জুলাই ২০২৪-এর গণ-অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের বিরুদ্ধে দমন-পীড়নে সেনা সদস্যদের নেতৃত্ব দেওয়ার অভিযোগে ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থেকে বরখাস্ত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। একই সঙ্গে তার স্ত্রী লেফটেন্যান্ট কর্নেল ফাতিমা জোহরা খানমকেও সম্পদের উৎস ও মালিকানার সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারার অভিযোগে বরখাস্ত করা হয়েছে।
সেনাবাহিনীর অভ্যন্তরীণ তদন্তে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, দুর্নীতি এবং অজ্ঞাত উৎসের সম্পদ অর্জনের অভিযোগ উঠে আসার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডেইলি ওয়াদা।
প্রতিবেদন অনুযায়ী, গত ১২ নভেম্বর সেনাসদরের মিলিটারি সেক্রেটারি শাখা থেকে দুই কর্মকর্তার বরখাস্তের পৃথক আদেশ জারি করা হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ১১ নভেম্বরের একটি প্রজ্ঞাপনের ভিত্তিতে জারি করা আদেশ দুটি আগামী ১৭ নভেম্বর বিকেল থেকে কার্যকর হবে। ওই সময় থেকে তাদের সামরিক চাকরির আনুষ্ঠানিক অবসান ঘটবে।
দুই কর্মকর্তার বরখাস্তের আদেশে ১৯৫২ সালের আর্মি অ্যাক্টের ১৬ ধারা এবং সংশ্লিষ্ট সামরিক বিধিমালা উল্লেখ করা হয়েছে। এই ধারার আওতায় সামরিক আদালতে বিচার ছাড়াই সরকার কোনো কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত বা অপসারণ করতে পারে।
আদেশের শিরোনামে অবসরসংক্রান্ত শব্দ ব্যবহার করা হলেও চাকরি থেকে অব্যাহতির ধরন হিসেবে স্পষ্টভাবে ‘বরখাস্ত’ উল্লেখ করা হয়েছে। তবে এই দুই কর্মকর্তার বিরুদ্ধে পরবর্তী সময়ে সামরিক বা বেসামরিক আদালতে ফৌজদারি মামলা করা হবে কি না, তা এখনো পরিষ্কার নয়।
ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেন ২০২৪ সালের জুলাইয়ে গণ-অভ্যুত্থানের সময় ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেডের কমান্ডার ছিলেন। ১৯ জুলাই তৎকালীন শেখ হাসিনা সরকার কারফিউ জারি করে সেনাবাহিনী মোতায়েনের পর ঢাকার বিভিন্ন এলাকায় ওই ব্রিগেডের সদস্যরা দায়িত্ব পালন করেন।
একই সময়ে ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদের নেতৃত্বাধীন ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের সদস্যরাও ঢাকার বিভিন্ন এলাকায় মোতায়েন ছিলেন।
ডেইলি ওয়াদার প্রতিবেদনে বলা হয়েছে, ওই সময় বিভিন্ন আবাসিক এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযান, বাড়ি বাড়ি তল্লাশি এবং শিক্ষার্থী ও বিরোধী রাজনৈতিক কর্মীদের আটক করার ঘটনা ঘটে। আটক ব্যক্তিদের অনেককে আগে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল। প্রথম আলোর এক প্রতিবেদনে ওই সময়ে ঢাকায় অন্তত ২ হাজার ৪১৬ জনকে গ্রেপ্তারের তথ্য উল্লেখ করা হয়েছিল।
ডেইলি ওয়াদার প্রতিবেদক ২০২৪ সালের জুলাইয়ের শেষ দিকে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করেছিলেন, ভিডিও ফুটেজে সেনা সদস্যদের উপস্থিতিতে আটকের ঘটনা দেখা গেছে। ওই প্রতিবেদনে জাকারিয়া ও ইমরানকে সংশ্লিষ্ট দুই ব্রিগেডের কমান্ডার হিসেবে শনাক্ত করা হয়েছিল।
তবে জাকারিয়ার বিরুদ্ধে আন্দোলন দমনে কঠোর ব্যবস্থা নেওয়ার পক্ষে ব্যক্তিগতভাবে অবস্থান নেওয়ার অভিযোগও তুলেছেন তদন্তসংশ্লিষ্ট সামরিক সূত্রগুলো। সূত্রগুলোর দাবি, আন্দোলনকারীদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার পক্ষে ছিলেন তিনি। যদিও তার ব্যক্তিগত ভূমিকা নিয়ে এসব অভিযোগ স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।
২০২৫ সালের ৫ এপ্রিল জাকারিয়াকে ঢাকা সেনানিবাসে গৃহবন্দি করা হয়েছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ওই সময় আরও চারজন কর্মকর্তার বিরুদ্ধে আন্দোলনকালীন কর্মকাণ্ড নিয়ে তদন্ত চলছিল। পরবর্তী সময়ে তাকে ব্রিগেড কমান্ডের দায়িত্ব থেকে সরিয়ে সেনাসদরের এমঅ্যান্ডকিউ পরিদপ্তরে সংযুক্ত করা হয়।
জাকারিয়ার স্ত্রী লেফটেন্যান্ট কর্নেল ফাতিমা জোহরা খানম সেনাবাহিনীর ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স কোরের কর্মকর্তা। তিনি সেনা কল্যাণ সংস্থায় দায়িত্ব পালন করছিলেন।
প্রতিবেদনে বলা হয়েছে, ফাতিমার নামে নিবন্ধিত বিপুল পরিমাণ সম্পদের সন্ধান পাওয়ার পর তদন্ত শুরু হয়। এসব সম্পদের মালিকানা এবং তা অর্জনে ব্যবহৃত অর্থের উৎস সম্পর্কে প্রয়োজনীয় নথিপত্র ও ব্যাখ্যা দিতে দুই কর্মকর্তাকে বলা হয়েছিল।
তদন্তসংশ্লিষ্ট সামরিক সূত্রগুলোর অভিযোগ, জাকারিয়া ও তার স্ত্রী সম্পদের উৎস সম্পর্কে সন্তোষজনক ব্যাখ্যা কিংবা প্রয়োজনীয় প্রমাণ দিতে পারেননি।
এ ছাড়া জাকারিয়ার বিরুদ্ধে জাতীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর বলে বিবেচিত কয়েকজন ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগও তদন্তে উঠে এসেছে বলে দাবি করা হয়েছে। তবে ওই ব্যক্তিদের পরিচয় কিংবা যোগাযোগের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
ডেইলি ওয়াদা জানিয়েছে, তদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন এখনো প্রকাশ করা হয়নি। পাশাপাশি বরখাস্তের আদেশে ঠিক কোন অভিযোগগুলোকে সিদ্ধান্তের ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়েছে, সেটিও স্পষ্ট নয়। এ বিষয়ে জাকারিয়া ও ফাতিমার বক্তব্য জানার চেষ্টা করেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
দুই কর্মকর্তার বরখাস্তের খবরের পাশাপাশি রোববার বাংলাদেশ সেনাবাহিনীতে বড় ধরনের পদায়ন ও পদোন্নতির ঘটনাও ঘটেছে। সাতজন মেজর জেনারেলকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে এবং তিনজন ব্রিগেডিয়ার জেনারেলকে মেজর জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল সাজ্জাদকে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংয়ের (বিপসট) কমান্ড্যান্ট করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন ১১ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল তৌহিদ।
বিপসটের বিদায়ী কমান্ড্যান্ট মেজর জেনারেল মাসিহুরকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মহাপরিচালক করা হয়েছে।
এ ছাড়া চারটি পদাতিক ডিভিশনের নেতৃত্বেও পরিবর্তন আনা হয়েছে। জাতীয় প্রতিরক্ষা কলেজে দায়িত্ব পালন করা মেজর জেনারেল সাজেদকে ৭ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে। ৭ পদাতিক ডিভিশনের বিদায়ী জিওসি মেজর জেনারেল রাজিকে ৫৫ পদাতিক ডিভিশনের দায়িত্ব দেওয়া হয়েছে।
৫৫ পদাতিক ডিভিশনের বিদায়ী জিওসি মেজর জেনারেল হাফিজকে এবং ১৯ পদাতিক ডিভিশনের কমান্ডার মেজর জেনারেল মাহমুদকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, ব্রিগেডিয়ার জেনারেল ইমানি ও ব্রিগেডিয়ার জেনারেল মোজাম্মেলকে পদোন্নতি দিয়ে যথাক্রমে ১১ ও ১৯ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে। সশস্ত্র বাহিনী বিভাগের ব্রিগেডিয়ার জেনারেল রাজুকেও মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে জাতীয় প্রতিরক্ষা কলেজে সিনিয়র ডিরেক্টিং স্টাফ (আর্মি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীতে এর আগেও আর্মি অ্যাক্টের ১৬ ধারা প্রয়োগ করে জ্যেষ্ঠ কর্মকর্তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ২০২৪ সালের ৬ আগস্ট, শেখ হাসিনা দেশ ছাড়ার এক দিন পর মেজর জেনারেল জিয়াউল আহসানকে বরখাস্ত করা হয়। একই ধারায় ২০২৪ সালের সেপ্টেম্বরে লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমানকেও বরখাস্ত করা হয়েছিল। এ ছাড়া আরও তিনজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
২০২৫ সালের অক্টোবরে গুম ও অন্যান্য অপরাধের অভিযোগসংক্রান্ত মামলায় ১৫ জন কর্মরত সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল।
সর্বশেষ এই ঘটনায় একই পরিবারের দুই কর্মরত সেনা কর্মকর্তা ভিন্ন ভিন্ন অভিযোগে চাকরি হারালেন। বাধ্যতামূলক অবসরের সঙ্গে বরখাস্তের পার্থক্য হলো, বরখাস্তের মাধ্যমে একজন কর্মকর্তার সামরিক চাকরির আনুষ্ঠানিক অবসান ঘটে।
তবে ব্রিগেডিয়ার জেনারেল জাকারিয়া হোসেন ও লেফটেন্যান্ট কর্নেল ফাতিমা জোহরা খানমের বিরুদ্ধে আরও কোনো শাস্তিমূলক ব্যবস্থা কিংবা ফৌজদারি কার্যক্রম নেওয়া হবে কি না, সে বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
সূত্রঃ ডেইলি ওয়াদা
এমকে

