18.2 C
London
September 20, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

বাড়ির সামনে থেকে ব্রিটিশ নারী অপহরণঃ পুলিশের গুলিতে ৪ সন্দেহভাজন নিহত

মালাউইয়ের ব্ল্যান্টায়ার শহরে নিজ বাড়ির সামনে থেকে অপহৃত ব্রিটিশ নারী নুসরাত ওসমানকে এক সপ্তাহ পর উদ্ধার করেছে পুলিশ। তাকে উদ্ধারের সময় অপহরণকারীদের সঙ্গে পুলিশের গুলিবিনিময়ে চার সন্দেহভাজন নিহত হয়েছে।
৪৭ বছর বয়সী নুসরাত ওসমান একজন অডিটর এবং দুই সন্তানের মা। ১১ সেপ্টেম্বর দুপুরে বাড়ির বাইরে থেকে তাকে তুলে নিয়ে যায় সশস্ত্র একটি দল। এরপর পাঁচ দিন ধরে তার পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। অপহরণকারীদের পক্ষ থেকেও কোনো মুক্তিপণ দাবি করা হয়নি।
নুসরাতকে খুঁজে বের করতে মালাউই পুলিশ ৩০ মিলিয়ন কোয়াচা পুরস্কার ঘোষণা করেছিল। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, অভিযানের সময় সন্দেহভাজন অপহরণকারীরা এ কে-৪৭ রাইফেল ও একটি গিরসান রেগার্ড এমসি পিস্তল নিয়ে পুলিশের ওপর গুলি চালায়। পাল্টা গুলিতে চারজন আহত হয় এবং পরে হাসপাতালে তাদের মৃত্যু হয়।
অভিযানে পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ম্লাওকা নোয়েল কাইরাও গুলিবিদ্ধ হন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন এবং তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে পুলিশ।
উদ্ধারের পর নুসরাত নিরাপদে রয়েছেন বলে তার পরিবার জানিয়েছে। তার ভাই শোবি জিওয়া মালাউই পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং বিশেষ করে আহত কর্মকর্তা কাইরার জীবনঝুঁকি নিয়ে অভিযানে অংশগ্রহণের প্রশংসা করেছেন।
লেস্টারের বাসিন্দা নুসরাত কয়েক বছর ধরে স্বামী ও সন্তানদের সঙ্গে মালাউইতে বসবাস করছেন। তিনি দেশটির একটি স্থানীয় অডিট প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
অপহরণের কারণ এখনো স্পষ্ট নয়। পুলিশও জানায়নি, পুরস্কার ঘোষণার পর পাওয়া কোনো তথ্যের ভিত্তিতে নুসরাতকে উদ্ধার করা সম্ভব হয়েছিল কি না। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।
মালাউইতে অপহরণের ঘটনা তুলনামূলকভাবে বিরল হলেও সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে সশস্ত্র চুরি ও অন্যান্য অপরাধের ঘটনা বেড়েছে। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ২০২৪ সালের এক প্রতিবেদনে বলা হয়েছিল, মালাউইতে অপহরণ ব্যাপক উদ্বেগের বিষয় নয় এবং সাম্প্রতিক সময়ে পশ্চিমা নাগরিকদের জড়িত কোনো উচ্চপ্রোফাইল অপহরণের ঘটনা ঘটেনি।
ঘটনাটি নিয়ে মালাউই পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। নুসরাতের অপহরণের পেছনে কারা ছিল এবং এর উদ্দেশ্য কী ছিল, সে বিষয়ে পরবর্তী তদন্তে আরও তথ্য পাওয়া যেতে পারে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
সূত্রঃ দ্য গার্ডিয়ান
এমকে

আরো পড়ুন

এইচ-ওয়ানবি ভিসায় ভারতীয়দের জালিয়াতির পাহাড় ফাঁস করলেন মার্কিন কূটনীতিক

ট্যাক্স কমানোর পরিকল্পনা করছেন যুক্তরাজ্যের চ্যান্সেলর

গ্রিন ভোটারদের এলাকায় অভিবাসী আটককেন্দ্রঃ নির্বাচনের আগে নতুন বিতর্কে ব্রিটিশ রাজনীতি