TV3 BANGLA
প্রবাসে বাংলাদেশ

দারুল হাদীস লতীফিয়ার কমিউনিটি ইফতার অনুষ্ঠিত, ৯ রমাদ্বানে লাইভ চ্যারেটিতে সহযোগিতার আহ্বান

লন্ডনে দারুল হাদীস লতীফিয়া-র উদ্যোগে এক হৃদ্যতা ও আন্তরিক পরিবেশে কমিউনিটি ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার, ৭ রমাদ্বান, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রতিষ্ঠানটির হলরুমে এ মাহফিল আয়োজিত হয়। এতে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, কমিউনিটি লিডার, অভিভাবক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ হাসান চৌধুরী এবং পরিচালনা করেন গভর্নিং বডির চেয়ারম্যান মাওলানা ফরিদ আহমদ চৌধুরী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মুহাদ্দিস মাওলানা শিহাব উদ্দিন। এছাড়া সাবেক স্পিকার আহবাব হুসাইন গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। বক্তারা পবিত্র রমাদ্বানের ফজিলত, তাকওয়া অর্জনের গুরুত্ব এবং এই বরকতময় মাস থেকে আত্মিক উন্নতি লাভের উপায় নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।

গভর্নিং বডির চেয়ারম্যান মাওলানা ফরিদ আহমদ চৌধুরী উপস্থিত সবার প্রতি ফান্ডরেইজিং আপিলে অংশগ্রহণের আহ্বান জানান। তিনি বিশেষভাবে আগামী বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ (৯ রমাদ্বান) তারিখে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল চ্যানেল এস-এ সম্প্রচারিত লাইভ ফান্ডরেইজিং প্রোগ্রামে প্রতিষ্ঠানটির পাশে দাঁড়ানোর অনুরোধ জানান।

প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ হাসান চৌধুরী তার বক্তব্যে জানান, আলহামদুলিল্লাহ—প্রতিষ্ঠানের নতুন প্রেয়ার হল সম্প্রসারণ ও শ্রেণিকক্ষ নির্মাণ কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। তবে প্রকল্প বাস্তবায়নে £২৫০,০০০ করজে হাসানাহ গ্রহণ করতে হয়েছে, যা দ্রুত পরিশোধ করা জরুরি। তিনি রমাদ্বানের এই বরকতময় সময়ে যুক্তরাজ্যের অন্যতম প্রাচীন ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানকে সহযোগিতার জন্য কমিউনিটির প্রতি উদাত্ত আহ্বান জানান।

অনুষ্ঠানে মাদ্রাসার দীর্ঘদিনের ট্রাস্টি আলহাজ বশির উদ্দিন আহমদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করা হয়। প্রতিষ্ঠানের জন্য তার অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

এছাড়া অনুষ্ঠানে মাওলানা আব্দুল কাহহার, মাওলানা মুফতি আশরাফুর রহমান, মাওলানা আব্দুল আওয়াল হেলাল, হেডটিচার হাফিজ মাওলানা আনহার আহেদ, গভর্নিং বডির সদস্য জনাব কামার উদ্দিন চৌধুরী পাপলু, জনাব বদরুল ইসলাম, মাওলানা মুসলে উদ্দিন, মাওলানা মোঃ আব্দুল কুদ্দুস, জনাব হারুন রশীদ, ইজাজ আহমেদ, মাওলানা মুজতবা হাসান চৌধুরী নুমান, মাওলানা রাফি আহমদ, জনাব সদরুল ইসলামসহ আরও অনেক আলেম-উলামা ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মুসলিম উম্মাহ, স্থানীয় কমিউনিটি ও প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালিত হয়। মাহফিলটি ভ্রাতৃত্ব, ঐক্য ও পারস্পরিক সহযোগিতার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে উপস্থিতদের মাঝে ইতিবাচক সাড়া জাগায়।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন সৌদি, দুবাই, লেবাননফেরত শ্রমিকরা

প্রাক্তন বন্ধুকে হত্যার দায়ে লন্ডনে দুই বাংলাদেশি মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন

অনলাইন ডেস্ক

নিউইয়র্কে বিলবোর্ডে আলোতে ঝলমল সুনামগঞ্জের অহী