TV3 BANGLA
আন্তর্জাতিক

বিশ্বের সবচেয়ে অপছন্দের দেশ ইসরায়েল, তালিকায় আরও যারা

বিশ্বের মানুষের কাছে সবচেয়ে অপছন্দের দেশের তালিকায় শীর্ষে উঠে এসেছে ইসরায়েল। গবেষণা প্রতিষ্ঠান নিরা ডাটার ‘গ্লোবাল কান্ট্রি পারসেপশন ২০২৬’ শীর্ষক একটি নতুন বৈশ্বিক জরিপে এমন তথ্য উঠে এসেছে। বিশ্বের ১২৯টি দেশ ও তিনটি আন্তর্জাতিক সংস্থার ওপর পরিচালিত এই জরিপে ৪৬ হাজার ৬৬৭ জন মানুষ অংশ নেন।

জরিপ অনুযায়ী, বিশ্বের সবচেয়ে অপছন্দের দেশের তালিকায় ইসরায়েলের পরেই অবস্থান করছে উত্তর কোরিয়া, আফগানিস্তান ও ইরান। প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় চলমান সামরিক অভিযান, ফিলিস্তিনিদের ব্যাপক বাস্তুচ্যুতি, চরম খাদ্যসংকট এবং পশ্চিম তীরে ক্রমবর্ধমান সহিংসতার কারণে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের ভাবমূর্তি ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে ঠেকেছে।

গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া অভিযানে এ পর্যন্ত ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং প্রায় পুরো জনগোষ্ঠী বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘের বিশেষজ্ঞ ও গবেষকেরা গাজার এই পরিস্থিতিকে ‘গণহত্যাসদৃশ’ বলে বর্ণনা করেছেন।

জরিপে আরও দেখা যায়, সবচেয়ে অপছন্দের শীর্ষ পাঁচটি দেশের তালিকায় এখন ঠাঁই পেয়েছে যুক্তরাষ্ট্রও। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের প্রতি মানুষের ইতিবাচক ধারণা ছিল ২২ শতাংশ, যা ২০২৬ সালে কমে ঋণাত্মক ১৬ শতাংশে দাঁড়িয়েছে।

প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতি, ন্যাটো মিত্রদের সঙ্গে টানাপোড়েন, ইউক্রেনে সহায়তা কমিয়ে দেওয়া এবং ইসরায়েল-ইরান ইস্যুতে ওয়াশিংটনের বিতর্কিত ভূমিকার কারণে দেশটির ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

অন্যদিকে, মানুষের কাছে সবচেয়ে ইতিবাচক ভাবমূর্তি বজায় রেখেছে সুইজারল্যান্ড, কানাডা, জাপান, সুইডেন ও ইতালি।

নিরা ডাটার পাশাপাশি ‘ডেমোক্রেসি পারসেপশন ইনডেক্স ২০২৬’ নামে আরেকটি জরিপে ৯৮টি দেশের ৯৪ হাজার ১৪৬ জন মানুষের মতামত নেওয়া হয়েছে। সেখানে নির্বাচন, মতপ্রকাশের স্বাধীনতা, আইনের শাসন ও সরকারের স্বচ্ছতার মতো বিষয়গুলোতে মানুষের অভিজ্ঞতা মূল্যায়ন করা হয়েছে।

সূত্রঃ গ্লোবাল কান্ট্রি পারসেপশন রিপোর্ট

এম.কে

আরো পড়ুন

বিদেশীদের উপর হামলা, কিরগিস্তানে আতঙ্কে বাংলাদেশী শিক্ষার্থীরা

হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের

ইংলিশ চ্যানেল কেন্দ্রিক অভিবাসন ঠেকাতে আবারো তৎপর ব্রিটেন এবং ফ্রান্স