TV3 BANGLA
বাংলাদেশ

দক্ষিণ এশিয়ার সবচেয়ে অনিরাপদ শহর ঢাকাঃ অপরাধে শীর্ষে

দক্ষিণ এশিয়ার সবচেয়ে অনিরাপদ ও অপরাধপ্রবণ শহর হিসেবে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। অনলাইন ডাটাবেজ প্ল্যাটফর্ম নাম্বেও প্রকাশিত ২০২৬ সালের অর্ধবার্ষিক অপরাধ ও নিরাপত্তা সূচকে ঢাকার অপরাধ সূচক ৬২ দশমিক ২ এবং নিরাপত্তা সূচক ৩৭ দশমিক ৮ দেখানো হয়েছে। এই সূচকের ভিত্তিতে দক্ষিণ এশিয়ার বড় শহরগুলোর মধ্যে ঢাকাকে সবচেয়ে অপরাধপ্রবণ শহর হিসেবে চিহ্নিত করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তান, ভারত, নেপাল ও শ্রীলঙ্কার বেশ কয়েকটি বড় শহরের তুলনায় ঢাকার নিরাপত্তা পরিস্থিতি পিছিয়ে রয়েছে। একই সঙ্গে বৈশ্বিক তালিকায় অপরাধপ্রবণ শহরগুলোর মধ্যে ঢাকার অবস্থান ৫৯তম। অর্থাৎ বিশ্বের বড় শহরগুলোর মধ্যে অপরাধের দিক থেকে ঢাকা শীর্ষ ১৫ শতাংশের মধ্যে রয়েছে।

অন্যদিকে বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর হিসেবে তালিকার শীর্ষে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি। শহরটির অপরাধ সূচক মাত্র ১১ দশমিক ১ এবং নিরাপত্তা সূচক ৮৮ দশমিক ৯।

এদিকে রাজধানীসহ সারাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যেই দেশজুড়ে পুলিশের জন্য জরুরি সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে, দুষ্কৃতিকারী বা উগ্রবাদী সংগঠনের সদস্যরা পুলিশের ব্যবহৃত জিপ, পিকআপ, বাসসহ বিভিন্ন যানবাহনে নাশকতার চেষ্টা করতে পারে।

শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দপ্তরের অপারেশন্স কন্ট্রোল শাখা থেকে পাঠানো এক জরুরি বার্তায় দেশের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়। বার্তায় বলা হয়, ডিউটিরত যানবাহন সাময়িকভাবে কোথাও থামালে তা অবশ্যই নিরাপদ স্থানে রাখতে হবে এবং কোনো অবস্থাতেই নজরদারিহীন অবস্থায় ফেলে রাখা যাবে না।

এছাড়া দায়িত্ব শেষে থানা, অফিস কম্পাউন্ড কিংবা পুলিশ লাইন্সে পার্কিং করা যানবাহনের নিরাপত্তাও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। সম্ভাব্য নাশকতা ঠেকাতে মাঠপর্যায়ের ইউনিটগুলোকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর।

বিশ্লেষকদের মতে, অপরাধ ও নিরাপত্তা সূচকে ঢাকার নিম্ন অবস্থান এবং একই সময়ে পুলিশের এমন জরুরি সতর্কতা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে নাম্বেওর সূচক ব্যবহারকারীদের স্বেচ্ছায় দেওয়া তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়; এটি কোনো সরকারি অপরাধ পরিসংখ্যান নয়। অন্যদিকে পুলিশের সতর্কতা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সম্ভাব্য নাশকতা প্রতিরোধের একটি প্রতিরোধমূলক ব্যবস্থা বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সূত্রঃ নাম্বেও

এম.কে

আরো পড়ুন

দেশের গণ্ডি পেরিয়ে কচুর লতি যাচ্ছে লন্ডনে

বাংলাদেশিদের জন্য চালু হয়েছে যুক্তরাজ্যের ‘গ্রেট স্কলারশিপ’, আবেদন যেভাবে

ইসরায়েলকে ড. ইউনূসের ১ হাজার কোটি টাকা দেওয়ার দাবিটি ভুয়াঃ প্রেস উইং