TV3 BANGLA
বাংলাদেশ

বাংলাদেশে ২০ বছরের সাজা, তবু যুক্তরাজ্যে থাকার অধিকার পেলেন অভিবাসী

শেখ হাসিনার শাসনামলে দায়ের করা বিস্ফোরক মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত এক বাংলাদেশি অভিবাসী যুক্তরাজ্যে বহিষ্কার এড়াতে সক্ষম হয়েছেন। আপার ট্রাইব্যুনাল রায়ে উল্লেখ করেছে, দেশে ফেরত পাঠানো হলে তিনি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় কারাবন্দি হওয়ার বাস্তব ঝুঁকিতে পড়তে পারেন।

 

আদালতে এমএম নামে পরিচিত ওই ব্যক্তি দাবি করেন, তিনি ইসলামী ছাত্রশিবিরের একজন রাজনৈতিক নেতা ছিলেন এবং বিরোধী রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার কারণেই তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়। তার ভাষ্য অনুযায়ী, ২০১৫ সালে তিনি সাইপ্রাসে অবস্থানকালে আওয়ামী লীগ সরকার তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করে।

তিনি আদালতের যে নথিপত্র উপস্থাপন করেন, তা যাচাই করে প্রকৃত বলে নিশ্চিত করা হয়। সেখানে দেখা যায়, অনুপস্থিতিতেই তাকে দোষী সাব্যস্ত করে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে আরও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

হোম অফিস স্বীকার করে যে অভিযোগগুলো সন্দেহজনক এবং সম্ভবত রাজনৈতিকভাবে প্রভাবিত। তবে তাদের যুক্তি ছিল, ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা ও আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তিত হয়েছে, ফলে তার দেশে ফেরায় আর ঝুঁকি নেই।

কিন্তু আপার ট্রাইব্যুনালের বিচারক ম্যাডেলিন রিডস বলেন, আওয়ামী লীগ পুরোপুরি রাষ্ট্রীয় কাঠামো থেকে অপসারিত হয়নি এবং প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীতে তাদের প্রভাব রয়ে গেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ রয়েছে। তিনি বলেন, মামলার নথিপত্র যেহেতু প্রকৃত এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে বিবেচিত, সেগুলোই আপিলের পক্ষে নির্ধারক ভূমিকা পালন করেছে। তার মতে, দেশে ফিরলে এমএম আটক হওয়ার যুক্তিসঙ্গত সম্ভাবনা রয়েছে এবং দীর্ঘ সাজা বহাল থাকায় জামিন পাওয়ার নিশ্চয়তাও নেই।

মামলায় আরও সাতজন—আহসান হাবিব, মোস্তফা কামাল, মেহেদী হাসান, রাবিউল ইসলাম, মনোয়ার হোসেন, জামিরুল ইসলাম ও মঈনুল ইসলাম—একই অভিযোগে একই দণ্ড পেয়েছেন বলেও আদালতে উল্লেখ করা হয়।

ফলে ট্রাইব্যুনাল এমএমের আপিল মঞ্জুর করে। এর মাধ্যমে তিনি যুক্তরাজ্যে অবস্থান করার অধিকার বজায় রাখতে সক্ষম হন। রায়টি রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের মামলায় দেশের পরিবর্তিত পরিস্থিতি কীভাবে মূল্যায়িত হবে, সে বিষয়ে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

সূত্রঃ টাইমস অব ইন্ডিয়া

এম.কে

আরো পড়ুন

ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিলেটে একটি হাসপাতাল উদ্বোধন করলেন ড. ইউনুস

পরিবারের কথা ভেবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ

দিল্লিসহ ৫ মিশনের দূতকে ‘অনতিবিলম্বে’ ঢাকায় ফেরানো হচ্ছে