13.7 C
London
May 12, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

দুবাইয়ে স্থায়ী হচ্ছেন সাবেক ইংল্যান্ড তারকাঃ যুক্তরাজ্যের করব্যবস্থার কঠোর সমালোচনা

যুক্তরাজ্যের করব্যবস্থা ও জনসেবার মান নিয়ে কঠোর সমালোচনা করেছেন সাবেক ইংল্যান্ড ফুটবল তারকা রিও ফার্দিনান্দ। সম্প্রতি মধ্যপ্রাচ্যের করমুক্ত নগরী দুবাইয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করা এই তারকা দাবি করেন, লন্ডনের তুলনায় দুবাইয়ে তার সন্তানরা বেশি স্বাধীনতা ও নিরাপত্তা পাচ্ছে।

৪৭ বছর বয়সী ফার্দিনান্দ গত বছর স্ত্রী কেট ফার্দিনান্দ ও সন্তানদের নিয়ে দুবাইয়ে পাকাপাকি ভাবে চলে যান। সেখানে প্রায় ৬৫ লাখ পাউন্ড (প্রায় ৮৪ কোটি টাকা) মূল্যের সাত বেডরুমের বিলাসবহুল বাড়িতে উঠেছেন তারা। বাড়িটিতে রয়েছে বিশাল বাগান, অত্যাধুনিক সুবিধা ও সুইমিং পুল।

নতুন জীবন নিয়ে অত্যন্ত উচ্ছ্বসিত এই ফুটবল তারকা। তিনি বলেন, ‘‘লন্ডনের চেয়ে দুবাইয়ে সন্তানরা বেশি স্বাধীন।’’ তার ১৪ বছর বয়সী মেয়ে এখানকার জীবন খুব উপভোগ করছে, পাঁচ বছর বয়সী ছেলে খোলামেলা পরিবেশে বেশি ফুটবল খেলতে পেরে আনন্দিত। কেট ফার্দিনান্দও জানান, তারা এখন দুবাইকেই নিজেদের বাড়ি মনে করেন এবং সেখানে নিজেদের নিরাপদ ও মূল্যায়িত মনে হয়।

তবে সবকিছু মসৃণ ছিল না। চলতি বছরের মার্চে ইরানের সঙ্গে আঞ্চলিক উত্তেজনা চরমে ওঠার সময় ড্রোন হামলার আতঙ্কে কিছুদিনের জন্য দুবাই ছাড়তে বাধ্য হন এই দম্পতি। সে সময় নিজেদের বাড়ির বেজমেন্টে আশ্রয় নেওয়ার পর তারা পর্তুগালে তাদের অবকাশযাপন কেন্দ্রের বাড়িতে অবস্থান নেন। পরে লন্ডন ও মালদ্বীপ সফর শেষে গত মাসে আবার দুবাইয়ে ফিরে আসেন।

যুক্তরাজ্যের প্রতি ক্ষোভ উগরে দিয়ে রিও ফার্দিনান্দ বলেন, ‘‘জনগণ কর দিতে আপত্তি করত না, যদি স্বাস্থ্যসেবাসহ রাষ্ট্রীয় সেবাগুলো কার্যকরভাবে পরিচালিত হতো। কিন্তু বর্তমানে বহু খাতে অব্যবস্থা ও দুর্বলতা থাকায় করের অর্থ সঠিকভাবে জনগণের কল্যাণে ব্যয় হচ্ছে কি না, তা নিয়ে বড় প্রশ্ন রয়েছে।’’

এদিকে, যুক্তরাজ্যের কেন্ট এলাকার অরপিংটনে থাকা প্রায় এক কোটি পাঁচ লাখ পাউন্ড (প্রায় ১৩৭ কোটি টাকা) মূল্যের নিজের প্রাসাদ বিক্রির জন্য বাজারে তুলেছেন রিও ফার্দিনান্দ। ধারণা করা হচ্ছে, তিনি স্থায়ীভাবেই যুক্তরাজ্য ছেড়ে মধ্যপ্রাচ্যে বসবাসের সিদ্ধান্ত নিয়েছেন।

তবে পুরোপুরি যুক্তরাজ্যের ছেড়ে যেতে পারেননি কেট ফার্দিনান্দ। তিনি স্বীকার করেন, ‘‘দুবাইয়ে ভালো লাগলেও নিজের একটি অংশ যেন এখনও যুক্তরাজ্যেই রয়ে গেছে। লন্ডনের অনেক কিছুই আমি মিস করি।’’

সূত্রঃ দ্য ডেইলি মেইল

এম.কে

আরো পড়ুন

ক্যানসার আক্রান্তের পর প্রথমবার জনসম্মুখে ব্রিটিশ রাজবধূ ক্যাথরিন

গাজায় প্রথমবারের মতো বিমান থেকে ত্রাণ ছড়াল যুক্তরাজ্য

দক্ষিণ ইয়র্কশায়ারে ১৮০০ কর্মসংস্থান তৈরি করবে ইকো এয়ারশিপ

অনলাইন ডেস্ক