TV3 BANGLA
আন্তর্জাতিক

ফ্রান্সে মাদক চক্রের হয়ে খুন করছে শিশু-কিশোররাঃ স্যোশাল মিডিয়াতে চলছে নিয়োগ

ফ্রান্সের বন্দরনগরী মার্সেইয়ে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও বিস্তার ঘটাতে শিশু-কিশোরদের ব্যবহার করছে সংঘবদ্ধ অপরাধী চক্রগুলো। শুরুতে অর্থ উপার্জনের প্রলোভন দেখিয়ে তাদের মাদক বিক্রিতে যুক্ত করা হচ্ছে। পরে ধীরে ধীরে অপহরণ, নির্যাতন, অস্ত্র ব্যবহার এমনকি হত্যাকাণ্ডের মতো ভয়াবহ অপরাধেও জড়ানো হচ্ছে তাদের। সামাজিক যোগাযোগমাধ্যমে চাকরির বিজ্ঞাপনের আড়ালে দেশের বিভিন্ন অঞ্চল থেকে কিশোরদের সংগ্রহ করছে এসব চক্র।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে ফ্রান্সের মাদক সাম্রাজ্যের এই ভয়াবহ চিত্র উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালে মার্সেইয়ের ফ্রেইস-ভালোঁ আবাসিক এলাকায় গাঁজা কিনতে গিয়ে এক নারী মাদক বিক্রেতার কাছ থেকে একটি চিরকুট পান। সেখানে লেখা ছিল, ‘আমাদের বন্দী করে রাখা হয়েছে। সাহায্য প্রয়োজন। আমাদের বয়স ১৫ বছর।’ ওই চিরকুটের মাধ্যমে দুই কিশোরের বন্দিদশার বিষয়টি সামনে আসে।

তারা দুজনই সহজে অর্থ উপার্জনের আশায় মাদক চক্রে যোগ দিয়েছিল। একজন অর্থের হিসাব রাখত, অন্যজন মাদক বিক্রি করত। কিন্তু বিক্রির টাকার হিসাব নিয়ে সন্দেহ তৈরি হওয়ার পর তাদের ওপর শুরু হয় নিয়মিত নির্যাতন। তাদের ক্যামেরার সামনে নগ্ন হয়ে নাচতে বাধ্য করা হয় এবং সেই ভিডিও দিয়ে ব্ল্যাকমেল করা হয়। এমনকি একজনকে ধর্ষণও করা হয়। পালানোর চেষ্টা করলে একজনকে ধরে মারধর ও ছুরিকাঘাত করা হয়। এ ঘটনায় ছয়জনকে কারাদণ্ড দিয়েছেন আদালত।

বিবিসির অনুসন্ধানে উঠে এসেছে, মার্সেইয়ের সবচেয়ে শক্তিশালী অপরাধী সংগঠনগুলোর একটি ‘ডিজেড মাফিয়া’ শিশু-কিশোরদের নিয়োগ করে অপরাধের পরিধি বাড়াচ্ছে। ২০২৩ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বিবৃতি প্রকাশের মাধ্যমে সংগঠনটি নিজেদের অপরাধী ব্র্যান্ড হিসেবে পরিচিত করার চেষ্টা শুরু করে। সংগঠনটির অন্যতম প্রতিষ্ঠাতা ফরাসি-আলজেরীয় নাগরিক মেহদি লারিবি বর্তমানে আলজেরিয়ায় আটক রয়েছেন।

ফ্রান্সের মাদকবিরোধী ইউনিটের প্রধান দিমিত্রি জুলাসের দেওয়া তথ্য অনুযায়ী, দেশটিতে কোকেন ব্যবহারকারীর সংখ্যা ২০১৭ সালের প্রায় ছয় লাখ থেকে বেড়ে ২০ লাখের কাছাকাছি পৌঁছানোর পথে। মাদক পাচারের মাধ্যমে বছরে প্রায় ৭০০ কোটি ইউরো আয় হচ্ছে। এ কারবারে জড়িত প্রায় দুই লাখ মানুষ। ২০২৫ সালে ১০ হাজারের বেশি শিশু কোনো না কোনোভাবে মাদক পাচারের সঙ্গে যুক্ত হয়েছে।

কীভাবে কিশোরদের অপরাধে জড়ানো হয়, সে বিষয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন চক্রটির সাবেক সদস্য ২০ বছর বয়সী ক্যামিল। তার ভাষ্য, অপরাধী চক্রগুলো তরুণদের মনস্তত্ত্ব বুঝে তাদের চাহিদা পূরণের প্রতিশ্রুতি দেয়। দামি গাড়ি, বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, মাদক ও যৌনসঙ্গীর প্রলোভন দেখিয়ে তাদের আকৃষ্ট করা হয়। একবার চক্রের প্রতি আনুগত্য তৈরি হলে সেখান থেকে বেরিয়ে আসা কঠিন হয়ে পড়ে। সদস্যদের ব্যক্তিগত দুর্বলতাকে কাজে লাগিয়ে তাদের নিয়ন্ত্রণ করা হয়।

অন্যদিকে, হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কারাগারে থাকা ডিজেড মাফিয়ার সদস্য আদম (ছদ্মনাম) বিবিসিকে জানিয়েছেন, নির্মমতা ও নির্দয় আচরণের কারণে তিনি সংগঠনের ওপরের সারিতে জায়গা করে নিয়েছিলেন। তার বিরুদ্ধে একাধিক হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তিনি জানান, কখনো প্রকাশ্য দিবালোকে, আবার কখনো যানজটের মধ্যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এসব ঘটনায় কিছুটা অপরাধবোধ থাকলেও অনুশোচনা নেই বলে দাবি করেন তিনি।

মাদক চক্রের সহিংসতার শিকারদের মধ্যে রয়েছে ১৫ বছর বয়সে বাড়ি ছেড়ে পালানো হুগো। ফ্রান্সের উত্তরাঞ্চলের নর্দ বিভাগের বাসিন্দা হুগো ২০২৩ সালে মার্সেইয়ে একটি রেস্তোরাঁয় কাজের কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল। তিন সপ্তাহ পর তার মাকে একজন চিকিৎসক ফোন করে জানান, হুগোর মাথায় গুলি লেগেছে।

পুলিশের ধারণা, মাদক চক্রের নিয়ন্ত্রিত এলাকা থেকে তাকে আহত অবস্থায় চিকিৎসার জন্য আনা হয়েছিল। তবে যে রেস্তোরাঁয় কাজ করার কথা বলে সে বাড়ি ছেড়েছিল, সেখানে তার নামে কোনো নিয়োগের তথ্য পাওয়া যায়নি।

কিশোরদের নিয়োগের ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যম এখন অপরাধী চক্রগুলোর অন্যতম প্রধান হাতিয়ার হয়ে উঠেছে। ফ্রান্সের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, চালক, মাদক পরিবহনকারী এমনকি খুনি নিয়োগের বিজ্ঞাপন দিয়েও কিশোরদের আকৃষ্ট করা হচ্ছে। এসব বিজ্ঞাপনে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি আকর্ষণীয় ছবি ব্যবহার করা হয়। প্যারিস, নঁত ও লিলের মতো শহর থেকেও তরুণদের মার্সেইয়ে নিয়ে আসা হচ্ছে।

পুলিশের হিসাবে, ২০২৪ সাল থেকে ডিজেড মাফিয়ার সঙ্গে সংশ্লিষ্ট প্রায় এক হাজার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৬০০ জনকে কারাগারে পাঠানো হয়েছে। তবে গ্রেপ্তার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান সত্ত্বেও অপরাধী চক্রগুলোর বিস্তার নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে উঠছে।

ফ্রান্সের সংগঠিত অপরাধবিরোধী ইউনিটের প্রধান থিবো ফঁতেন বলেন, অপরাধের কোনো পূর্ব অভিজ্ঞতা নেই—এমন দুর্বল তরুণদের সহজেই প্রলোভনে ফেলে অপরাধের জগতে ঠেলে দিচ্ছে এসব চক্র।

কর্মকর্তারা মনে করছেন, মাদক ব্যবসার এই বিস্তার এখন শুধু আইনশৃঙ্খলার সমস্যা নয়, জাতীয় নিরাপত্তার জন্যও বড় হুমকি। এর প্রভাবে বাড়ছে সড়ক দুর্ঘটনা, পারিবারিক সহিংসতা, হতাশা, আত্মহত্যা এবং মাদকের অতিমাত্রাজনিত মৃত্যু। দেশটিতে প্রতিবছর মাদকের অতিমাত্রাজনিত কারণে ৭০০ জনের বেশি মানুষের মৃত্যু হচ্ছে।

সূত্রঃ বিবিসি

এমকে

আরো পড়ুন

নতুন আইন, নাগরিকত্বের শর্ত সহজ করল জার্মানি

নেতানিয়াহুকে গ্রেফতারের আহ্বান মার্কিন কংগ্রেস ওম্যানের

ইরানের আকাশে ১৬টি চীনা সামরিক বিমানের রহস্য নিয়ে তোলপাড়