TV3 BANGLA
আন্তর্জাতিক

নাইকির পোশাক ও লোগো ব্যবহার নিষিদ্ধ করল লিবিয়ার শীর্ষ ইসলামি কর্তৃপক্ষঃ ফতোয়া জারি

বিশ্বখ্যাত ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাইকির পোশাক কেনা, বিক্রি ও পরিধান করা থেকে লিবিয়ার মুসলিমদের বিরত থাকার নির্দেশ দিয়ে ফতোয়া জারি করেছে দেশটির সর্বোচ্চ ইসলামি কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির লোগো এবং নামের সঙ্গে পৌত্তলিকতার সম্পর্ক রয়েছে—এমন যুক্তি তুলে ধরে এই ধর্মীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল-এর প্রতিবেদনে বলা হয়, লিবিয়ার সর্বোচ্চ ইসলামি কর্তৃপক্ষ দার আল-ইফতা এই ফতোয়া জারি করে। দেশটির শীর্ষ ইসলামি আইনজ্ঞ সাদিক আল-গারিয়ানিও এতে অনুমোদন দিয়েছেন।

ফতোয়ায় বলা হয়েছে, নাইকি নামটি গ্রিক বিজয়ের দেবী ‘নাইকি’র নাম থেকে এসেছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির পরিচিত লোগোটি ওই দেবীর ডানার আদলে তৈরি। ফলে এসব প্রতীক একাধিক উপাস্যের প্রতি বিশ্বাস বা পৌত্তলিকতার সঙ্গে সম্পর্কিত বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

এ ছাড়া নাইকির বিরুদ্ধে ইসরায়েলকে সমর্থন করার অভিযোগও তুলেছে দার আল-ইফতা। ইসরায়েলকে সমর্থনকারী প্রতিষ্ঠানগুলোর পণ্য বর্জনের আহ্বান জানিয়েছে তারা।

লিবিয়ায় নাইকির নিজস্ব কোনো দোকান পরিচালিত হয় না। তবে বিভিন্ন ক্রীড়াসামগ্রীর বিক্রেতার মাধ্যমে দেশটিতে প্রতিষ্ঠানটির পণ্য পাওয়া যায়। স্থানীয় বাজারে নকল নাইকি পণ্যও বিক্রি হতে দেখা যায়।

এদিকে, নাইকির বিরুদ্ধে এটাই লিবিয়ার ইসলামি কর্তৃপক্ষের প্রথম এমন পদক্ষেপ নয়। এর আগে গত বছর ফরাসি বিলাসবহুল ব্র্যান্ড ভ্যান ক্লিফ অ্যান্ড আরপেলসের বিরুদ্ধেও ফতোয়া জারি করেছিল দার আল-ইফতা। সে সময় প্রতিষ্ঠানটির চার পাতার ক্লোভার নকশাকে খ্রিস্টধর্মের সঙ্গে সম্পর্কিত দাবি করে ইসলামি শিক্ষার পরিপন্থী বলে উল্লেখ করা হয়েছিল।

২০১১ সালে সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়া রাজনৈতিকভাবে বিভক্ত। দেশটির বিভিন্ন অঞ্চলে প্রতিদ্বন্দ্বী কর্তৃপক্ষ কার্যক্রম পরিচালনা করছে। দার আল-ইফতার ধর্মীয় প্রভাব থাকলেও তাদের জারি করা ফতোয়া আইনগতভাবে বাধ্যতামূলক নয়।

এদিকে, দেশটিতে ধর্মীয় রক্ষণশীলতার প্রভাব বৃদ্ধি নিয়েও বিতর্ক চলছে। ২০২৫ সালে পূর্ব লিবিয়ার কর্তৃপক্ষ ইসলামি মূল্যবোধ লঙ্ঘনের অভিযোগ তুলে র‍্যাপ সংগীত, থিয়েটার ও নৃত্য পরিবেশনার ওপর বিধিনিষেধ আরোপ করে। পরবর্তী সময়ে পশ্চিম লিবিয়াতেও এসব বিধিনিষেধ সম্প্রসারণ করা হয়।

নাইকির পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ডেইলি মেইল জানিয়েছে, মন্তব্য জানতে প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

সূত্রঃ ডেইলি মেইল

এমকে

আরো পড়ুন

নস্ত্রাদামুসের ৪৫০ বছর আগের ভবিষ্যদ্বাণী, ২০২৪ সালে যুদ্ধে জড়াবে চীন

ব্রিটিশ বিমানবাহী রণতরী ‘খেলনা’—মধ্যপ্রাচ্য যুদ্ধ ঘিরে ডোনাল্ড ট্রাম্পের কটাক্ষ

ধ্বংসের দোরগোড়ায় আরও এক মার্কিন ব্যাংক

নিউজ ডেস্ক