21.4 C
London
September 30, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

বাংলাদেশি নির্দিষ্ট ওষুধ ও উপাদানে ১০০% শুল্ক ছাড় যুক্তরাষ্ট্রের

বাংলাদেশসহ ২০টি দেশ ও অঞ্চল থেকে আমদানি করা নির্দিষ্ট বিশেষায়িত ওষুধ ও সংশ্লিষ্ট উপাদানের ওপর শুল্ক আরোপ না করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন বাণিজ্য বিভাগের ঘোষণায় বাংলাদেশকে এই শুল্ক ছাড়ের আওতাভুক্ত করা হয়েছে। সিদ্ধান্তটি ২৯ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে।

তবে এই সুবিধা বাংলাদেশের সব ধরনের ওষুধ রপ্তানির ক্ষেত্রে প্রযোজ্য নয়। নির্দিষ্ট শ্রেণির বিশেষায়িত ওষুধ এবং এসব ওষুধের প্রয়োজনীয় উপাদানের ক্ষেত্রে শূন্য মূল্যানুপাতিক শুল্ক বা ‘জিরো অ্যাড ভ্যালোরেম ট্যারিফ’ সুবিধা দেওয়া হয়েছে।

শুল্ক ছাড়ের আওতায় থাকা পণ্যের মধ্যে রয়েছে দুর্লভ রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ বা ‘অরফান ড্রাগস’, পারমাণবিক ওষুধ, প্লাজমা-উৎপাদিত থেরাপি, প্রজনন ও বন্ধ্যাত্ব চিকিৎসার ওষুধ, সেল ও জিন থেরাপি এবং অ্যান্টিবডি-ড্রাগ কনজুগেটস। এছাড়া রাসায়নিক, জৈবিক, তেজস্ক্রিয় ও পারমাণবিক হুমকির ক্ষেত্রে ব্যবহৃত চিকিৎসা সামগ্রী এবং প্রাণিস্বাস্থ্য-সংক্রান্ত কিছু পণ্যও এই তালিকায় রয়েছে।

বাংলাদেশ ছাড়াও তালিকায় রয়েছে আর্জেন্টিনা, কম্বোডিয়া, ইকুয়েডর, এল সালভাদর, ইউরোপীয় ইউনিয়ন, গুয়াতেমালা, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, জর্ডান, মালয়েশিয়া, উত্তর মেসিডোনিয়া, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড ও লিচেনস্টাইন, তাইওয়ান, থাইল্যান্ড, যুক্তরাজ্য এবং ভিয়েতনাম।

মার্কিন বাণিজ্য বিভাগের নোটিশ অনুযায়ী, যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বর্তমান বা আসন্ন বাণিজ্য ও নিরাপত্তা কাঠামো-সংক্রান্ত চুক্তি রয়েছে, সেসব দেশের নির্দিষ্ট পণ্য এই শুল্ক সমন্বয়ের আওতায় আসতে পারে। জরুরি মার্কিন স্বাস্থ্যগত প্রয়োজন মেটায়—এমন কিছু পণ্যের ক্ষেত্রেও অনুমোদনের সুযোগ রাখা হয়েছে।

এদিকে সাধারণ বা জেনেরিক ওষুধ এবং সংশ্লিষ্ট উপাদান আগে থেকেই ‘সেকশন ২৩২’-এর ফার্মাসিউটিক্যাল শুল্কের আওতার বাইরে রয়েছে বলে মার্কিন বাণিজ্য বিভাগের নোটিশে উল্লেখ করা হয়েছে।

এই সিদ্ধান্তের পটভূমিতে রয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২ এপ্রিলের ঘোষণা। যুক্তরাষ্ট্রে ওষুধ উৎপাদন বাড়ানোর লক্ষ্যে পেটেন্টযুক্ত ওষুধ, বায়োলজিকস এবং সংশ্লিষ্ট উপাদান আমদানিতে শুল্ক আরোপের উদ্যোগ নেওয়া হয়েছিল। পরবর্তী মার্কিন বাণিজ্য বিভাগের নোটিশে নির্দিষ্ট কিছু বিশেষায়িত ওষুধ ও উপাদানকে শুল্ক ছাড়ের আওতায় আনা হয়েছে।

সূত্রঃ ইন্ডিয়ান এক্সপ্রেস

এমকে

আরো পড়ুন

সাবেক এমপি বদি চট্টগ্রামে আটক

আমি এ এনসিপির অংশ হচ্ছি নাঃ সাবেক উপদেষ্টা মাহফুজ

দিনের বেলায়ও ছিনতাইয়ের ঘটনা মেনে নেওয়া যায় নাঃ বাণিজ্যমন্ত্রী