ব্রিটেনের ইপসউইচ শহরে সন্ধ্যা নামলেই নেমে আসে আতঙ্ক—এমন অভিযোগ স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের। ইংল্যান্ডের সাফোক অঞ্চলের এই বন্দর শহরের কেন্দ্রীয় এলাকায় সন্ধ্যার পর পরিবেশ অনেকের কাছে ‘ভৌতিক সিনেমা’ কিংবা ‘ভূতের শহরের’ মতো মনে হচ্ছে। নিরাপত্তাহীনতার আশঙ্কায় অনেকে সন্ধ্যার শুরুতেই শহরের কেন্দ্র ছেড়ে চলে যাচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা ও দীর্ঘদিন ধরে সেখানে কাজ করা ব্যক্তিদের অভিযোগ, শহরের বিভিন্ন সড়ক ও বেঞ্চে কিছু দলবদ্ধ পুরুষের অবস্থান পথচারীদের মধ্যে ভীতি তৈরি করছে। পাশাপাশি দ্রুতগতিতে সাইকেল চালানোর কারণে পথচারীরা ঝুঁকিতে পড়ছেন। কোথাও কোথাও লোকজনের উচ্চস্বরে চিৎকার ও বিশৃঙ্খল আচরণেও পরিবেশ অস্বস্তিকর হয়ে উঠছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শহরের কেন্দ্রীয় এলাকার পরিবেশ আগের তুলনায় খারাপ হয়েছে। দোকান থেকে বারবার চুরির ঘটনা, প্রকাশ্যে মাদক সেবন এবং গৃহহীন মানুষের উপস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। এসব সমস্যার কারণে সন্ধ্যার পর শহরের কেন্দ্রীয় এলাকায় স্বাভাবিকভাবে চলাফেরা করতে অনেকে স্বাচ্ছন্দ্যবোধ করছেন না।
নিরাপত্তা নিয়ে উদ্বেগের পাশাপাশি এর প্রভাব পড়ছে স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও। ব্যবসায়ীদের অভিযোগ, সন্ধ্যার পর শহরের কেন্দ্রে মানুষের আনাগোনা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। কয়েক বছর ধরে কিছু ব্যবসাপ্রতিষ্ঠানের আয়ও ব্যাপকভাবে কমেছে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।
স্থানীয়দের মতে, পরিবার নিয়ে সন্ধ্যার পর শহরের কেন্দ্রে যাওয়া এড়িয়ে চলার প্রবণতা বেড়েছে। এতে দোকানপাট ও অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানে ক্রেতার সংখ্যা কমে যাওয়ার পাশাপাশি শহরের প্রাণচাঞ্চল্যও হ্রাস পাচ্ছে।
ইপসউইচের বাসিন্দাদের এসব অভিযোগ শহরের কেন্দ্রীয় এলাকার নিরাপত্তা, জনশৃঙ্খলা ও ব্যবসায়িক পরিবেশ নিয়ে উদ্বেগ তুলে ধরেছে।
সূত্রঃ ডেইলি এক্সপ্রেস
এমকে

