জরিপে দেখা গেছে, ৬৮ শতাংশ ফুলটাইম শিক্ষার্থী প্রতি সপ্তাহে গড়ে ১৩ ঘণ্টা কাজ করছেন, যা গত এক দশকে সর্বোচ্চ।

স্কটল্যান্ডে যেখানে টিউশন ফি বিনামূল্যে, সেখানে শিক্ষার্থীদের গড় ঋণ মাত্র ১৭ হাজার পাউন্ড। অন্যদিকে ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডে এই ঋণের পরিমাণ যথাক্রমে ৩৯,৪৭০ ও ২৮,০০০ পাউন্ড।

সরকারি হিসাবে দেখা গেছে, ২০২৪-২৫ সালে প্রায় ৩০ লাখ সাবেক শিক্ষার্থী গড়ে ১,১০০ পাউন্ড করে ঋণ পরিশোধ করেছেন। বর্তমানে ইংল্যান্ডের শিক্ষার্থী ঋণ খাতের মোট পরিমাণ ২৬৬ বিলিয়ন পাউন্ডে পৌঁছেছে, যা এক দশকে চারগুণ বেড়েছে।

আগামী সেপ্টেম্বর থেকে ঘরোয়া শিক্ষার্থীদের টিউশন ফি আরও বাড়িয়ে ৯,৫৩৫ পাউন্ড করা হচ্ছে। তবু এতে বিশ্ববিদ্যালয় খাতের আর্থিক সংকট মিটবে না বলে আশঙ্কা করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়গুলো এখন আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর নির্ভর করে ঘরোয়া শিক্ষার্থীদের পাঠ্যক্রম চালাচ্ছে। কিন্তু অভিবাসননীতি আরও কঠোর করার পরিকল্পনার ফলে এই খাত আরও বিপদের মুখে পড়তে পারে।

টনি ব্লেয়ার ইনস্টিটিউটের প্রতিবেদনে বলা হয়েছে, মুদ্রাস্ফীতির কারণে ২০১২ সালের পর থেকে ঘরোয়া টিউশন ফি কার্যত এক-তৃতীয়াংশ কমে গেছে। ফলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা সীমিত করা হলে অনেক বিশ্ববিদ্যালয় টিকে থাকতে পারবে না।

বিশ্ববিদ্যালয় প্রধানদের একটি বড় অংশ ইতিমধ্যে আর্থিক স্থিতিশীলতাকে তাদের মূল অগ্রাধিকার হিসেবে দেখছেন এবং অনেকেই মনে করছেন প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে হলে কাঠামোগত পরিবর্তন জরুরি হয়ে পড়বে।

যুক্তরাজ্যের উচ্চশিক্ষা খাত এখন এক গভীর সংকটে। ঋণের বোঝা, আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর নির্ভরতা ও সরকারি আর্থিক অনুদানের ঘাটতি—সব মিলে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগোচ্ছে দেশের বিশ্ববিদ্যালয় ব্যবস্থা।

সূত্রঃ দ্য গার্ডিয়ান

এম.কে
২০ জুন ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যে কেয়ার ওয়ার্কার ভিসার গোলকধাঁধা ফেঁসে গিয়েছেন প্রবাসী কর্মীরা

পারমাণবিক অস্ত্রের মজুত বাড়াবে যুক্তরাজ্য

যুক্তরাজ্যে অর্থনৈতিক মন্দায় বন্ধ হয়ে গেছে আরও ২০০০ ক্ষুদ্র ব্যবসা