9.9 C
London
March 11, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

তেহরানে ‘বিষাক্ত কালো বৃষ্টি’, ইসরায়েলি হামলায় জ্বলছে তেল স্থাপনা

ইসরায়েলের বিমান হামলায় তেহরানের তেল স্থাপনা ও জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পর রাজধানীর আকাশে কালো ধোঁয়ার ঘন মেঘ জমে এবং শহরের বিভিন্ন এলাকায় তেলের মতো কালো বৃষ্টি ঝরার ঘটনা ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, এই বৃষ্টি অত্যন্ত দূষিত এবং এতে বিষাক্ত রাসায়নিক উপাদান থাকার আশঙ্কা রয়েছে।

শনিবার গভীর রাতে তেহরানের একটি তেল সংরক্ষণ কেন্দ্র ও সংশ্লিষ্ট জ্বালানি স্থাপনাকে লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলা চালানো হয়। হামলার পর তেল ট্যাংকে আগুন ধরে গেলে বিপুল পরিমাণ কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ে। সেই ধোঁয়া ও তেলের কণা বাতাসে মিশে পরে মেঘ তৈরি করে এবং বৃষ্টির সঙ্গে নিচে পড়তে শুরু করে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি সতর্ক করে জানিয়েছে, তেহরানে হওয়া এই বৃষ্টিতে বিষাক্ত হাইড্রোকার্বন যৌগ, সালফার অক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইড থাকতে পারে। এসব রাসায়নিকের কারণে অ্যাসিড বৃষ্টির মতো প্রতিক্রিয়া তৈরি হতে পারে, যা মানুষের ত্বকে রাসায়নিক পোড়া সৃষ্টি করতে পারে এবং শ্বাসতন্ত্রের গুরুতর ক্ষতি ঘটাতে পারে।

সংস্থাটি তেহরানের বাসিন্দাদের জরুরি সতর্কতা জারি করে ঘরের ভেতরে থাকার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে জানালা–দরজার ফাঁক ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখতে এবং বৃষ্টির পানির সংস্পর্শে আসা কাপড় দ্রুত খুলে আলাদা ব্যাগে সংরক্ষণ করতে বলা হয়েছে।

বৃষ্টির পর শহরের বিভিন্ন স্থানে যানবাহন ও বাড়ির বাইরের অংশে কালো তেলের মতো দাগ জমে থাকতে দেখা গেছে। রেড ক্রিসেন্ট বলেছে, এসব দূষিত কণা পরে শুকিয়ে বিষাক্ত ধূলিকণায় পরিণত হয়ে আবার বাতাসে ছড়িয়ে পড়তে পারে। এ কারণে যানবাহন ও বাড়ির বাইরের অংশ দ্রুত পানি দিয়ে ধুয়ে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, বৃষ্টির পানির ওপর তেলের স্তর জমে আছে। একটি ছবিতে দেখা যায়, এক চিকিৎসাকর্মীর সাদা ইউনিফর্মে কালো তেলের মতো ফোঁটা পড়ে রয়েছে।

ইসরায়েলের হামলায় তেহরানের একাধিক তেল ডিপো ও জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। এতে অন্তত কয়েকজন নিহত হওয়ার খবরও প্রকাশ করেছে বিভিন্ন সূত্র। হামলার পর শহরের আকাশ দীর্ঘ সময় ধরে কালো ধোঁয়ায় ঢেকে ছিল।

এই হামলার প্রভাব শুধু পরিবেশেই নয়, আন্তর্জাতিক জ্বালানি বাজারেও পড়তে শুরু করেছে। মধ্যপ্রাচ্যের তেল শিল্পে বড় ধরনের ক্ষতির আশঙ্কায় বিশ্ববাজারে তেলের দাম বাড়ার চাপ তৈরি হয়েছে।

অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রথম দিন নিহত হওয়ার পর দেশটির নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়াও ত্বরান্বিত হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টস সম্ভাব্য একজন প্রার্থীর পক্ষে সংখ্যাগরিষ্ঠ মতৈক্যে পৌঁছেছে, যদিও তার নাম এখনো প্রকাশ করা হয়নি।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভাব্য উত্তরসূরি হিসেবে খামেনির ছেলে মুজতবা খামেনির নাম আলোচনায় আসার বিষয়ে সমালোচনা করেছেন। তিনি সতর্ক করে বলেছেন, এমন সিদ্ধান্ত হলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র আবারও হস্তক্ষেপ করতে পারে।

প্রসঙ্গত, চলমান সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে তেল সরবরাহ ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্রঃ ফোর্বস

এম.কে

আরো পড়ুন

মদিনায় গড়ে তোলা হবে আধুনিক ইসলামি পর্যটন কেন্দ্র

শুক্রাণু-ডিম্বাণু ছাড়াই মানুষের ভ্রুণ তৈরি করল ইসরায়েলের বিজ্ঞানীরা

গ্রিন কার্ড লটারি স্থগিত করলেন ট্রাম্প