30.7 C
London
August 12, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

গোমূত্র কিনবে ভারত সরকারঃ লিটারপ্রতি ২০ রুপি দেওয়ার পরিকল্পনা

ভারতের উত্তর প্রদেশে গবাদিপশু পালনকে গ্রামীণ অর্থনীতির সঙ্গে যুক্ত করতে গোমূত্র সংগ্রহের একটি পরীক্ষামূলক প্রকল্প শুরু করেছে রাজ্য সরকার। বুলন্দশহর জেলার ১৫টি গ্রামে চালু হওয়া এই উদ্যোগে বর্তমানে প্রতিদিন প্রায় ৫০০ লিটার গোমূত্র সংগ্রহ করা হচ্ছে। সরকারি পরিকল্পনা অনুযায়ী, প্রকল্পটি সফল হলে ভবিষ্যতে গোমূত্র সংগ্রহের দাম লিটারপ্রতি ২০ রুপি পর্যন্ত বাড়ানো হতে পারে।

বর্তমানে গোমূত্র লিটারপ্রতি ১০ রুপি দরে সংগ্রহ করা হচ্ছে বলে একাধিক ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে। বুলন্দশহরের সায়ানা তহসিলের নরসেনা গ্রামের একটি কৃষক উৎপাদক সংগঠনের মাধ্যমে প্রকল্পটি পরিচালিত হচ্ছে। সংশ্লিষ্ট ১৫টি গ্রামে গোমূত্র সংগ্রহের জন্য স্থানীয় কেন্দ্র স্থাপন করা হয়েছে।

গ্রামগুলোতে ২০০ লিটার ধারণক্ষমতার বিশেষ ট্যাংকও স্থাপন করা হয়েছে। ফলে গবাদিপশুর মালিকদের দূরে গিয়ে গোমূত্র বিক্রি করতে হচ্ছে না। স্থানীয় পর্যায়েই সংগ্রহ ও সংরক্ষণের ব্যবস্থা থাকায় প্রকল্পের সঙ্গে আরও বেশি পরিবারকে যুক্ত করার সুযোগ তৈরি হয়েছে।

এই উদ্যোগে গ্রামীণ নারীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা দেওয়া হয়েছে। গোমূত্র সংগ্রহে সহযোগিতা করা নারীদের প্রতি লিটারে দুই রুপি করে কমিশন দেওয়া হচ্ছে। প্রাথমিক পর্যায়ে প্রায় ৩০০ নারী এই কার্যক্রমে যুক্ত হয়েছেন এবং তাদের প্রকল্পের অংশীদারও করা হয়েছে। সরকারের লক্ষ্য, এর মাধ্যমে গ্রামীণ নারীদের জন্য বাড়তি আয়ের সুযোগ তৈরি করা।

প্রকল্পটির আরেকটি উদ্দেশ্য হলো দুধ দেওয়া বন্ধ করে দেওয়া গবাদিপশুকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করা। সাধারণত দুধ উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার পরও এসব পশুর খাবার ও পরিচর্যার জন্য মালিকদের ব্যয় করতে হয়। গোমূত্র বিক্রির মাধ্যমে সেই পশুগুলো থেকেও অতিরিক্ত আয় করার সুযোগ তৈরি হবে বলে মনে করছে কর্তৃপক্ষ।

সংগৃহীত গোমূত্র সরাসরি কৃষিকাজে ব্যবহারের উপযোগী বিভিন্ন উপকরণ তৈরিতে কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে। বিভিন্ন ভেষজ উপাদানের সঙ্গে গোমূত্র মিশিয়ে কৃষিক্ষেতে ব্যবহারের জন্য প্রস্তুত করা হচ্ছে কিছু উপকরণ। এগুলো সমবায় ও স্থানীয় কমিটির মাধ্যমে কৃষকদের কাছে সরবরাহ করার পরিকল্পনাও রয়েছে। এর মাধ্যমে রাসায়নিক কৃষি উপকরণের ওপর নির্ভরতা কমিয়ে প্রাকৃতিক ও জৈব কৃষিকে উৎসাহিত করার লক্ষ্য রয়েছে।

সরকারি সূত্র অনুযায়ী, পরীক্ষামূলক প্রকল্পটি সফল হলে উত্তর প্রদেশের আরও এলাকায় এ ধরনের ব্যবস্থা চালুর জন্য একটি আনুষ্ঠানিক নীতিমালা তৈরি করা হতে পারে। সে ক্ষেত্রে গোমূত্র সংগ্রহকে শুধু গবাদিপশু পালনের একটি উপজাত হিসেবে না দেখে গ্রামীণ অর্থনীতির নতুন একটি আয়ের উৎস হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হবে।

তবে ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়ে রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে। বিরোধী সমাজবাদী পার্টি প্রকল্পটিকে কটাক্ষ করে এটিকে ‘কেলেঙ্কারি’ বলে অভিযোগ করেছে। দলটির দাবি, প্রকল্পটির আড়ালে নির্বাচনি তহবিল সংগ্রহের উদ্দেশ্য রয়েছে। বিজেপি অবশ্য এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে এবং বিরোধীদের উন্নয়নমূলক উদ্যোগের বিরোধিতা করার অভিযোগ তুলেছে।

সূত্রঃ এনডিটিভি

এম.কে

আরো পড়ুন

সিবিএস নিউজের জরিপঃ ইরানের সঙ্গে যুদ্ধকে ‘ইচ্ছাকৃত যুদ্ধ’ মনে করেন দুই-তৃতীয়াংশ আমেরিকান

মণিপুরের পাঁচ জেলায় অনির্দিষ্টকালের কারফিউ, ইন্টারনেট বন্ধ

আশ্রয়প্রার্থীদের আবাসন নিয়ে বৃটেন ও ইউরোপ জোরে নেয়া হচ্ছে নানা বিতর্কিত পরিকল্পনা