TV3 BANGLA
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর বিদেশ সফরে বিদায়-সংবর্ধনায় বিমানবন্দরে থাকবে না মন্ত্রী-আমলাদের লম্বা লাইন

প্রধানমন্ত্রী বিদেশ সফরে গেলে তাকে বিদায় জানাতে বিমানবন্দরে মন্ত্রী, সচিব ও বিভিন্ন বাহিনীর কর্মকর্তাদের দীর্ঘ সারি দেখা যেত। দেশে ফেরার সময়ও একই দৃশ্য চোখে পড়তো। তবে এবার সেই প্রচলিত রেওয়াজে ভাঙতে যাচ্ছে।

 

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও দেশে প্রত্যাবর্তনের সময় বিমানবন্দরে কোন কোন রাষ্ট্রীয় কর্মকর্তা উপস্থিত থাকবেন—এ বিষয়ে বুধবার (৪ মার্চ) নতুন নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর মাধ্যমে বিমানবন্দরে অপ্রয়োজনীয় ভিড় কমানো এবং আনুষ্ঠানিকতা সীমিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর সরকারি ও রাষ্ট্রীয় সফরের সময় এবং দেশে ফেরার সময় নির্ধারিত কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বিমানবন্দরে উপস্থিত থাকবেন। তাদের মধ্যে মন্ত্রিসভার জ্যেষ্ঠতম সদস্য একজন মন্ত্রী, বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ এবং মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব।

মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ বিষয়ে পূর্বে জারি করা ২০২৪ সালের ২৮ আগস্টের একটি সার্কুলার বাতিল করে নতুন নির্দেশনা কার্যকর করা হয়েছে।

এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়, পুলিশ হেডকোয়ার্টার্স, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অনুলিপি পাঠানো হয়েছে।

এম.কে

আরো পড়ুন

সাবেক ডিএমপি কমিশনার গোলাম ফারুক আটক

প্রত্যাবর্তন ইস্যুতে লন্ডনে শৃঙ্খলার বার্তা তারেক রহমানের

বিডিআর হত্যাকাণ্ড তদন্তে কমিশন গঠন, যারা আছেন!