TV3 BANGLA
আন্তর্জাতিক

বিহারে নারীকে রক্ত দিতে গিয়ে প্রাণ গেল মুসলিম যুবকেরঃ পিটিয়ে হত্যার অভিযোগ

ভারতের বিহার রাজ্যে অসুস্থ এক নারীকে রক্ত দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৪৫ বছর বয়সী মুসলিম ব্যক্তি সিকান্দার খান। রোগীর চিকিৎসা ও রক্তের ব্যবস্থা নিয়ে বিরোধের জেরে একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক ও কর্মীদের বিরুদ্ধে তাকে আটকে রেখে লাঠি, হকি স্টিক ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। কয়েক দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে গত ১৪ নভেম্বর পাটনার মেদান্তা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

ভারতীয় সংবাদমাধ্যম দ্য লেন্স ও দ্য অবজারভার পোস্ট-এর প্রতিবেদন অনুযায়ী, সিকান্দার খানের বাড়ি বিহারের ঔরঙ্গাবাদ জেলার রফিগঞ্জ থানার চরকুপ্পা গ্রামে। গত ১০ নভেম্বর রাতে তিনি রফিগঞ্জের নোনিয়া টিলহা এলাকায় অবস্থিত কেপি মেমোরিয়াল হাসপাতালে যান। সেখানে চিকিৎসাধীন এক পরিচিত নারীকে রক্ত দেওয়ার উদ্দেশ্যে তিনি হাসপাতালে উপস্থিত হয়েছিলেন বলে স্থানীয় সূত্রের বরাতে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। ওই নারী দলিত সম্প্রদায়ের বলে কয়েকটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, নারীর চিকিৎসা এবং তাকে অন্য হাসপাতালে স্থানান্তরের বিষয় নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সিকান্দারের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বিরোধ শারীরিক সংঘর্ষে রূপ নেয়। হাসপাতালের মালিক চিকিৎসক রঞ্জিত যাদব এবং তার সহযোগীদের বিরুদ্ধে সিকান্দারকে একটি কক্ষে আটকে রেখে লাঠি ও লোহার রড দিয়ে মারধরের অভিযোগ উঠেছে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।

পরিস্থিতির অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য পাটনায় পাঠানো হয়। সেখানে মেদান্তা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৪ নভেম্বর তিনি মারা যান।

ঘটনার পর পুলিশি তদন্তে হাসপাতালের চিকিৎসক রঞ্জিত যাদব এবং কম্পাউন্ডার সৌরভ কুমারকে আটক করার খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য লেন্স। সিকান্দার খানের পরিবারের অভিযোগের ভিত্তিতে রফিগঞ্জ থানায় ৪৪০/২৬ নম্বর মামলা দায়েরের কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় হাসপাতালটির বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে। ঔরঙ্গাবাদের সিভিল সার্জন কৃষ্ণ কুমার জানিয়েছেন, সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতালটি স্বাস্থ্য বিভাগের কাছে নিবন্ধিত ছিল না বলে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে।

সিকান্দার খানের মৃত্যুর আগেই ১২ নভেম্বর তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে রফিগঞ্জে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। ক্ষুব্ধ জনতা হাসপাতালটিতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। হাসপাতালের সামনে থাকা একটি অ্যাম্বুলেন্সেও আগুন ধরিয়ে দেওয়া হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধ জনতার পাথর নিক্ষেপে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। রফিগঞ্জ-গয়া প্রধান সড়কও প্রায় পাঁচ ঘণ্টা অবরোধ করে রাখা হয়। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ঘটনার পর রফিগঞ্জ থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার কথাও স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।

স্থানীয় সাংবাদিক সীমাবের এক ভিডিও বক্তব্যে অভিযোগ করা হয়েছে, সিকান্দারকে মারধরের সময় আশপাশে পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও তারা কার্যকর ব্যবস্থা নেননি। অভিযুক্ত চিকিৎসকের সঙ্গে বিহারের বিরোধী দলীয় নেতা তেজস্বী যাদবের কথিত রাজনৈতিক যোগাযোগ নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন।

সিকান্দার খানের মৃত্যুতে স্থানীয় এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তার পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং হামলায় জড়িত প্রত্যেক ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

সূত্রঃ দ্য লেন্স\ দ্য অবজারভার পোস্ট\ টাইমস অব ইন্ডিয়া

এমকে

আরো পড়ুন

নিজ্জার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে চার ভারতীয়কে গ্রেপ্তার করল কানাডা

নিউজ ডেস্ক

দুই-রাষ্ট্র সমাধান রক্ষায় বিশ্বনেতাদের ঐক্য, বাড়ছে ফিলিস্তিন স্বীকৃতি

নাগরিকদের কাছ থেকে দূর্নীতিবাজদের তথ্য চাচ্ছে সৌদিআরব