19.2 C
London
October 1, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

ব্যাটারিসহ ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে বড় প্রণোদনাঃ উদ্বৃত্ত বিদ্যুৎ গ্রিডে দিলে মিলবে ইউনিটপ্রতি ১০ টাকা ৫০ পয়সা

ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনে বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে। মঙ্গলবার মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের উৎপাদন ব্যয় প্রতি ইউনিট সর্বোচ্চ ৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে বিশেষ প্রণোদনা হিসেবে ২০ শতাংশ মুনাফা এবং ১১ দশমিক ২৫ শতাংশ প্রিমিয়াম যুক্ত করে জাতীয় গ্রিডে সরবরাহ করা উদ্বৃত্ত বিদ্যুতের মূল্য প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

কোনো গ্রাহক নির্ধারিত সর্বোচ্চ ব্যয়ের চেয়ে কম খরচে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে পারলে সাশ্রয় হওয়া অর্থ তার লভ্যাংশ হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ কম খরচে ব্যবস্থা স্থাপন করতে পারলে গ্রাহক সরাসরি আর্থিকভাবে লাভবান হবেন।

সরকারের এই বিশেষ প্রণোদনা পাওয়ার জন্য নির্ধারিত সময়সীমাও রয়েছে। যেসব গ্রাহক ২৮ ফেব্রুয়ারি ২০২৭-এর মধ্যে ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করবেন এবং নিজেদের ব্যবহারের পর উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করবেন, তারা এই সুবিধার আওতায় আসবেন।

এ ক্ষেত্রে গ্রাহকদের জাতীয় গ্রিডে সরবরাহ করা উদ্বৃত্ত বিদ্যুতের জন্য পরবর্তী তিন বছর, অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি ২০৩০ পর্যন্ত প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা হারে অর্থ দেওয়া হবে। প্রণোদনার অর্থ গ্রাহকদের ব্যাংক অথবা মোবাইল ব্যাংকিং হিসাবে প্রদান করা হবে।

তবে ২৮ ফেব্রুয়ারি ২০২৭-এর পর স্থাপিত সৌরবিদ্যুৎ ব্যবস্থার ক্ষেত্রে এই বিশেষ প্রণোদনা প্রযোজ্য হবে না বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রণোদনার আওতায় স্থাপিত সৌরবিদ্যুৎ ব্যবস্থার যন্ত্রপাতির মান নিয়েও নির্দিষ্ট শর্ত রাখা হয়েছে। সৌর প্যানেল, ব্যাটারি, ইনভার্টার, মিটারসহ সংশ্লিষ্ট সব যন্ত্রপাতি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন এবং টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ নির্ধারিত কারিগরি মানদণ্ড অনুযায়ী হতে হবে।

সরকারের এ উদ্যোগের ফলে বিদ্যুতের নিজস্ব চাহিদা মেটানোর পাশাপাশি অতিরিক্ত সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের সুযোগ বাড়বে। একই সঙ্গে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থায় বিনিয়োগে গ্রাহকদের উৎসাহিত করা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর সুযোগ তৈরি হবে।

সূত্রঃ বিদ্যুৎ বিভাগ\ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তি ও প্রজ্ঞাপন

এম.কে

আরো পড়ুন

দূতাবাসে ২০,০০০ পাসপোর্ট, বাংলাদেশীদের ধৈর্য ধরতে বললেন ইতালির রাষ্ট্রদূত

লন্ডন বিমানবন্দরে ফ্লাইট মিস করে বিমানের পিছু নিলেন বাংলাদেশি নারীঃ কাচে আঘাত করে ফেরানোর চেষ্টা

নিউজ ডেস্ক

হজ-ওমরাহ সহজ করতে ঢাকায় নুসুক প্ল্যাটফর্ম চালু করছে সৌদি