TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র, বাম-ঘেঁষা নেতা অ্যান্ডি বার্নহ্যাম। এর ফলে তিনিই হচ্ছেন দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী। মেকারফিল্ডের এই এমপি সোমবার বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মারের হাত থেকে দায়িত্ব বুঝে নেবেন।

দলের নেতা এবং হবু প্রধানমন্ত্রী হিসেবে মঞ্চে ওঠার পর তাকে দাঁড়িয়ে অভিবাদন জানান দলের নেতা-কর্মীরা। দায়িত্ব নিয়েই বার্নহ্যাম দৃঢ়কণ্ঠে ঘোষণা করেছেন, ‘আই হ্যাভ আ প্ল্যান’।

বিদায়ী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে তার নেতৃত্বের জন্য ধন্যবাদ জানিয়ে বার্নহ্যাম বলেন, ‘এটি এক অনন্য মুহূর্ত।’ দলের দায়িত্ব নিয়ে তিনি তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং লক্ষ্যগুলো তুলে ধরেন।

বক্তব্যের শেষে দলের কর্মীদের আশার বাণী শুনিয়ে তিনি বলেন, ‘আমি জানি আমি কী বিশ্বাস করি এবং আমি কী করতে চাই। আমার কাছে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা আছে (আই হ্যাভ আ প্ল্যান)। আমি আপনাদের সবার ওপর বিশ্বাস রাখি এবং আমি আত্মবিশ্বাসী যে আমরা এটি করতে পারব।’

দায়িত্ব গ্রহণের পর বার্নহ্যাম পাঁচটি প্রধান প্রতিশ্রুতি দিয়েছেনঃ

১. ‘এক লেবার টিম’ গঠনঃ দলের অভ্যন্তরীণ কোন্দলকে দায়ী করে বার্নহ্যাম বলেন, দলাদলি লেবার পার্টিকে ক্ষতিগ্রস্ত করেছে। একটি বিভক্ত দল কখনোই ব্রিটেনের নতুন ডানপন্থীদের হারাতে পারবে না। তাই তিনি ঐক্যবদ্ধ দল গঠনের ওপর জোর দেন।

২. নতুন ধারার রাজনীতিঃ বার্নহ্যাম দাবি করেন, জনগণ রাজনীতিতে পরিবর্তন চায়। মেকারফিল্ড উপ-নির্বাচনে তার সাফল্যের কথা উল্লেখ করে তিনি বলেন, নতুন রাজনীতির প্রয়োজনীয়তা নিয়ে তিনি সততার সাথে কথা বলেছেন বলেই ভোটাররা তাকে গ্রহণ করেছে। তিনি সতর্ক করে বলেন, ‘পরিবর্তনের জন্য এটাই আমাদের শেষ সুযোগ।’

৩. রাজনৈতিক দিকনির্দেশনা সংস্কারঃ বার্নহ্যাম জানান, তিনি অন্য দলগুলোর সাথে মিলে কাজ করবেন, তবে লেবার পার্টি এখন থেকে অন্য কারো রাজনীতি ধার না করে বরং ‘সাহসের সাথে নিজস্ব নীতি’ নিয়ে এগিয়ে যাবে।

৪. পুরো যুক্তরাজ্যের নেতা হওয়াঃ তিনি কেবল নির্দিষ্ট কোনো অঞ্চলের নয়, বরং উত্তর-দক্ষিণ, পূর্ব-পশ্চিম এবং স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডসহ পুরো যুক্তরাজ্যের নেতা হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। দেশকে একটি সাধারণ উদ্দেশ্যে ঐক্যবদ্ধ করার অঙ্গীকার করেন তিনি।

৫. ক্ষমতার বিকেন্দ্রীকরণঃ ওয়েস্টমিনিস্টার থেকে ক্ষমতা বিকেন্দ্রীকরণের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তিনি বলেন, তিনি স্থানীয় এলাকাগুলোতে ক্ষমতা ফিরিয়ে দিতে চান।

বার্নহ্যামের নেতৃত্বে লেবার পার্টি নতুন কাউন্সিল হাউজ (সরকারি আবাসন) নির্মাণ, স্থানীয় হাই স্ট্রিটগুলোর পুনর্জাগরণ এবং শিক্ষা ব্যবস্থার উন্নতির ওপর গুরুত্ব দেবে বলে আভাস পাওয়া গেছে। তবে তার শীর্ষ দলে বা ‘শ্যাডো ক্যাবিনেটে’ কারা থাকছেন, সে বিষয়ে তিনি এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানাননি।

এম.কে

আরো পড়ুন

আবারো মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করল যুক্তরাজ্য

অনলাইন ডেস্ক

বাংলাদেশ ভ্রমণ নিয়ে যুক্তরাজ্যের সতর্কতা জারি

অষ্টম সন্তানের বাবা হলেন বরিস জনসন