TV3 BANGLA
আন্তর্জাতিক

ট্রাম্পের স্যোশাল মিডিয়ায় মোদির নাম প্রচারে মাসে ৭৫ হাজার ডলারের চুক্তি ভারতের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পর্ক ও যোগাযোগ জোরদার করতে যুক্তরাষ্ট্রের একটি প্রভাবশালী লবিং প্রতিষ্ঠানের সঙ্গে মাসে ৭৫ হাজার ডলারের চুক্তি করেছিল ভারত সরকার। মার্কিন লবিং প্রতিষ্ঠান মার্কারি পাবলিক অ্যাফেয়ার্সের সঙ্গে করা ওই চুক্তির তথ্য যুক্তরাষ্ট্রের বিদেশি এজেন্ট নিবন্ধন আইন বা ‘ফ্যারা’র (এফএআরএ) অধীনে জমা দেওয়া নথিতে উঠে এসেছে। বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে।

২০২৫ সালের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ওয়াশিংটনে অবস্থিত ভারতীয় দূতাবাস মার্কারি পাবলিক অ্যাফেয়ার্সের সঙ্গে এই চুক্তি করে। চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটিকে প্রতি মাসে ৭৫ হাজার মার্কিন ডলার দেওয়ার কথা ছিল। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ বিনিময় হার অনুযায়ী প্রায় ৯ কোটি টাকার কাছাকাছি।

মার্কিন সংবাদমাধ্যম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে জানা যায়, মার্কারি পাবলিক অ্যাফেয়ার্সের কাজের মধ্যে ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগ এবং ভারতের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো ওয়াশিংটনে তুলে ধরার কার্যক্রম অন্তর্ভুক্ত ছিল।

চুক্তিটি আলোচনায় আসে গত বছরের জুনে ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে। ওই পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানান ট্রাম্প। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালনের মাইলফলক অর্জন করায় মোদিকে শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি।

পরবর্তী সময়ে মার্কারি পাবলিক অ্যাফেয়ার্স যুক্তরাষ্ট্রের ফ্যারা আইনের অধীনে জমা দেওয়া তাদের নথিতে ট্রাম্পের ওই পোস্ট-সংক্রান্ত প্রচার কার্যক্রমের বিষয়টি উল্লেখ করে। এর ফলে প্রতিষ্ঠানটির সঙ্গে ভারতের চুক্তি এবং ট্রাম্পের পোস্টের মধ্যে সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন ওঠে।

তবে বিষয়টি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ভিন্ন ব্যাখ্যা দিয়েছে। মন্ত্রণালয়ের বক্তব্য, মার্কারি পাবলিক অ্যাফেয়ার্স ট্রাম্পের ওই পোস্টটি প্রচার ও সংশ্লিষ্ট যোগাযোগ কার্যক্রমে যুক্ত ছিল। কিন্তু ট্রাম্পকে দিয়ে পোস্টটি লেখানো কিংবা পোস্ট প্রকাশের ব্যবস্থা করার জন্য প্রতিষ্ঠানটিকে অর্থ দেওয়া হয়নি। অর্থাৎ, পোস্টটির প্রচার কার্যক্রমে লবিং প্রতিষ্ঠানের সম্পৃক্ততা থাকলেও সেটি তৈরিতে ট্রাম্পকে প্রভাবিত করার জন্য অর্থ পরিশোধের অভিযোগ ভারত অস্বীকার করেছে।

এদিকে, মার্কারি পাবলিক অ্যাফেয়ার্স ছাড়াও ভারত সরকার যুক্তরাষ্ট্রের আরেকটি লবিং প্রতিষ্ঠান এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসির সঙ্গে চুক্তি করেছিল। তবে পরবর্তী সময়ে ওই চুক্তি বাতিল করা হয়।

যুক্তরাষ্ট্রের ফ্যারা আইন অনুযায়ী, বিদেশি সরকার বা প্রতিষ্ঠানের হয়ে কাজ করা লবিস্ট ও এজেন্টদের তাদের কার্যক্রম, আর্থিক লেনদেন এবং সংশ্লিষ্ট যোগাযোগের তথ্য প্রকাশ করতে হয়। বিদেশি স্বার্থে পরিচালিত প্রভাব বিস্তারের কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করাই এই আইনের অন্যতম উদ্দেশ্য।

ভারতের এই চুক্তির তথ্য প্রকাশ্যে আসার পর যুক্তরাষ্ট্রে দেশটির কূটনৈতিক তৎপরতা, ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে লবিংয়ের ভূমিকা এবং জনমত প্রভাবিত করার কৌশল নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সূত্রঃ যুক্তরাষ্ট্রের ফ্যারা আইনের প্রকাশিত নথি

এমকে

আরো পড়ুন

দুবাই ভ্রমণ বিধিনিষেধ কঠোর করেছে: ভ্রমণের আগে যা জানা প্রয়োজন

ভারতে গাছে বেঁধে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে আগুনে পুড়িয়ে হত্যা

নামের সাথে ‘মোহাম্মদ’ থাকায় কানাডায় হেনস্থার শিকার বৃটিশ এমপি