20.3 C
London
October 2, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

বিমানবন্দরে বিশৃঙ্খলার অভিযোগে মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

বিমানবন্দরে সরকারি কাজে বাধা, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

চ্যানেল আই অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (২ অক্টোবর) বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলাটি দায়ের করেন। মামলাটির নম্বর ০৬।

মামলার এজাহার অনুযায়ী, ১ অক্টোবর মদিনা থেকে আসা একটি ফ্লাইটের যাত্রীদের লাগেজ পেতে বিলম্ব হওয়ায় বিমানবন্দরে যাত্রীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে গেলে মেজর (অব.) আখতারুজ্জামান তার সঙ্গে দুর্ব্যবহার করেন এবং তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার পাশাপাশি মারধরের হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, ওই সময় বিমানমন্ত্রীকে নিয়েও অশালীন মন্তব্য করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

অন্যদিকে, অভিযুক্তের সঙ্গে থাকা ব্যক্তিরা বিমানবন্দরের সংরক্ষিত এলাকা বা কেপিআই এলাকায় ভিডিও ধারণ শুরু করলে নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন তাদের বাধা দেন। এতে ক্ষুব্ধ হয়ে মেজর (অব.) আখতারুজ্জামান ওই নিরাপত্তা কর্মকর্তাকে গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া সাধারণ যাত্রীদের জমজমের পানির বোতল ছুড়ে ফেলা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক প্রতিনিধির সঙ্গে মারমুখী আচরণের অভিযোগও আনা হয়েছে।

এসব অভিযোগের ভিত্তিতে দণ্ডবিধির ১৮৬, ১৮৯, ২৯৪, ৩২৩, ৩৫২, ৩৫৩, ৫০৪ ও ৫০৬ ধারায় মামলা করা হয়েছে বলে চ্যানেল আই অনলাইন জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। তদন্তে সিসিটিভি ফুটেজ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষ্য-প্রমাণ বিবেচনা করা হচ্ছে।

মামলায় আনা অভিযোগগুলোর সত্যতা তদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে।

সূত্রঃ চ্যানেল আই

এমকে

আরো পড়ুন

বিএনপির সঙ্গে ঐক্য করতে রাজি আওয়ামী লীগঃ হাছান মাহমুদ

ইউনিয়নের নামকরণ বিতর্কে চাপে শাহে আলমঃ অস্বস্তিতে বিএনপির মন্ত্রী-এমপিরা

নিউজ ডেস্ক

হাদির হত্যাকারীদের বিচারের আওতায় আনার আহ্বান জাতিসংঘের মানবাধিকার প্রধানের