TV3 BANGLA
বাংলাদেশ

বাংলাদেশি নাবিকদের জন্য যুক্তরাজ্যের ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান

লন্ডনে যুক্তরাজ্যের পরিবহনমন্ত্রী হেইডি আলেকজান্ডার–এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম আন্তর্জাতিক জাহাজে কর্মরত বাংলাদেশি নাবিকদের জন্য ওসিটি-বি, যাত্রাবিরতি ও অন্যান্য নাবিকসংক্রান্ত ভিসা দ্রুত ও সহজ করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি বাংলাদেশের জাহাজ নির্মাণ, বন্দর উন্নয়ন, সামুদ্রিক প্রকৌশল ও নৌপরিবহন খাতে ব্রিটিশ বিনিয়োগ বৃদ্ধির প্রস্তাব উত্থাপন করেন।

বৈঠকে দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। বাংলাদেশের পক্ষ থেকে যৌথ উদ্যোগ, প্রযুক্তি হস্তান্তর, সরকারি-বেসরকারি অংশীদারত্ব এবং বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিষয় তুলে ধরা হয়। জাহাজ পুনর্ব্যবহার শিল্পে আন্তর্জাতিক মান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে মন্ত্রী জানান, দেশের ৪২টি পুনর্ব্যবহার ইয়ার্ডের মধ্যে ২৭টি ইতোমধ্যে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়েছে এবং বাকি ইয়ার্ডগুলোকেও পর্যায়ক্রমে উন্নীত করার কাজ চলছে।

বৈঠকে জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাসে বৈশ্বিক উদ্যোগের প্রতি বাংলাদেশের সমর্থনের কথাও উল্লেখ করা হয়। বৈঠক শেষে শেখ রবিউল আলম ব্রিটিশ পরিবহনমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। উভয় পক্ষ পরিবহন, বন্দর, রেলপথ, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করেন।

এম.কে

আরো পড়ুন

আসিফ নজরুলকে হেনস্তার ঘটনায় জেনেভার শ্রম কাউন্সেলরকে প্রত্যাহার

ফেব্রুয়ারিতেই ভোটের পক্ষে ৮৬.৫% মানুষ: জরিপ

ছাত্রলীগ তার অপকর্মের জন্য নিষিদ্ধ হয়েছেঃ সোহেল তাজ