TV3 BANGLA
বাংলাদেশ

উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেপ্তার

রাজধানীর উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নুরুল ইসলাম নাহিদ এবং অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে পৃথক অভিযানে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিষয়টি সামনে আসে।

পুলিশ সূত্রে জানা গেছে, নুরুল ইসলাম নাহিদকে উত্তরা পশ্চিম থানা-পুলিশ এবং জ্যোতিকা জ্যোতিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করে। তাদের বিরুদ্ধে থাকা অভিযোগ ও মামলার বিষয়গুলো খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নুরুল ইসলাম নাহিদকে বুধবার দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের একটি বাসা থেকে আটক করা হয়। তিনি সেখানে পরিবারের সঙ্গে বসবাস করছিলেন। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর তার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে সিলেটের বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ থানায় মোট পাঁচটি হত্যা মামলার কথা জানিয়েছে পুলিশ। এসব মামলার অভিযোগের ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে।

অন্যদিকে, অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে বুধবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে উত্তরা ১৮ নম্বর সেক্টরের রাজউক অ্যাপার্টমেন্টের বাসা থেকে আটক করে ডিবি পুলিশ। পরে তাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

ডিবি উত্তরা বিভাগের ভারপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার ইলিয়াস কবির আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ততাসহ বেশ কিছু অভিযোগের ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে পুলিশ বিস্তারিত জানায়নি।
২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় আলোচিত ‘আলো আসবেই’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য হিসেবে আলোচনায় আসেন জ্যোতিকা জ্যোতি। ওই গ্রুপে বিনোদন অঙ্গনের কয়েকজন পরিচিত ব্যক্তির অংশগ্রহণ এবং আন্দোলন নিয়ে তাদের কথোপকথন প্রকাশ্যে আসার পর ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। গ্রুপটিতে যুক্ত থাকার কারণে জ্যোতিকাও সমালোচনার মুখে পড়েন।

এ ছাড়া ২০২৬ সালের জুলাইয়ে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধের অভিযোগে সাংস্কৃতিক ও গণমাধ্যম অঙ্গনের ২৮ ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি অভিযোগ জমা দেওয়া হয়েছিল। ওই অভিযোগে জ্যোতিকা জ্যোতির নামও ছিল।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে আইনগত প্রক্রিয়া চলবে।

সূত্রঃ প্রথম আলো, ঢাকা পোস্ট, বিডিনিউজ২৪, ইত্তেফাক, যুগান্তর,

এমকে

আরো পড়ুন

বাংলা ভাষার সম্মানঃ হিথরো বিমানবন্দরে ইমিগ্রেশন বোর্ডে যুক্ত হলো বাংলা বার্তা

৪০০ কোটি টাকার মালিক প্রধানমন্ত্রীর সেই পিয়নের বাড়ি নোয়াখালী

রুল খারিজ, তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচারে বাঁধা নেই