TV3 BANGLA
আন্তর্জাতিক

পাকিস্তানে আফগান শিক্ষার্থীদের মেডিকেল শিক্ষা বন্ধ, দেশে ফেরার নির্দেশ

পাকিস্তানে অধ্যয়নরত আফগান শিক্ষার্থীদের চিকিৎসাবিদ্যা ও দন্ত চিকিৎসার পড়াশোনা স্থগিতের নির্দেশ দিয়েছে দেশটির পাকিস্তান মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (পিএমডিসি)। একই সঙ্গে বর্তমানে দেশটির বিভিন্ন মেডিকেল ও ডেন্টাল প্রতিষ্ঠানে পড়াশোনা করা আফগান শিক্ষার্থীদের আফগানিস্তানে ফিরে যেতে বলা হয়েছে।

পিএমডিসির জারি করা এক দাপ্তরিক চিঠির বরাতে আফগান সংবাদমাধ্যম খামা প্রেস জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পাকিস্তানের সরকারি ও বেসরকারি সব চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানে এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

পিএমডিসি জানিয়েছে, সরকারের উচ্চপর্যায়ের জাতীয় নীতিগত নির্দেশনা এবং গত ৩০ জুলাই অনুষ্ঠিত কাউন্সিলের বৈঠকে নেওয়া সিদ্ধান্তের ভিত্তিতেই নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, পাকিস্তানের কোনো মেডিকেল বা ডেন্টাল প্রতিষ্ঠানে আফগান শিক্ষার্থীদের নতুন করে ভর্তি করা যাবে না। অর্থাৎ চিকিৎসাবিদ্যা ও দন্ত চিকিৎসায় আফগান শিক্ষার্থীদের জন্য নতুন ভর্তি প্রক্রিয়া পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে।

ইতোমধ্যে ভর্তি হওয়া শিক্ষার্থীদেরও পড়াশোনা স্থগিত রেখে আফগানিস্তানে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পড়াশোনার মাঝপথে পাকিস্তানের একটি মেডিকেল বা ডেন্টাল প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরের সুযোগও বন্ধ করে দেওয়া হয়েছে।

তবে যেসব আফগান শিক্ষার্থী ইতোমধ্যে তাদের কোর্স সম্পন্ন করেছেন, তাদের ক্ষেত্রে আলাদা নির্দেশনা দিয়েছে পিএমডিসি। এসব শিক্ষার্থীর ডিগ্রি অর্জন এবং পাকিস্তান ছাড়ার বিষয়টি যথাযথভাবে নথিবদ্ধ ও নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

পিএমডিসি পাকিস্তানের সব সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল বিশ্ববিদ্যালয় ও কলেজকে তাদের প্রতিষ্ঠানে অধ্যয়নরত আফগান শিক্ষার্থীদের বিস্তারিত তথ্য জমা দিতে বলেছে। নির্ধারিত সময়সীমার মধ্যে এসব তথ্য কাউন্সিলের কাছে পাঠাতে হবে।

তথ্য জমা দেওয়ার ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠান ব্যর্থ হলে, বিলম্ব করলে কিংবা ইচ্ছাকৃতভাবে তথ্য গোপন করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে পিএমডিসি।

পাকিস্তানের মেডিকেল ও ডেন্টাল শিক্ষার মান, শিক্ষা প্রতিষ্ঠান এবং পেশাগত নিবন্ধন নিয়ন্ত্রণকারী সংবিধিবদ্ধ সংস্থা হিসেবে পিএমডিসি এই সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্বে রয়েছে।

হঠাৎ এই সিদ্ধান্তের ফলে পাকিস্তানে চিকিৎসাবিদ্যা ও দন্ত চিকিৎসা নিয়ে পড়াশোনা করা আফগান শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অনিশ্চয়তার মুখে পড়েছে। যারা ইতোমধ্যে কয়েক বছর পড়াশোনা করেছেন, তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবন নিয়েও নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে।

নতুন ভর্তি বন্ধের পাশাপাশি বর্তমান শিক্ষার্থীদের দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়ায় পাকিস্তানে আফগান শিক্ষার্থীদের চিকিৎসা শিক্ষা কার্যত বড় ধরনের বাধার মুখে পড়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই অবস্থার পরিবর্তন হবে কি না, সেটিই এখন তাদের জন্য সবচেয়ে বড় অনিশ্চয়তা।

সূত্রঃ পিএমডিসি\খামা প্রেস

এম.কে

 

 

আরো পড়ুন

ইউরোপীয় ইউনিয়নে মুসলিম সম্প্রদায়ের উপর বাড়ছে বৈষম্য

চার্চ অব ইংল্যান্ডের প্রধানের পদত্যাগ

ভারতের আলীগড় বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে মুসলিম শিক্ষককে মাথায় গুলি করে হত্যা