TV3 BANGLA
আন্তর্জাতিক

‘জেডি, হাবিবি!’—ভ্যান্সকে খোঁচা দিয়ে ভাইরাল মুসলিম সিনেটর আব্দুল এল-সায়েদ

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে উদ্দেশ করে ‘জেডি, হাবিবি!’—মাত্র দুটি শব্দ উচ্চারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন নবনির্বাচিত মুসলিম সিনেটর আব্দুল এল-সায়েদ। নির্বাচনী প্রচারণায় মুসলিম ও আরব পরিচয় নিয়ে রাজনৈতিক আক্রমণের মুখে পড়ার পর বিজয় মঞ্চে তার এই সংক্ষিপ্ত বক্তব্য এখন যুক্তরাষ্ট্রের ইন্টারনেট জগতে ভাইরাল।

মিশিগান অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করে জয়ী হয়েছেন মিশরীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট নেতা ও সাবেক জনস্বাস্থ্য কর্মকর্তা আব্দুল এল-সায়েদ। তার এই বিজয়কে ঐতিহাসিক হিসেবে তুলে ধরছে বিভিন্ন মহল।

নির্বাচনী প্রচারণার সময় মাইক রজার্সের পক্ষে সমাবেশে অংশ নিয়ে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এল-সায়েদের তীব্র সমালোচনা করেছিলেন। তার মুসলিম ও আরব বংশোদ্ভূত পরিচয় নিয়েও রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছিল। নির্বাচনে বিজয়ের পর সেই সমালোচনার জবাব দিতে গিয়ে এল-সায়েদ সরাসরি ভ্যান্সকে উদ্দেশ করে বলেন, ‘জেডি, হাবিবি!’

এরপর তিনি আরও বলেন, ‘কী চমৎকার পরিহাস! সংবিধান অনুযায়ী আগামী জানুয়ারিতে এই তুমিই আমাকে সিনেটর হিসেবে শপথ পাঠ করাবে।’

এল-সায়েদের বক্তব্যের রাজনৈতিক তাৎপর্য এখানেই। যে ভাইস প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় তার বিরোধিতা করেছিলেন, নির্বাচনে জয়ী হওয়ার পর সেই ভ্যান্সকেই তাকে সিনেটর হিসেবে শপথ পড়ানোর দায়িত্ব পালন করতে হবে। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী ভাইস প্রেসিডেন্ট সিনেটের সভাপতি হিসেবে নতুন সিনেটরদের শপথ পাঠ করান।

এল-সায়েদের এই বক্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। বিশেষ করে ‘জেডি হাবিবি’ শব্দবন্ধটি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। টিকটক, ইনস্টাগ্রাম ও এক্সে বক্তব্যটির ভিডিও ছড়িয়ে পড়ে। অনেকে এআই দিয়ে গান, ব্যঙ্গাত্মক ভিডিও এবং ‘জেডি হাবিবি’ লেখা টি-শার্ট তৈরি করে সামাজিক মাধ্যমে প্রকাশ করছেন।

এদিকে গুগল সার্চেও ‘হাবিবি অর্থ’, ‘জেডি হাবিবি’সহ বিভিন্ন শব্দ লিখে অনুসন্ধানের প্রবণতা বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মিশিগান, ডেলাওয়্যার ও ওয়েস্ট ভার্জিনিয়ায় এ অনুসন্ধান বিশেষভাবে আলোচনায় এসেছে।

আরবি ভাষায় ‘হাবিবি’ শব্দের অর্থ ‘আমার প্রিয়’ বা ‘আমার ভালোবাসা’। আরব সংস্কৃতিতে বন্ধু, স্বজন কিংবা পরিচিত কাউকে স্নেহপূর্ণ সম্বোধনে শব্দটি ব্যবহার করা হয়। তবে পরিস্থিতি ও বলার ভঙ্গির ওপর নির্ভর করে এটি রসিকতা কিংবা ব্যঙ্গাত্মক সম্বোধন হিসেবেও ব্যবহৃত হতে পারে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আব্দুল এল-সায়েদ তার আরব-আমেরিকান পরিচয়কে আড়াল না করে বরং সেটিকে আত্মবিশ্বাসের সঙ্গে রাজনৈতিক বক্তব্যে ব্যবহার করেছেন। নির্বাচনী প্রচারণায় পরিচয় নিয়ে আক্রমণের মুখে পড়লেও বিজয়ের পর আরবি শব্দের মাধ্যমে তার জবাব দেওয়া রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ।

ভাইস প্রেসিডেন্টকে উদ্দেশ করে দেওয়া এই সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে এল-সায়েদ নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার এক নতুন অধ্যায় সামনে এনেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘জেডি হাবিবি’ এখন শুধু একটি শব্দবন্ধ নয়, বরং রাজনৈতিক বিদ্রূপ, পরিচয় ও বিজয়ের প্রতীক হিসেবে আলোচনায় উঠে এসেছে।

সূত্রঃ এপি

এমকে

আরো পড়ুন

হরমুজে ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইরানের নির্দেশনা

ভারতের মন্দির নগরীতে শত শত নারীকে ধর্ষণের পর মাটিচাপার অভিযোগ

যেসব দেশে সম্পত্তি কিনলেই মিলবে নাগরিকত্ব