TV3 BANGLA
আন্তর্জাতিক

নতুন সরকার গঠনের আগে ইরানে হামলা নয়ঃ নেতানিয়াহুকে সতর্ক করলেন আইজেনকোট

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করেছেন দেশটির বিরোধী রাজনীতিক ও সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট। নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত ইরানসহ জাতীয় নিরাপত্তাসংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে বড় কোনো সামরিক পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (১১ নভেম্বর) নেতানিয়াহুকে পাঠানো এক চিঠিতে আইজেনকোট বলেন, বর্তমান সংবেদনশীল রাজনৈতিক পরিস্থিতিতে প্রধানমন্ত্রীকে জাতীয় দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। নতুন সরকার গঠন এবং পার্লামেন্টের আস্থা অর্জন না করা পর্যন্ত ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

চিঠিতে আইজেনকোট বলেন, ‘আমি দাবি জানাচ্ছি, এই সংবেদনশীল সময়ে আপনি জাতীয় দায়িত্বশীলতার পরিচয় দিন। নতুন সরকার শপথ নেওয়া পর্যন্ত সংযম ও সতর্কতা অবলম্বন করুন। যেসব বিপজ্জনক পদক্ষেপ নতুন সরকার গঠন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারে, সেগুলো এখন নেওয়া উচিত নয়।’

এর আগে মঙ্গলবার ইসরায়েলের সংবাদমাধ্যম এন১২-এর এক প্রতিবেদনে বলা হয়, ইরানে সম্ভাব্য সামরিক অভিযান নিয়ে নেতানিয়াহু ও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামিরের মধ্যে নতুন করে মতবিরোধ দেখা দিয়েছে। সামরিক পদক্ষেপের বিষয়ে দুই পক্ষের মধ্যে মতপার্থক্য আবারও সামনে এসেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনের পরও ইসরায়েলে নতুন সরকার গঠন নিয়ে রাজনৈতিক অচলাবস্থা চলছে। নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট এবং তাকে ক্ষমতা থেকে সরাতে আগ্রহী রাজনৈতিক শিবিরের মধ্যে সমঝোতা না হওয়ায় নতুন সরকার এখনো গঠিত হয়নি। এর মধ্যে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন নেতানিয়াহু।

নতুন সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন গাদি আইজেনকোট। প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ তাকে সরকার গঠনের জন্য ২৮ দিন সময় দিয়েছেন। প্রয়োজনে আরও ১৪ দিন সময় বাড়ানোর সুযোগ রয়েছে। এদিকে মঙ্গলবার নতুন পার্লামেন্টের ২৬তম অধিবেশন শুরু হয়েছে।

নেতানিয়াহুকে সতর্ক করার পাশাপাশি ইসরায়েলের অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ-মিয়ারার কাছেও হস্তক্ষেপ চেয়েছেন আইজেনকোট। বর্তমান নিরাপত্তা পরিস্থিতি ও গোয়েন্দা মূল্যায়ন সম্পর্কে নিয়মিত তথ্য পাওয়ার ব্যবস্থা নিশ্চিত করতে তাকে অনুরোধ করেছেন তিনি।

আইজেনকোটের বক্তব্য, আইন অনুযায়ী ইসরায়েলের প্রধানমন্ত্রীকে অন্তত মাসে একবার বিরোধীদলীয় নেতাকে নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে অবহিত করতে হয়। কিন্তু নতুন সরকার গঠন নিয়ে আলোচনা চলায় এখনো আনুষ্ঠানিকভাবে নতুন বিরোধীদলীয় নেতা নিয়োগ দেওয়া হয়নি। ফলে তিনি নিজেকে নিয়মিত নিরাপত্তা ব্রিফিং পাওয়ার উপযুক্ত ব্যক্তি হিসেবে বিবেচনা করছেন।

অ্যাটর্নি জেনারেলকে লেখা চিঠিতে তিনি বলেন, প্রেসিডেন্টের কাছ থেকে সরকার গঠনের দায়িত্ব পাওয়ায় বর্তমান পরিস্থিতিতে তাকে নিয়মিত ও পূর্ণাঙ্গ নিরাপত্তা ব্রিফিং এবং গোয়েন্দা মূল্যায়নে প্রবেশাধিকার দেওয়া প্রয়োজন। এতে সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার ওপর কার্যকর নজরদারি এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।

আইজেনকোটের অভিযোগের জবাবে নেতানিয়াহুর দপ্তর জানিয়েছে, সরকারের সব নিরাপত্তাসংক্রান্ত সিদ্ধান্ত সম্পূর্ণভাবে নিরাপত্তার স্বার্থ বিবেচনা করে এবং সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নেওয়া হয়েছে।

দপ্তরের বিবৃতিতে বলা হয়, এসব সিদ্ধান্ত ইসরায়েলের জন্য নজিরবিহীন সাফল্য বয়ে এনেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। ভয় ও বিভক্তি ছড়ানোর পরিবর্তে সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হয়।

আইজেনকোটের চিঠিকে দায়িত্বজ্ঞানহীন আখ্যা দিয়ে নেতানিয়াহুর দপ্তর আরও বলেছে, সংবেদনশীল নিরাপত্তা বিষয় প্রকাশ্যে তুলে ধরে তিনি জাতীয় নিরাপত্তাকে রাজনৈতিক বিতর্কে পরিণত করার চেষ্টা করছেন।

তবে পাল্টা প্রতিক্রিয়ায় আইজেনকোট প্রশ্ন তুলেছেন, প্রচলিত নিয়ম অনুযায়ী সরকারি চ্যানেলের মাধ্যমে নিরাপত্তা ও সামরিক কার্যক্রমসংক্রান্ত তথ্য পাওয়ার অনুরোধ নেতানিয়াহু কেন প্রত্যাখ্যান করছেন।

এ ছাড়া পার্লামেন্টের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির বৈঠক পরবর্তী সপ্তাহ পর্যন্ত পিছিয়ে দেওয়ার চেষ্টারও সমালোচনা করেছেন তিনি। আইজেনকোটের দাবি, আস্থা হারানো সরকারের ওপর নজরদারির ক্ষেত্রে কোনো শূন্যতা তৈরি হতে দেওয়া যাবে না।

সূত্রঃ দ্য জেরুজালেম পোস্ট

এমকে

আরো পড়ুন

বিশাল সোনার খনি বিক্রি করে দিচ্ছে পাকিস্তান!

আমরা এখনো শুরুই করিনি—যুক্তরাষ্ট্রকে কিসের হুঁশিয়ারি দিলেন গালিবাফ

‘পতনের দ্বারপ্রান্তে মোদি’, দিল্লিতে বড় বিক্ষোভের ডাক বিরোধী ইন্ডিয়া জোটের