28.5 C
London
July 15, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

‘ব্রয়লার চিকেন পার্টি’র আত্মপ্রকাশঃ ভাইরাল অডিও ঘিরে শিক্ষার্থীদের ব্যঙ্গাত্মক প্রতিবাদ

এইচএসসি পরীক্ষা স্থগিত না করার দাবিতে চলমান শিক্ষার্থী আন্দোলনের মধ্যে শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বা ‘ব্রয়লার মুরগি’র সঙ্গে তুলনা করা একটি ভাইরাল অডিওকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গাত্মকভাবে আত্মপ্রকাশ করেছে ‘ব্রয়লার চিকেন পার্টি’ নামে একটি নতুন প্ল্যাটফর্ম।

মঙ্গলবার ফেসবুকে ‘Broiler Chicken Party’ নামে পেজটি চালু করেন নিজেদের ‘জেন-জি’ বা নতুন প্রজন্মের শিক্ষার্থী পরিচয় দেওয়া কয়েকজন তরুণ। ‘আমরা অপমানিত নই, আমরা জাগ্রত’—এই স্লোগানকে সামনে রেখে চালু হওয়া পেজটি অল্প সময়ের মধ্যেই ব্যাপক সাড়া ফেলে। মঙ্গলবার বিকেল ৬টা পর্যন্ত পেজটিতে প্রায় ১ হাজার ৭০০ জন অনুসারী যুক্ত হন।

সাম্প্রতিক কয়েক দিনের টানা ভারী বৃষ্টিপাত ও দেশের বিভিন্ন এলাকায় সৃষ্ট জলাবদ্ধতার কারণে এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি জানিয়ে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, প্রতিকূল পরিস্থিতিতে পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনেক পরীক্ষার্থী চরম ভোগান্তির মুখে পড়েছেন।

এই প্রেক্ষাপটে শিক্ষার্থীদের নিয়ে কটাক্ষ করা একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই অডিওতে শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বা ‘ব্রয়লার মুরগি’র সঙ্গে তুলনা করা হয়েছে বলে দাবি করে ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। যদিও অডিওটির সত্যতা এবং এর বক্তা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনার প্রতিবাদ এবং ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া হিসেবেই ‘ব্রয়লার চিকেন পার্টি’ নামে ফেসবুক পেজটি খোলা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

পেজটিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনকে ঘিরে বিভিন্ন ব্যঙ্গচিত্র, মিম, ভিডিও, পোস্টার ও ভিডিও বার্তা প্রকাশ করা হচ্ছে। পাশাপাশি ভাইরাল অডিওর ভাষা ও বক্তব্যের সমালোচনা করে বিভিন্ন ধরনের ব্যঙ্গাত্মক কনটেন্টও প্রকাশ করা হচ্ছে।

শিক্ষার্থীদের দাবি, তাদের যৌক্তিক আন্দোলনকে খাটো করে দেখানোর চেষ্টা না করে বন্যা ও জলাবদ্ধতার বাস্তবতা বিবেচনায় নিয়ে পরীক্ষা-সংক্রান্ত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত।

অন্যদিকে, বিষয়টি নিয়ে এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে ‘ব্রয়লার চিকেন পার্টি’ বা ভাইরাল অডিও সম্পর্কে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়েছে। অনেকেই এটিকে শিক্ষার্থীদের সৃজনশীল ও ব্যঙ্গাত্মক প্রতিবাদের নতুন রূপ হিসেবে দেখছেন, আবার কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক ও সামাজিক ব্যঙ্গচর্চার নতুন উদাহরণ বলেও মন্তব্য করছেন।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

বঙ্গবন্ধু ও শেখ হাসিনা কোনো মতে এক কথা নয়ঃ কাদের সিদ্দিকী

ফাঁকা আরও ৩৬ আসনে প্রার্থী ঘোষণা বিএনপির

যে উপায়ে লেবাননে বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা