TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

‘এক্সট্রিম হিট’ সতর্কতায় থমকে লন্ডন, চরম গরমের কারণে বাতিল জলবায়ু সম্মেলন

জলবায়ু পরিবর্তনের ফলে বাড়তে থাকা তাপপ্রবাহ নিয়ে আলোচনা করার কথা ছিল যে আন্তর্জাতিক সম্মেলনে, শেষ পর্যন্ত সেই ‘চরম তাপ’ বিষয়ক অনুষ্ঠানই বাতিল করতে হয়েছে চরম গরমের কারণে। যুক্তরাজ্যে চলমান রেকর্ডভাঙা তাপদাহের মধ্যে এমন ঘটনা দেশটির জলবায়ু সংকটকে নতুন করে সামনে নিয়ে এসেছে।

লন্ডন ক্লাইমেট অ্যাকশন উইকের অংশ হিসেবে বুধবার মধ্য লন্ডনের লন্ডন স্কুল অব ইকোনমিকস (এলএসই)-এর শ’ লাইব্রেরিতে ‘এক্সট্রিম হিট: ইমপ্রুভিং গভর্ন্যান্স অ্যান্ড স্ট্রেনথেনিং অ্যাকশন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তর মেট অফিস বিরল ‘রেড এক্সট্রিম হিট’ সতর্কতা জারি করায় অনুষ্ঠানটি বাতিল করা হয়।

এলএসই কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, মেট অফিসের লাল সতর্কতা জারির কারণে জননিরাপত্তার স্বার্থে অনুষ্ঠানটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্মেলনের প্রথম পর্বে জলবায়ু অভিযোজন বিষয়ে অসামান্য গবেষণার স্বীকৃতি হিসেবে প্রথমবারের মতো ‘অ্যাডেলিন স্টুয়ার্ট-ওয়াট অ্যাওয়ার্ড’ প্রদান করার কথা ছিল। প্রয়াত অ্যাডেলিন স্টুয়ার্ট-ওয়াট ছিলেন গ্রানথাম রিসার্চ ইনস্টিটিউট অন ক্লাইমেট চেঞ্জের একজন সম্মানিত নীতিবিষয়ক গবেষক এবং জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স অ্যালায়েন্সের সদস্য।

পরে বৈশ্বিক পর্যায়ে চরম তাপপ্রবাহ মোকাবিলার নীতিমালা ও করণীয় নিয়ে বিশেষজ্ঞদের আলোচনা এবং একটি ‘ফায়ারসাইড চ্যাট’ আয়োজনের পরিকল্পনা ছিল।

এদিকে, চলতি বছরে দ্বিতীয়বারের মতো রেকর্ডভাঙা তাপপ্রবাহের কবলে পড়েছে যুক্তরাজ্য। বুধবার সারের চার্লউড এলাকায় তাপমাত্রা ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, যা ১৯৭৬ সালে স্থাপিত ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসের পূর্ববর্তী রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

দক্ষিণ ইংল্যান্ড ও ওয়েলসের বিস্তীর্ণ এলাকায় বুধবার সকাল ৯টা থেকে কার্যকর হওয়া ‘রেড’ সতর্কতা বৃহস্পতিবার রাত ৯টা পর্যন্ত বহাল থাকবে। মেট অফিস জানিয়েছে, ব্যতিক্রমধর্মী গরম ও আর্দ্র আবহাওয়ার কারণে সাধারণ মানুষের স্বাস্থ্য ও দৈনন্দিন জীবনে গুরুতর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

তাপপ্রবাহের কারণে এক হাজারেরও বেশি স্কুল আংশিক বা সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। অনেক শিক্ষার্থীকে আগেভাগে বাড়ি পাঠানো হয়েছে। নেটওয়ার্ক রেলও যাত্রীদের প্রয়োজন ছাড়া ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে।

এ ছাড়া জনপ্রিয় বেকারি চেইন গ্রেগসের একাধিক শাখাও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তীব্র গরমের মধ্যে গ্রাহক ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে যুক্তরাজ্যে ঘনঘন তাপপ্রবাহ এখন নতুন বাস্তবতায় পরিণত হচ্ছে। আবহাওয়া বিশ্লেষক জিম ডেল সতর্ক করে বলেছেন, গত দুই দশকে যুক্তরাজ্য ও বিশ্বের অধিকাংশ সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড সৃষ্টি হয়েছে। তাঁর মতে, এই প্রবণতা প্রমাণ করে যে জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন আর ভবিষ্যতের আশঙ্কা নয়, বরং বর্তমানের বাস্তবতা।

বিশ্লেষকদের মতে, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে যুক্তরাজ্যে এমন চরম তাপপ্রবাহ আরও ঘন ঘন এবং আরও তীব্র আকারে দেখা দিতে পারে।

সূত্রঃ দ্য মেট্রো

এম.কে

আরো পড়ুন

ভিসা আইন কঠোরতায় বিদেশি কর্মী নিয়োগে নিষেধাজ্ঞার মুখে নিয়োগকর্তারা

অভিবাসীদের নিয়ে ঋষি সুনাকের বক্তব্যে তোলপাড়

অভিভাবকদের ঘরে বসে কাজ করার ফলে স্কুলে উপস্থিতি কমছেঃ অফস্টেড প্রধান