6.4 C
London
February 5, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

ড. ইউনূসসহ ২০ উপদেষ্টার উপর নিষেধাজ্ঞা আরোপ নিয়ে ভুয়া ভিডিও

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ২০ জন উপদেষ্টার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন দাবি জানিয়ে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হচ্ছে, যা মিথ্যা ও বানোয়াট। এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান (ফ্যাক্ট চেক) রিউমার স্ক্যানার। তাদের অনুসন্ধানে জানা যায়, ভিডিওটি আসলে ভুয়া।

রিউমার স্ক্যানার জানায়, ডোনাল্ড ট্রাম্প ড. মুহাম্মদ ইউনূসসহ ২০ জন উপদেষ্টার উপর নিষেধাজ্ঞা ঘোষণা করেননি। বরং ভিন্ন ভিন্ন কয়েকটি ফুটেজ ব্যবহার করে ভিডিও তৈরির মাধ্যমে ভুয়া এই দাবিটি প্রচার করা হয়েছে। এই বিষয়ে অনুসন্ধানে আলোচিত ভিডিওটির কিছু অংশের রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে সাংবাদিক মাসুদ কামালের ইউটিউব চ্যানেল ‘কথা’তে ট্রাম্প দায়িত্ব নেয়ার পর বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আসবে কি না বিষয়ে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওটির সঙ্গে আলোচিত ভিডিওটির কিছু অংশের মিল রয়েছে। মূলত, উক্ত ভিডিওটির কয়েকটি অংশ সম্পাদনার মাধ্যমে আলোচিত ভিডিওটিতে ব্যবহার করা হয়েছে।

উক্ত ভিডিও পর্যবেক্ষণ করা দেখা যায়, ভিডিওতে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট ও অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমের ভিত্তিতে বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের পদক্ষেপ কেমন হতে পারে, এবং এই ইস্যুতে ভারতের দেশী ও যুক্তরাষ্ট্র প্রবাসী নাগরিকদের বিভিন্ন কার্যকলাপ নিয়ে আলোচনা করা হয়েছে। তবে সেখানে ড. মুহাম্মদ ইউনূসসহ অন্তর্বর্তীকালীন সরকারের ২০ জন উপদেষ্টাকে নিষেধাজ্ঞা দেয়া নিয়ে কোনো কথা বলা হয়নি।

একইসঙ্গে, ভিডিওটিতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র অনলাইন সংস্করণ থেকে গত ১৬ নভেম্বরের একটি প্রতিবেদন আংশিক পাঠ করা হয়। উক্ত প্রতিবেদনটি পর্যবেক্ষণ করে এতে আমেরিকা প্রবাসী ভারতীয়দের বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ইস্যুতে ট্রাম্পের সঙ্গে যোগাযোগের বিষয়ে উল্লেখ আছে, কিন্তু এতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নিষেধাজ্ঞার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

তাছাড়া, আলোচিত ভিডিওটিতে ড. ইউনূসকে উদ্দেশ্য করে ডোনাল্ড ট্রাম্পের একটি টুইট বার্তার উল্লেখ করা হয়েছে। কিন্তু যাচাই করে জানা গেছে, উক্ত টুইট বার্তাটি ডোনাল্ড ট্রাম্পের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট থেকে করা হয়নি। এটি তার নাম ব্যবহার করে পরিচালিত একটি ফ্যান অ্যাকাউন্ট থেকে প্রচার করা হয়েছে।

এই বিষয়ে নিশ্চিত হতে ডোনাল্ড ট্রাম্পের ভেরিফাইড ফেসবুক পেজ ও এক্স অ্যাকাউন্ট যাচাই করা হয়, কিন্তু সেখানে আলোচিত দাবির পক্ষে কোনো পোস্ট বা তথ্য পাওয়া যায়নি। তাছাড়া, জাতীয় বা আন্তর্জাতিক গণমাধ্যমে কিংবা বিশ্বস্ত সূত্রে ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ড. ইউনূসসহ ২০ জন উপদেষ্টার ওপর নিষেধাজ্ঞা ঘোষণার কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি৷

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ৪৭ তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প আগামী ২০ জানুয়ারি শপথ গ্রহণ করবেন। তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পূর্বে কোনো প্রকার নিষেধাজ্ঞা ঘোষণা করার দাবিটি যৌক্তিক নয়। সুতরাং, ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ড. মুহাম্মদ ইউনূসসহ অন্তর্বর্তীকালীন সরকারের ২০ জন উপদেষ্টার উপর নিষেধাজ্ঞা দেয়ার দাবিটি সঠিক নয়।

সূত্রঃ রিউমর স্ক্যানার

এম.কে
২০ ডিসেম্বর ২০২৪

আরো পড়ুন

ডিজিএফআই, এমআইএসটি, আনসার ও ভিডিপির শীর্ষ পদে রদবদল

২৬তম প্রধান বিচারপতি নিয়োগ, কে এই জুবায়ের রহমান

টেলিটক নিয়ে এলো প্যাকেজ ‘জেন-জি’, থাকছে যেসব সুবিধা