যুক্তরাজ্যের রাজনৈতিক দল রিফর্ম ইউকের স্কটল্যান্ড শাখার উপনেতা থমাস কের প্রকাশ্যে বোরকা ও নিকাব পরার বিরোধিতা করে বিতর্কের জন্ম দিয়েছেন। মুসলিম নারীদের মুখ ঢাকা এই পোশাকগুলোকে নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ দাবি করার পাশাপাশি তিনি এগুলোকে ‘অত্যন্ত ভীতিকর’ বলে মন্তব্য করেছেন। স্কটল্যান্ডকে ‘খ্রিস্টান দেশ’ হিসেবে উল্লেখ করে জনসমাগমস্থলে এসব পোশাক নিষিদ্ধ করার পক্ষে অবস্থান নিয়েছেন তিনি।
কেরের এই বক্তব্যকে কেন্দ্র করে স্কটল্যান্ডের রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক শুরু হয়েছে। বিরোধী রাজনৈতিক নেতারা তার বক্তব্যকে বর্ণবাদী, বিভাজন সৃষ্টিকারী ও মুসলিম সম্প্রদায়কে লক্ষ্য করে দেওয়া মন্তব্য হিসেবে সমালোচনা করেছেন।
রিফর্ম ইউকের অবস্থান অনুযায়ী, বোরকা ও নিকাবের পাশাপাশি বালাক্লাভার মতো মুখ সম্পূর্ণ ঢেকে রাখা পোশাকও জনসমাগমস্থলে নিষিদ্ধ করা উচিত। দলটির পক্ষ থেকে স্কটিশ পার্লামেন্টে (হলিরুড) এ বিষয়ে একাধিক বিতর্ক ও প্রস্তাব উত্থাপন করা হয়েছে। থমাস কেরের যুক্তি, মুখ ঢাকা থাকলে ব্যক্তির পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়ে, যা জননিরাপত্তার ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে। এ ক্ষেত্রে ইউরোপের কয়েকটি দেশের বিধিনিষেধের উদাহরণও তুলে ধরেছেন তিনি।
তবে তার এই অবস্থানের বিরোধিতা করেছেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার জন সুইনি এবং স্কটিশ গ্রিনসসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তাদের অভিযোগ, রিফর্ম ইউকে নিরাপত্তার প্রশ্নকে সামনে এনে একটি ক্ষুদ্র ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করছে এবং সমাজে বিভাজন উসকে দিচ্ছে।
সমালোচকদের দাবি, স্কটল্যান্ডের মুসলিম নারীদের মধ্যে আনুমানিক প্রতি ১০০ জনে মাত্র একজন বোরকা বা নিকাব পরেন। ফলে এত ক্ষুদ্র একটি জনগোষ্ঠীর পোশাক নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি করার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।
স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার জন সুইনি রিফর্ম ইউকের এই উদ্যোগের সমালোচনা করে দলটির বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ তুলেছেন। অন্যদিকে স্কটিশ গ্রিনসের নেতারাও বলেছেন, নারীরা কী পোশাক পরবেন, তা নির্ধারণ করার অধিকার রাজনীতিবিদদের নেই। তাদের মতে, এ ধরনের বক্তব্য মুসলিম নারীদের প্রতি বিদ্বেষ ও সামাজিক বৈষম্য বাড়াতে পারে।
মুসলিম নারীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন আমিনা–দ্য মুসলিম উইমেনস রিসোর্স সেন্টারের প্রধান নির্বাহী মারিয়াম আহমেদও কেরের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তার মতে, বোরকা ও নিকাব নিয়ে বারবার রাজনৈতিক বিতর্ক তৈরি করা নারীদের পোশাকের স্বাধীনতায় হস্তক্ষেপ এবং ইসলামবিদ্বেষকে উসকে দেওয়ার শামিল।
তিনি বলেন, স্কটল্যান্ডে এমনিতেই হিজাব পরা মুসলিম নারীদের বিরুদ্ধে বিদ্বেষ ও হয়রানি বাড়ছে। এ ধরনের রাজনৈতিক বক্তব্য পরিস্থিতিকে আরও খারাপ করতে পারে। তার আশঙ্কা, বোরকা পরা কিছু নারী ইতিমধ্যে জনজীবন থেকে নিজেদের গুটিয়ে নিতে বাধ্য হচ্ছেন।
এদিকে রিফর্ম ইউকের প্রস্তাবের বিরুদ্ধে স্কটিশ পার্লামেন্টে প্রতিবাদ ও রাজনৈতিক বিরোধিতা জোরালো হয়েছে। ৪ নভেম্বর পার্লামেন্টে বোরকা ও নিকাবসহ জনসমাগমস্থলে মুখ ঢাকার পোশাক নিষিদ্ধ করার পক্ষে দলটির আনা প্রস্তাব প্রত্যাখ্যাত হয়। স্কটিশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, অপরাধ বা বিশৃঙ্খলার সঙ্গে পরিচয় গোপন করার সংশ্লিষ্টতা থাকলে মুখের আবরণ সরানোর জন্য পুলিশের বিদ্যমান আইনি ক্ষমতাই বর্তমানে যথেষ্ট।
বিতর্কটি এখন স্কটল্যান্ডে ধর্মীয় স্বাধীনতা, নারীর পোশাকের অধিকার, জননিরাপত্তা এবং অভিবাসী ও সংখ্যালঘু সম্প্রদায়ের সামাজিক অবস্থান নিয়ে নতুন রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে।
সূত্রঃ দ্য ইন্ডিপেনডেন্ট
এমকে

