11.6 C
London
March 12, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে ত্রয়োদশ জাতীয় সংসদের ঐতিহাসিক অধিবেশন শুরু

দীর্ঘ দেড় বছরের অন্তর্বর্তী শাসনব্যবস্থা অতিক্রম করে বাংলাদেশে গণতান্ত্রিক ধারাবাহিকতার নতুন অধ্যায় সূচিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে গঠিত এই সংসদকে ঘিরে জনমনে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল ও প্রত্যাশা।

অধিবেশনের শুরুতে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে এক বিশেষ সাংবিধানিক পরিস্থিতির সৃষ্টি হয়। সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী প্রবীণ রাজনীতিবিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। সংসদ সদস্যদের সমর্থনে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন।

সভাপতির নাম ঘোষণার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের পক্ষ থেকে পূর্ণ সমর্থন জানান। একই প্রস্তাবে বিরোধী দলের পক্ষ থেকে সমর্থন জানান বিরোধীদলের উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বেই পরবর্তীতে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়।

স্পিকার পদে একমাত্র মনোনয়ন পান বিএনপির স্থায়ী কমিটির সদস্য, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও ভোলা–৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। সংসদ সদস্য ও চিফ হুইপ নুরুল ইসলাম তার নাম প্রস্তাব করেন এবং হুইপ রকিবুল ইসলাম প্রস্তাবটি সমর্থন করেন। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনি সর্বসম্মতিক্রমে স্পিকার নির্বাচিত হন।

অপরদিকে ডেপুটি স্পিকার পদে একমাত্র মনোনয়ন পান সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। সরকারি দলের সংসদ সদস্য ও হুইপ রুহুল কুদ্দুস তালুকদার তার নাম প্রস্তাব করেন এবং হুইপ আশরাফ উদ্দীন নিজান তা সমর্থন করেন। সংসদে প্রস্তাবটি উপস্থাপনের পর কণ্ঠভোটে ‘হ্যাঁ’ সূচক সমর্থনের মাধ্যমে তিনি ডেপুটি স্পিকার নির্বাচিত হন।

পরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় সংসদে রাষ্ট্রপতির কার্যালয়ে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালকে শপথ পড়ান। দুপুর ১২টার পর অনুষ্ঠিত এই শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে ত্রয়োদশ সংসদের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে নতুন নেতৃত্ব পায়।

অধিবেশনের দর্শক সারিতে দেশের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি ছিল লক্ষণীয়। সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান উপস্থিত থেকে সংসদের এই ঐতিহাসিক মুহূর্ত প্রত্যক্ষ করেন। এছাড়া উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। নৌ ও বিমানবাহিনীর প্রধানসহ বিদেশি কূটনীতিক এবং দেশের শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে সংসদ কক্ষ ছিল পূর্ণ।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরপর গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের ফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংবিধানের বিধান অনুযায়ী বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হলো। এই অধিবেশনের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক বাস্তবতায় সংসদীয় কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।

সূত্রঃ ইত্তেফাক

এম.কে

আরো পড়ুন

তারেক রহমানকে ঠেকাতে বড় চক্রান্ত সক্রিয়—নূরুল কবীরের অভিযোগ

ভারতে পালানোর সময় সিলেট সীমান্তে আওয়ামী লীগ নেতা আটক

বিএনপিতে যোগ দিলেন শহীদ মুগ্ধর ভাই স্নিগ্ধ