11.1 C
London
October 25, 2026
TV3 BANGLA
স্পোর্টস

চীনে স্কুল ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের নামে খেলা দলের ৫ ম্যাচে ১৪৬ গোল হজম

চীনে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৮ স্কুল ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের নামে অংশ নেওয়া একটি দল পাঁচ ম্যাচে ১৪৬ গোল হজম করেছে। তবে কোনো ম্যাচেই গোল করতে পারেনি দলটি। বাংলাদেশের এই দলের অংশগ্রহণ সম্পর্কে কিছুই জানে না বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের সুজৌ শহরে আন্তর্জাতিক স্কুল স্পোর্টস ফেডারেশনের (আইএসএফ) আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে ৩১টি দেশ ও অঞ্চলের ৫১টি দল অংশ নিয়েছে।

বাংলাদেশের নামে একটি দল টুর্নামেন্টে অংশ নিলেও বাফুফে জানিয়েছে, তারা কোনো দল পাঠায়নি। বাফুফের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব কালবেলাকে বলেছেন, এই প্রতিযোগিতায় বাংলাদেশের কোনো দলের অংশগ্রহণ সম্পর্কে ফেডারেশনের কাছে তথ্য নেই।

তিনি বলেন, সাধারণত কোনো দেশ থেকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বাফুফেকে আনুষ্ঠানিকভাবে জানায় এবং কারিগরি সহযোগিতা নেয়। এবার তেমন কিছুই হয়নি।

বাফুফের মিডিয়া বিভাগের ধারণা, চীনের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করা শিক্ষার্থীদের নিয়ে দলটি গঠন করা হয়ে থাকতে পারে। পরে বাংলাদেশের নাম ব্যবহার করে দলটিকে প্রতিযোগিতায় নিবন্ধন করা হয়।

গ্রুপ ‘সি’-তে চেক প্রজাতন্ত্র, জার্মানি ও মরক্কোর বিপক্ষে খেলেছে বাংলাদেশের নামে অংশ নেওয়া দলটি। চেক প্রজাতন্ত্রের কাছে ২৭-০, জার্মানির কাছে ৩৫-০ এবং মরক্কোর কাছে ৩৩-০ গোলে হারে তারা। গ্রুপ পর্বের তিন ম্যাচেই দলটি মোট ৯৫ গোল হজম করে।

এরপর শেষ ৩২ দলের পর্বে আলজেরিয়ার কাছে ৪০-০ গোলে পরাজিত হয় দলটি। পরে ৩২তম থেকে ২৫তম স্থান নির্ধারণী প্লে-অফে হাইতির কাছে ১১-০ গোলে হারে তারা।

পাঁচ ম্যাচে বাংলাদেশের নামে অংশ নেওয়া দলটির বিপক্ষে প্রতিপক্ষরা মোট ১৪৬ গোল করেছে। অর্থাৎ প্রতি ম্যাচে গড়ে ২৯ দশমিক ২টি গোল হজম করেছে দলটি।

একই টুর্নামেন্টে বেনিনের কাছে ২৭ গোল হজম করে আলোচনায় এসেছে ভারতও। তবে বাংলাদেশের নামে অংশ নেওয়া দলটি শুধু আলজেরিয়ার বিপক্ষেই ৪০ গোল হজম করেছে।

আইএসএফের আনুষ্ঠানিক বুলেটিনে বাংলাদেশের নামের পাশে ছেলেদের দলসহ একটি প্রতিনিধি দলের উল্লেখ রয়েছে। অর্থাৎ বাফুফে অবগত না থাকলেও কেউ একজন প্রতিযোগিতায় বাংলাদেশের নামে দল নিবন্ধন করেছে।

২০২৪ সালে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের প্রথম আসরেও বাংলাদেশের নামে একটি মেয়েদের দলের অংশগ্রহণের তথ্য ছিল। তবে ওই দলটিও ফেডারেশনের অজ্ঞাতসারে নিবন্ধিত হয়েছিল কি না, সে বিষয়ে আইএসএফের নথিতে স্পষ্ট কোনো তথ্য নেই।

১৯৭২ সালে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক স্কুল স্পোর্টস ফেডারেশন একটি বৈশ্বিক স্কুল ক্রীড়া সংস্থা। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির স্বীকৃত এই সংস্থাটি সাধারণত ১৮ বছরের কম বয়সী ক্রীড়াবিদদের নিয়ে প্রতিযোগিতার আয়োজন করে। টুর্নামেন্টটি আইএসএফের নিয়মে পরিচালিত হলেও ম্যাচগুলো ফিফার ফুটবল আইন অনুসারে অনুষ্ঠিত হয়।

সূত্রঃ টিবিএস

এমকে

আরো পড়ুন

কাতার বিশ্বকাপে ইসরায়েলের দর্শকদের ফিলিস্তিন নামে নিবন্ধন করতে হবে

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন তামিম

ইংল্যান্ডের পথে তামিম-মিরাজরা