ঢাকার কেরানীগঞ্জে বহুল আলোচিত অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে ঘিরে ব্যাপক জনসমাগম ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মহিষটিকে কেরানীগঞ্জ মডেল থানার হেফাজতে নেওয়ার পর এবার সেটিকে মিরপুর জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (২৭ মে) রাতে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল মান্নান মিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কেরানীগঞ্জ মডেল থানা থেকে অ্যালবিনো মহিষটিকে সরাসরি জাতীয় চিড়িয়াখানায় নেওয়া হবে। একই সঙ্গে মহিষটির মালিক ফরিদুজ্জামান স্বরণকে ৩ লাখ ৩০ হাজার টাকা ফেরত দেওয়া হবে।
এর আগে বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুছ নিশ্চিত করেন যে, মহিষটি থানার হেফাজতে রয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন তিনি।
থানা সূত্রে জানা গেছে, ‘ডোনাল্ড ট্রাম্প’ থানায় রয়েছে—এমন খবর ছড়িয়ে পড়লে শিশু-কিশোর, যুবকসহ বিভিন্ন বয়সী মানুষ থানার সামনে ভিড় করতে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে থানার প্রধান ফটক বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
জানা যায়, ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা এলাকার রসুলপুরের ব্যবসায়ী ফরিদুজ্জামান স্বরণ গত ঈদুল ফিতরের এক সপ্তাহ পর নারায়ণগঞ্জের পাইকপাড়ায় অবস্থিত ‘রাবেয়া এগ্রো ফার্ম’ থেকে ৩ লাখ ৩০ হাজার টাকায় অ্যালবিনো মহিষটি কিনে আনেন। মহিষটি দীর্ঘদিন ওই ফার্মেই লালন-পালন করা হচ্ছিল। ফার্ম মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই শখ করে মহিষটির নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’।
২৫ মে ট্রাকযোগে মহিষটিকে নারায়ণগঞ্জ থেকে কেরানীগঞ্জের রসুলপুরে আনা হয়। পরবর্তীতে মহিষটিকে দেখতে উৎসুক মানুষের ভিড় বাড়তে থাকে। এ পরিস্থিতিতে মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ একটি বেসরকারি টেলিভিশনে মহিষটিকে ঘিরে জনসমাগম ও বিশৃঙ্খলার আশঙ্কার কথা উল্লেখ করেন। এরপরই পুলিশ বেলা ৩টার দিকে মহিষটিকে থানায় নিয়ে যায়।
স্থানীয়দের মতে, বিরল সাদা রঙের অ্যালবিনো মহিষ হওয়ায় ‘ডোনাল্ড ট্রাম্প’ খুব দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার বিষয় হয়ে ওঠে। অনেকেই কৌতূহলবশত সেটিকে এক নজর দেখতে ভিড় করেন।
প্রশাসনের দাবি, জননিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতেই মহিষটিকে জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্রঃ স্যোশাল মিডিয়া
এম.কে

