লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের নো ভিসা রিকোয়ার্ড (এনভিআর) এনডোর্সমেন্ট ও ভিসা সেবা প্রক্রিয়ায় সাময়িক বিলম্ব দেখা দিয়েছে। প্রাসঙ্গিক সিস্টেমে কারিগরি সমস্যার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন।
এক বিজ্ঞপ্তিতে লন্ডনে বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, কারিগরি সমস্যার কারণে বর্তমানে এনভিআর এনডোর্সমেন্ট এবং ভিসা প্রক্রিয়াকরণ ও ইস্যু করতে স্বাভাবিকের তুলনায় বেশি সময় লাগছে।
সমস্যাটি দ্রুত সমাধানের জন্য হাইকমিশন কাজ করছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। একই সঙ্গে যত দ্রুত সম্ভব স্বাভাবিক সেবা ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলেও উল্লেখ করা হয়েছে।

এ অবস্থায় আবেদনকারীদের তাদের আবেদনের প্রক্রিয়াকরণের জন্য অতিরিক্ত সময় দেওয়ার অনুরোধ করেছে হাইকমিশন। কারিগরি সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত আবেদনের বর্তমান অবস্থা জানতে বারবার অনুসন্ধান বা যোগাযোগ করা থেকে বিরত থাকার জন্যও আবেদনকারীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
হাইকমিশন জানিয়েছে, সাময়িক এই সমস্যার কারণে আবেদনকারীদের যে অসুবিধা হচ্ছে, তার জন্য তারা আন্তরিকভাবে দুঃখিত। একই সঙ্গে সংশ্লিষ্ট সবার ধৈর্য, বোঝাপড়া ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
কারিগরি সমস্যার অগ্রগতি এবং সেবা স্বাভাবিক হওয়ার বিষয়ে প্রয়োজন অনুযায়ী পরবর্তী আপডেট দেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন, লন্ডন।
সূত্রঃ বাংলাদেশ হাইকমিশন, লন্ডন
এমকে

