বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে অভিবাসন পুরোপুরি বন্ধ করার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ এমপি ও রাজনৈতিক দল রিস্টোর ব্রিটেনের (Restore Britain) নেতা রুপার্ট লো। তার দল ক্ষমতায় গেলে বাংলাদেশকে বিশেষ ‘রেড লিস্টে’ অন্তর্ভুক্ত করে দেশটি থেকে বেসামরিক অভিবাসনের সব পথ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এর ফলে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে চাকরি, উচ্চশিক্ষা ও পরিবারের সদস্যদের নিয়ে যাওয়ার সুযোগ বড় ধরনের বাধার মুখে পড়তে পারে।
গত ৩ অক্টোবর ২০২৬ দলের সম্মেলনে দেওয়া বক্তব্যে রুপার্ট লো বাংলাদেশসহ কয়েকটি দেশের নাম উল্লেখ করে বলেন, এসব দেশ থেকে যুক্তরাজ্যে বেসামরিক অভিবাসন সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে।
তার তালিকায় রয়েছে বাংলাদেশ, পাকিস্তান, সোমালিয়া, ইরিত্রিয়া, আলবেনিয়া, আফগানিস্তান ও ইরান। বক্তব্যে তিনি বলেন, এসব দেশ এবং আরও কয়েকটি দেশ থেকে অভিবাসনের যুগ শেষ করা হবে। এটি তার দলের একটি সুস্পষ্ট রাজনৈতিক প্রতিশ্রুতি বলেও উল্লেখ করেন তিনি।
রিস্টোর ব্রিটেনের প্রকাশিত অভিবাসন নীতিতে ‘রেড লিস্ট’ কার্যক্রমের বিস্তারিত তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকদের জন্য নিরাপত্তা যাচাই আরও কঠোর করা হবে, ভিসার ধরন সীমিত করা হবে এবং যুক্তরাজ্যে প্রবেশের ক্ষেত্রে বাড়তি বাধা তৈরি করা হবে।
কোনো দেশের অপরাধের পরিসংখ্যান, যৌন অপরাধ, উগ্রবাদী তৎপরতা, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান, সামাজিক সংহতি এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রনীতির সঙ্গে বিরোধের মতো বিষয় পর্যালোচনা করে দেশগুলোকে তালিকাভুক্ত করার কথা বলা হয়েছে।
এ ছাড়া কোনো দেশ অবৈধ অভিবাসী ও অপরাধে জড়িত নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে সহযোগিতা না করলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তাব রয়েছে। এর মধ্যে ভিসা স্থগিত, রেমিট্যান্সের ওপর কর আরোপ, বৈদেশিক সহায়তা বন্ধ এবং কূটনৈতিক চাপ প্রয়োগের বিষয় অন্তর্ভুক্ত।
রুপার্ট লোর ঘোষিত অবস্থান বাস্তবায়িত হলে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থী পাঠানো, দক্ষ কর্মী নিয়োগ এবং পারিবারিক অভিবাসনের প্রচলিত পথগুলো বন্ধ বা কঠোরভাবে সীমিত হতে পারে।
বিশেষ করে স্কিলড ওয়ার্কার, হেলথ অ্যান্ড কেয়ার, স্টুডেন্ট এবং স্পাউস ভিসার মতো গুরুত্বপূর্ণ অভিবাসন পথ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে দলটি এখনো প্রতিটি ভিসা ক্যাটাগরির জন্য আলাদা চূড়ান্ত বিধিমালা প্রকাশ করেনি। ফলে কোন ভিসা সম্পূর্ণ বন্ধ হবে এবং কোন ক্ষেত্রে ব্যতিক্রম থাকবে, তা এখনো স্পষ্ট নয়।
রিস্টোর ব্রিটেনের নীতিতে রেড লিস্টের বাইরে থাকা দেশগুলোর নাগরিকদের জন্য প্রকৃত বৈবাহিক সম্পর্কের ভিত্তিতে স্পাউস ভিসা সহজ ও দ্রুত করার প্রস্তাব রয়েছে। কিন্তু বাংলাদেশ তালিকাভুক্ত হলে বাংলাদেশি নাগরিকদের জন্য এ সুবিধা প্রযোজ্য হওয়ার সম্ভাবনা থাকবে না।
শুধু বাংলাদেশকে রেড লিস্টে অন্তর্ভুক্ত করার অর্থ এই নয় যে বর্তমানে যুক্তরাজ্যে বসবাসরত সব বাংলাদেশিকে স্বয়ংক্রিয়ভাবে দেশ ছাড়তে হবে। তবে রিস্টোর ব্রিটেনের অভিবাসন নীতিতে বিদ্যমান বিদেশি নাগরিকদের সুযোগ-সুবিধা নিয়েও কঠোর অবস্থান নেওয়া হয়েছে।
দলটির প্রস্তাব অনুযায়ী, বিদেশি নাগরিকদের রাষ্ট্রীয় ভাতা বন্ধ করা এবং অনির্দিষ্টকালের স্থায়ী বসবাসের অনুমতি বা ইন্ডেফিনিট লিভ টু রিমেইনের (আইএলআর) সঙ্গে যুক্ত সুযোগ-সুবিধা বাতিল করা হবে। এমনকি বর্তমানে যাদের আইএলআর রয়েছে, তাদের ক্ষেত্রেও এসব পরিবর্তন কার্যকর করার কথা বলা হয়েছে।
এ ছাড়া সামাজিক আবাসনে বসবাস, সরকারি ভাতা গ্রহণ, কাজ করতে অস্বীকৃতি, ইংরেজি ভাষায় দক্ষতার অভাব, অপরাধে জড়িত থাকা কিংবা ব্রিটিশ সমাজের সঙ্গে একীভূত হতে ব্যর্থ হওয়ার মতো বিষয়কে বিদেশি নাগরিকদের বহিষ্কারের কারণ হিসেবে বিবেচনা করার প্রস্তাব দিয়েছে দলটি।
রিস্টোর ব্রিটেন শুধু নিয়মিত অভিবাসন বন্ধের কথা বলছে না, বর্তমান আশ্রয়ব্যবস্থাও পুরোপুরি বিলুপ্ত করার প্রস্তাব দিয়েছে। অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশকারীদের হোটেলের পরিবর্তে অস্থায়ী তাঁবুভিত্তিক আটককেন্দ্রে রাখার পরিকল্পনা রয়েছে। দেশ থেকে বহিষ্কার না করা পর্যন্ত তাদের আটক রাখার প্রস্তাবও দেওয়া হয়েছে।
এ ছাড়া অবৈধ অভিবাসীদের ব্যাপকভাবে বহিষ্কার এবং আফগানিস্তান থেকে জরুরি কর্মসূচির আওতায় যুক্তরাজ্যে আসা নাগরিকদের নিরাপদ তৃতীয় দেশে স্থানান্তরের পরিকল্পনার কথাও রয়েছে।
বাংলাদেশিদের নিয়ে রুপার্ট লোর কঠোর অবস্থান নতুন করে আলোচনায় এসেছে। ১৮ নভেম্বর বাংলাদেশি সংবাদমাধ্যম বিডিনিউজ২৪-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডনের রমফোর্ডে বাংলাদেশি রাজনৈতিক কর্মীদের সংঘর্ষের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বাংলাদেশিদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন তিনি। সেখানে বাংলাদেশিদের নিয়ে তার বক্তব্য ছিল, ‘তাদের নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। সবাইকে বহিষ্কার করো।’
ওই ঘটনার পর বাংলাদেশি কমিউনিটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিটিশ কর্তৃপক্ষকে তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।
রুপার্ট লো গ্রেট ইয়ারমাউথ আসনের নির্বাচিত এমপি। ২০২৬ সালে তিনি রিস্টোর ব্রিটেন দলের নেতৃত্বে আসেন। তবে তার দল বর্তমানে যুক্তরাজ্যের ক্ষমতাসীন সরকার নয়। ফলে তার বক্তব্যের ভিত্তিতে এখনই বাংলাদেশিদের ভিসা বন্ধ কিংবা বিদ্যমান অভিবাসন অধিকার বাতিল হচ্ছে না।
প্রস্তাবগুলো বাস্তবায়নের জন্য দলটিকে নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে হবে এবং প্রয়োজনীয় আইন ও নীতিমালায় পরিবর্তন আনতে হবে।
তবে ব্রিটিশ রাজনীতিতে অভিবাসনবিরোধী অবস্থান আরও কঠোর হওয়ার প্রেক্ষাপটে রুপার্ট লোর এই ঘোষণা যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি এবং ভবিষ্যতে দেশটিতে যাওয়ার পরিকল্পনা করা হাজার হাজার মানুষের মধ্যে উদ্বেগ তৈরি করতে পারে।
সূত্রঃ রিস্টোর ব্রিটেন
এমকে

