9.2 C
London
October 21, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটিশ এয়ারওয়েজে ২০০ পদে নিয়োগঃ বেতন ৩৩ হাজার পাউন্ড পর্যন্ত

ব্রিটেনের অন্যতম বৃহৎ বিমান সংস্থা ব্রিটিশ এয়ারওয়েজে শিক্ষানবিশ, স্নাতক, ইন্টার্নশিপ ও প্লেসমেন্ট কর্মসূচিতে প্রায় ২০০ জন নিয়োগের জন্য আবেদন শুরু হয়েছে। ২০২৭ সালের এসব কর্মসূচিতে স্কুলের পড়াশোনা শেষ করা তরুণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, স্নাতক এবং পেশা পরিবর্তনে আগ্রহীরা আবেদন করতে পারবেন। কিছু পদে বার্ষিক বেতন ৩৩ হাজার পাউন্ড পর্যন্ত।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বিমান সংস্থাটির ২০২৭ সালের এমার্জিং ট্যালেন্ট কর্মসূচির আওতায় প্রকৌশল, বিমান রক্ষণাবেক্ষণ, ব্যবসা পরিচালনা ও ডেটা সায়েন্সসহ বিভিন্ন ক্ষেত্রে কাজের সুযোগ তৈরি করা হয়েছে।

ব্রিটিশ এয়ারওয়েজের পরিকল্পনা অনুযায়ী, ১৫০ জন শিক্ষানবিশ এবং ৪৫ জন স্নাতক, প্লেসমেন্ট শিক্ষার্থী ও ইন্টার্ন নিয়োগ দেওয়া হবে। সব মিলিয়ে প্রায় ২০০ জনের জন্য সুযোগ থাকছে। নির্বাচিত প্রার্থীদের ২০২৭ সালের সেপ্টেম্বরে কাজে যোগ দেওয়ার কথা।

চাকরিগুলো লন্ডনের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দর, কার্ডিফ এবং গ্লাসগোভিত্তিক। এর মধ্যে বিমান রক্ষণাবেক্ষণ, নতুন বিমানের কেবিন নকশা, বিমান সরবরাহের পর নিরাপত্তা পরীক্ষা এবং রক্ষণাবেক্ষণের সময়সূচি তৈরির মতো কাজ রয়েছে।

হিথ্রোভিত্তিক দুই বছরের ‘ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল’ কর্মসূচিতে নির্বাচিতরা বিমানের নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করার কাজে অভিজ্ঞতা অর্জন করবেন। নতুন বিমানের কেবিন নকশা এবং সরবরাহের পর বিমান পরিদর্শনেও যুক্ত হওয়ার সুযোগ থাকবে। এ পদের বার্ষিক বেতন ৩৩ হাজার পাউন্ড। আবেদনকারীদের মেকানিক্যাল বা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং-সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ২:২ শ্রেণির ডিগ্রি অথবা সমমানের যোগ্যতা প্রয়োজন।

এ ছাড়া ‘ইঞ্জিনিয়ারিং বিজনেস’ কর্মসূচিতে বিমানের রক্ষণাবেক্ষণের সময়সূচি, ব্যয়, কাজের দক্ষতা এবং রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা নিয়ে কাজ করতে হবে। এ পদের জন্য যেকোনো বিষয়ে কমপক্ষে ২:২ শ্রেণির ডিগ্রি অর্জনকারী অথবা এমন ডিগ্রি অর্জনের প্রত্যাশী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এখানেও বার্ষিক বেতন ৩৩ হাজার পাউন্ড।

বিশ্ববিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য হিথ্রোতে ১০ সপ্তাহের সামার ইন্টার্নশিপ রয়েছে। যেকোনো বিষয়ে পড়াশোনা করা শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন, তবে প্রত্যাশিত ডিগ্রি কমপক্ষে ২:২ শ্রেণির হতে হবে। এ কর্মসূচিতে বছরে ২৬ হাজার পাউন্ড বেতনের হিসাবে কাজের সময় অনুযায়ী আনুপাতিক পারিশ্রমিক দেওয়া হবে।

অন্যদিকে, হিথ্রোতে ১১ মাসের বিজনেস প্লেসমেন্টে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিমান সংস্থার বিভিন্ন ব্যবসায়িক বিভাগে কাজের অভিজ্ঞতা পাবেন। এ কর্মসূচির বেতন বছরে ২৬ হাজার পাউন্ডের হিসাবে আনুপাতিক হারে দেওয়া হবে। ওয়েলসে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য কার্ডিফে ১১ মাসের ইঞ্জিনিয়ারিং বিজনেস প্লেসমেন্টও রয়েছে, যেখানে একই হিসাবে বার্ষিক ২৩ হাজার ৮৭৫ পাউন্ড বেতন নির্ধারিত।

বিশ্ববিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা ‘ডিসকভার বিএ’ কর্মসূচিতেও অংশ নিতে পারবেন। এক থেকে তিন দিনের এ কর্মসূচিতে ব্রিটিশ এয়ারওয়েজের বিভিন্ন দলের সঙ্গে পরিচিত হওয়া, কাজ সম্পর্কে জানার এবং পেশাগত যোগাযোগ তৈরির সুযোগ রয়েছে। তবে এটি অবৈতনিক এবং লন্ডনের হিথ্রোভিত্তিক।

আবেদনের সময়সীমা অনুযায়ী, স্নাতক কর্মসূচি, প্লেসমেন্ট ও ইন্টার্নশিপের আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৪ নভেম্বর ২০২৬। শিক্ষানবিশ পদের জন্য আবেদন করা যাবে ১৯ নভেম্বর পর্যন্ত।

আগ্রহীদের প্রথমে ব্রিটিশ এয়ারওয়েজের অনলাইন ‘ডিসকভার অ্যান্ড প্রেপ’ প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলে নির্ধারিত কার্যক্রম সম্পন্ন করতে হবে। এরপর আবেদন জমা দেওয়ার সুযোগ পাওয়া যাবে। নিয়োগপ্রক্রিয়ায় অনলাইন মূল্যায়ন, ভিডিও সাক্ষাৎকার এবং চূড়ান্ত পর্যায়ে অ্যাসেসমেন্ট সেন্টারে সাক্ষাৎকার ও কাজ-সম্পর্কিত পরীক্ষায় অংশ নিতে হতে পারে।

আবেদন ও যোগ্যতার বিস্তারিত জানতে ব্রিটিশ এয়ারওয়েজের অফিশিয়াল এমার্জিং ট্যালেন্ট ক্যারিয়ারস ওয়েবসাইট দেখতে হবে।

ব্রিটিশ এয়ারওয়েজের গ্রাহক ও জনবলবিষয়ক প্রধান কর্মকর্তা লিসা ট্রেম্বল বলেন, বিমান পরিবহন খাতে প্রকৌশল, প্রযুক্তি, ব্যবসা ও পরিচালনাসহ বিভিন্ন ক্ষেত্রে কাজের সুযোগ রয়েছে। নতুন কর্মসূচিগুলোর মাধ্যমে আগ্রহীরা দক্ষতা বাড়ানোর পাশাপাশি অভিজ্ঞ সহকর্মীদের কাছ থেকে শেখার সুযোগ পাবেন।

সূত্রঃ দ্য সান\ ব্রিটিশ এয়ারওয়েজের অফিসিয়াল ক্যারিয়ারস ওয়েবসাইট

এমকে

আরো পড়ুন

যুক্তরাজ্যে বিবি স্টকহোম বার্জের পানি ব্যবস্থাপনায় কেলেঙ্কারি

যুক্তরাজ্যে সবচেয়ে সস্তা খুচরা বিক্রেতা অ্যামাজন ফ্রেশঃ পেছনে ফেলেছে টেসকো-আলদিকে

যুক্তরাজ্যের বর্ডার সম্পূর্ণ ডিজিটাল করা হচ্ছে: স্বরাষ্ট্র সচিব

নিউজ ডেস্ক