11.5 C
London
May 10, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

এআই-এর অজুহাতে কর্মী ছাঁটাইয়ের বিরুদ্ধে রায় চীনের আদালতের

শ্রমিক অধিকার রক্ষায় একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন চীনের একটি আদালত। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে কর্মী ছাঁটাই করার অজুহাত গ্রহণযোগ্য নয় বলে আদালতের রায়ে উল্লেখ করা হয়েছে।

রোববার (৩ মে) যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান ইনডিপেনডেন্ট জানায়, গত মঙ্গলবার চীনের হাংঝৌ ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট এক রায়ে একটি প্রযুক্তি প্রতিষ্ঠানের এক কর্মীর পক্ষে সিদ্ধান্ত দেন। ২০২২ সালে নিয়োগ পাওয়া ওই কর্মী কোম্পানিটির এআই আউটপুট তদারকির দায়িত্বে ছিলেন। কিন্তু পরে একটি বড় ভাষা মডেল তার কাজের জায়গা দখল করে নেয়। এ অবস্থায় ওই কর্মী উন্নত পারিশ্রমিক ও পদ দাবি করলে তাকে বরখাস্ত করা হয়।

আদালত জানান, চাকরিচ্যুতির কারণ হিসেবে কোম্পানির দেওয়া কৈফিয়ত আইনসম্মত নয়। কোম্পানিটি ব্যবসা সংকোচন বা পরিচালনাগত জটিলতার মতো বৈধ কোনো কারণ দেখাতে পারেনি। এমনকি ওই কর্মীর চাকরি চালিয়ে যাওয়া ‘অসম্ভব’ হয়ে পড়েছে—এমন শর্তও পূরণ হয়নি।

মামলার বিবরণ অনুযায়ী, ঝৌ নামের ওই কর্মীকে কোয়ালিটি অ্যাসুরেন্স সুপারভাইজার হিসেবে মাসিক ২৫ হাজার ইউয়ান বেতনে নিয়োগ দেওয়া হয়। তার দায়িত্ব ছিল এআই মডেলের আউটপুট পর্যবেক্ষণ করা এবং অবৈধ বা গোপনীয়তা লঙ্ঘনকারী কনটেন্ট ছেঁকে ফেলা।

তবে অল্প সময়ের মধ্যেই তার কাজ এআই দ্বারা প্রতিস্থাপিত হয়। এরপর তাকে নিম্নপদে নামিয়ে দেওয়া হয় এবং বেতন কমিয়ে প্রায় ১৫ হাজার ইউয়ান করা হয়। এই অবনমন মেনে নিতে অস্বীকৃতি জানালে তার সঙ্গে চাকরির চুক্তি বাতিল করে কোম্পানি।

কোম্পানির পক্ষ থেকে বলা হয়, তারা সাংগঠনিক পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছে, ফলে কর্মীর প্রয়োজন কমেছে। ঝৌকে ৩ লাখ ১১ হাজার ৬৯৫ ইউয়ান ক্ষতিপূরণের প্রস্তাব দেওয়া হলেও তিনি তা প্রত্যাখ্যান করেন এবং সালিশি বোর্ডে যান।

সালিশি বোর্ড তার বরখাস্তকে ‘অবৈধ’ ঘোষণা করে এবং বেশি ক্ষতিপূরণের দাবিও সমর্থন করে। পরে নিম্ন আদালতও একই রায় দেন। সর্বশেষ আপিলে এই রায় বহাল রাখে হাংঝৌ ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট।

আদালত স্পষ্ট করে জানিয়েছেন, এআই ব্যবহারের অজুহাতে চাকরির চুক্তি বাতিল করা যাবে না।

এম.কে

আরো পড়ুন

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ে ৮০০ কোটি টাকা অনুদান দিলেন বাংলাদেশি

হামাস যোদ্ধারা আমাদের জীবন বাঁচিয়েছেনঃ ভিডিওতে দুই ইসরায়েলি

ব্রিটেনে অনলাইন সেন্সরশিপ ইরানের মতো খারাপ হতে চলেছেঃ যুক্তরাষ্ট্র